জীবনতরীর ২৩ বছর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯৯ সালের ১০ এপ্রিল। মুন্সিগঞ্জের মাওয়া ঘাটে উদ্বোধন করা হলো একটি হাসপাতালের। সে হাসপাতাল দেখে উৎসুক মানুষের চোখেমুখে বিস্ময়! তাঁদের দৃষ্টি বলছিল, এ আবার কেমন হাসপাতাল! বিস্ময়ের কারণও অবশ্য ছিল। হাসপাতালটি যে ভাসমান।

হাসপাতালটির নাম জীবনতরী। ভাসমান হাসপাতালটি ২৩ বছর পূর্তি করছে ১০ এপ্রিল। শুরুর মতো এখনো বিস্ময় সৃষ্টি করেই চলেছে এ হাসপাতাল। নদীর তীরবর্তী এলাকার মানুষের স্বাস্থ্যসেবায় হয়ে উঠেছে আস্থার নাম। ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশের একটি প্রকল্প এই হাসপাতাল।

জীবনতরী ভাসমান হাসপাতাল
ছবি: সংগৃহীত

প্রায় দুই যুগ ধরে নদীতীরবর্তী অঞ্চলের ২২টি জেলার ৩২টি এলাকায় চিকিৎসাসেবা দিয়ে আসছে জীবনতরী। ১০ শয্যার হাসপাতাল থেকে সেবা পেয়েছেন প্রায় ৭ লাখ মানুষ। পাশাপাশি ৫০ হাজার রোগীর সার্জারি হয়েছে।

স্বল্প আয়ের মানুষেরা এ হাসপাতাল থেকে চোখের ছানি, নাক-কান ও গলার রোগের চিকিৎসা, জন্মগত মুগুর-পা, বাঁকা পা, ঠোঁট কাটা, তালু কাটা চিকিৎসা ও অস্ত্রোপচারের সুবিধা পেয়েছেন।

এই ভাসমান হাসপাতালকে দেশের এক স্থান থেকে অন্য স্থানে টেনে নিয়ে যায় এক জোড়া টাগবোট। ২০২১ সালের মার্চ থেকে জীবনতরী আছে ঝালকাঠীর সুগন্ধা নদীর তীরে। আধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি হাসপাতালটিতে রয়েছে ৩৪ জন নিজস্ব কর্মী। আছেন চিকিৎসক, নার্স, প্যারামেডিকস, কাউন্সেলর, মেডিকেল টেকনোলজিস্ট ও অন্যান্য কর্মী। এখানেই তাঁদের থাকার ব্যবস্থা।

জীবনতরী হাসপাতাল থেকে চিকিৎসাসেবা পাওয়া একজন রোগী

দেশের বাইরের অনেক সার্জন রোগীদের সেবা দিতে জীবনতরী পরিদর্শন করেছেন। হাসপাতালের সার্জনদেরও প্রশিক্ষণ প্রদান করেছেন। হাসপাতালের নিজস্ব তিনজন মেডিকেল অফিসার ছাড়াও বর্তমানে ঢাকার বিশেষজ্ঞ সার্জনরা প্রতি মাসে জীবনতরীর রোগীদের সেবা দিয়ে থাকেন।