জীবনবোধের পরিবর্তন এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সৈয়দ আবদুল হাদী
সৈয়দ আবদুল হাদী

আমি যেহেতু সংগীতের মানুষ, তাই অন্য বিষয়ে না বলে শুধু সংগীতেই সীমাবদ্ধ থাকতে চাই।
এখন সংগীতকলা একধরনের ‘শো বিজনেজ’-এ পরিণত হয়ে গেছে। এর সঙ্গে প্রচুর অর্থের ব্যাপার ওতপ্রোতভাবে জড়িত। পেশা হিসেবেও তাই জনপ্রিয়। ফলে আমাদের তরুণেরাও স্বাভাবিকভাবে সেই প্রবাহে গা ভাসিয়েছেন। পরিণতিতে ব্যাহত হচ্ছে সৃজনশীলতার মান। অবশ্য এর জন্য তরুণদের ঢালাওভাবে দায়ী করাটা যথার্থ হবে না। বর্তমান সময়কেও ভাবনায় আনতে হবে। বর্তমান পৃথিবীর সামগ্রিক জীবনযাত্রা এবং জীবনবোধের যে পরিবর্তন এসেছে, তা থেকে আমাদের তরুণেরা আলাদা কেউ নয়।
শিল্পচর্চা মানুষের মহৎ কর্মেরই একটি অংশ। সেই মহৎ কর্মে অবশ্যই বিনোদন থাকতে পারে। সেই বিনোদন থেকে অর্থও আসতে পারে। এটা তো ভালো লক্ষণ! কিন্তু শুধু অর্থের জন্য যদি বিনোদনকে ভাবা হয়, তবে তো নষ্ট হয়ে যায় শিল্পের শিল্পমান। আমাদের অগ্রজদের দেখেছি শিল্পের সৃজন দিয়ে তাঁরা দর্শক-শ্রোতাকে অনায়াসে মুগ্ধ করেছেন। শ্রোতাকে তাঁরা নিজের কাছে টেনে নিয়েছেন। কিন্তু নিজেকে শ্রোতার কাছে নামিয়েনিয়ে যাননি। সেই কারণে হয়তো তাঁদের শেষবেলায় এসে দুস্থ শিল্পী হিসেবে মৃত্যুবরণ করতে হয়েছে। কিন্তু এখনো তাঁরা মানুষের মনে শিল্পী হিসেবেই বেঁচে আছেন। বর্তমান সময়ের তরুণ সম্প্রদায় হয়তো সেই আদর্শের অনুসারী নয়। পেশা নিয়ে সচেতন হোক বা আত্মকেন্দ্রিক হোক কিংবা দ্রুত সফলতা চাওয়াই হোক, আসলে তরুণেরা কী করবেন? এখন অর্থ উপার্জন নাকি সৃজনশীলতা—কোনটি বেছেনেবেন তা তাঁদেরকেই নিতে হবে।


সৈয়দ আবদুল হাদী, সংগীতশিল্পী