
দুই বছর বয়সে টাইফয়েডে আক্রান্ত হয়ে হাঁটাচলার ক্ষমতা হারানোর পর থেকেই বেঁচে থাকার লড়াই শুরু হয়েছিল চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামের বাসিন্দা খালেদা বেগমের (৩৫)। জীবনে বহু ঝড়ঝঞ্ঝা পেরিয়ে তবু উঠে দাঁড়িয়েছেন তিনি। সেলাই করে ও হাঁস-মুরগির খামার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাবলম্বী হয়েছেন। এখানেই থেমে থাকেননি। দুস্থ নারীদের প্রশিক্ষণও দিচ্ছেন অদম্য এই নারী।
শিলাইগড়া গ্রামের খালেদার সাফল্যের গল্প এখন সবার মুখে। তিনি যা করে দেখিয়েছেন, গ্রামবাসীর চোখে সেটা বিস্ময়কর। সম্প্রতি খালেদার মুখ থেকে শোনা গেল সেই গল্প। তিনি বলেন, দুই বছর বয়সে টাইফয়েড জ্বরে কোমরের নিচ থেকে পা পর্যন্ত অবশ হয়ে গিয়েছিল তাঁর। সে অবস্থায় মায়ের সাহায্য নিয়ে বিদ্যালয়ে যেতেন। পঞ্চম শ্রেণি পর্যন্ত লেখাপড়া চালিয়ে গেছেন। তবে পঞ্চম শ্রেণিতে পড়ার সময় মাত্র ১৩ বছর বয়সে বিয়ে হয়ে যায় তাঁর। প্রথম সন্তান জন্মের মাত্র পাঁচ দিনের মাথায় মারা যায়। এ ঘটনার পর স্বামীও তাঁকে ছেড়ে যান। বছর পাঁচেক পর স্বামী আবারও ফিরে আসেন। এরপর দ্বিতীয় সন্তানের জন্মের পর আবারও স্বামী তাঁকে ছেড়ে যান। ছেলে নেছারুলকে নিয়ে শুরু হয় তাঁর বেঁচে থাকার লড়াই। একসময় হতাশায় মুষড়ে পড়েছিলেন। তবে পিছু হটেননি। সেলাইয়ের প্রশিক্ষণ নিয়ে নেমে পড়েন আয়–রোজগারে। সেলাইয়ের পাশাপাশি হাঁস-মুরগি পালনও শুরু করেন। ধীরে ধীরে সচ্ছলতার মুখও দেখতে পান তিনি।
খালেদাকে ঘুরে দাঁড়াতে সাহায্য করেছিল সরকারি-বেসরকারি বেশ কিছু উন্নয়ন সংস্থা। ২০০৬ সালে বেসরকারি উন্নয়ন সংস্থা সংশপ্তক থেকে সেলাই প্রশিক্ষণ নেন তিনি। এরপর যুব উন্নয়ন অধিদপ্তর থেকে হাঁস-মুরগি পালন, গবাদিপশু পালন, সেলাই ইত্যাদি বিষয়ে প্রশিক্ষণ নেন। ২০০৮ সালে সংশপ্তক থেকে একটি সেলাই মেশিন অনুদান পেয়ে কাজে নেমে পড়েন খালেদা। সেই থেকে আর ফিরে তাকাতে হয়নি তাঁকে। সেলাইকাজের পাশাপাশি ঘরে হাঁস-মুরগি পালন করে সংসারের অভাব দূর করেন।
সম্প্রতি উপজেলার বারখাইন ইউনিয়নের শিলাইগড়া গ্রামে খালেদার ঘরে গিয়ে দেখা যায়, দুই কক্ষের একটি টিনশেড ঘরে খালেদার সংসার। ঘরের একটি কক্ষে মা ছেনোয়ারা ও বাবা আবু সৈয়দ এবং আরেক কক্ষে এসএসসি পরীক্ষার্থী ছেলে নেছারুল ইসলামকে নিয়ে থাকেন খালেদা। নিজের ঘরে সেলাইয়ের কাজ করছিলেন তখন তিনি। চলাফেরা করতে কষ্ট হওয়ায় তাঁর মা ছেনোয়ারা বেগম তাঁকে কাপড় কাটতে সহায়তা করছিলেন। ওই ঘরে শোভা পাচ্ছিল বিভিন্ন ধরনের সম্মাননা সনদ ও মেডেল।
খালেদা বলেন, ‘সরকারের সহায়তায় ৪০ জন প্রতিবন্ধী ও দরিদ্র নারীকে সেলাই এবং ব্লক-বাটিকের প্রশিক্ষণ দিয়েছি। ২০১৬ সালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর আমাকে সফল আত্মকর্মী হিসেবে স্বীকৃতি দেয়। এর আগে ২০১১ সালে সমাজসেবা অধিদপ্তর থেকে সম্মাননাসহ বিভিন্ন পুরস্কার পেয়েছি।’
খালেদার মা ছেনোয়ারা বলেন, ‘আমার অভাবের সংসারে আলো জ্বালিয়েছে খালেদা।’ দোয়া করি দেশের প্রতিটি ঘরে যেন এ রকম একটি করে খালেদা থাকে।’
উপজেলার মালঘর এলাকার তেকোটা গ্রামের শারীরিক প্রতিবন্ধী ঊর্মি আকতার বলেন, ‘খালেদা আপা আমাদের গর্ব, আমরা তাঁর কাছ থেকে বেঁচে থাকার উৎসাহ পাই।’
বেসরকারি সংস্থা সংশপ্তকের প্রশাসনিক কর্মকর্তা উৎপল বড়ুয়া বলেন, যথাযথ প্রশিক্ষণ ও সহায়তা পেলে প্রতিবন্ধীরা সমাজ উন্নয়নে ভূমিকা পালন করতে পারেন, খালেদাই দৃষ্টান্ত স্থাপন করে দেখিয়েছেন।
আনোয়ারা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রেজাউল করিম ভূঁইয়া প্রথম আলোকে বলেন, ‘খালেদা প্রশিক্ষণ নিয়েছেন, এখন প্রশিক্ষণ দিচ্ছেনও। খালেদা প্রতিবন্ধিতা জয়ী সফল একজন নারী।’