জীবনটা যদি এমনই থাকত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমি ছবি। মানে, আমার পরিবারে সবাই আমাকে ছবি নামে ডাকে। যদিও ছবির মতো সুন্দর না আমার জীবন। এ বছরের জুলাই মাসে আমার চাকরির মেয়াদ শেষ হবে। জানি না, আমার পৃথিবীর বিদায়ঘণ্টা তখন বাজে কি না। একসময় খুব সুখী ছিলাম। যখন আমি ছোট ছিলাম। ১১ জন ভাইবোনের সংসার আমাদের। মা সামান্য পড়াশোনা জানতেন। বাবাও ছোট চাকরি করেন। সংসার চলে না। বড় ভাই কাউকে কিছু না বলে পৌরসভার সুপারভাইজারের চাকরি নেন। স্কুলে না গিয়ে গোপনে সংসারের হাল ধরেন। সবকিছুতে কষ্ট। এর মধ্যে আমি বিএ পাস করি। ঘরের সব কাজ করে নিজে নিজে পড়তাম। বাড়িতে লেখাপড়া জানা কেউ বেড়াতে এলে তাঁর কাছে পড়তাম। জানার চেষ্টা করতাম নানা বিষয়ে। পরে এল বিয়ের কথা।
অল্প আয়ের পরিবারে বিয়েযোগ্য মেয়ে থাকা একটা অভিশাপ। মায়ের দুশ্চিন্তা। অনেক কষ্টে মা ভারমুক্ত হতে স্বল্প আয়ের একজন ব্যক্তির কাছে আমার বিয়ে দেন। শুরু হলো আরেক সংগ্রামের জীবন। শুরু করলাম টিউশনি। পড়াতে পড়াতে ভালো একটি স্কুলের শিক্ষক হয়ে গেলাম। সেই স্কুলেই আমার সন্তানেরা পড়াশোনা করেছে। আজ ওরা উচ্চশিক্ষিত। সবাই ভালো আছে। সবাই ভালো থাক। মনে হয় জীবনটা যদি এমনই থাকত।
সাইদা বেগম, ময়মনসিংহ।