জীবনযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বিকেলবেলা আনমনে হাঁটছি। হঠাৎ বৃষ্টি শুরু হলো। রাস্তায় মানুষ আশ্রয় খোঁজার জন্য দৌড়াদৌড়ি করতে লাগল। আমিও দৌড়ে একটা প্লাস্টিকের ছাউনির পিঠার দোকানে দাঁড়ালাম। এটাকে ঠিক পিঠার দোকান বলা যায় না। শীতকালে এখানে পিঠা বিক্রি হয়। আর এখন বেগুনি-পেঁয়াজি। মিরপুর বাসা নেওয়ার পর এই দোকানে অসংখ্যবার খেয়েছি। দোকানদার একজন নারী। বয়স ৫৫ বা ৬০ হবে। আমি তাঁকে খালা ডাকি। তিনি আমার নামটাও মুখস্থ করেছেন। এখন দোকানে তেমন মানুষ নেই। সম্ভবত হঠাৎ বৃষ্টি আসায় সবাই নিরাপদ জায়গায় চলে গেছে। দোকানিকে বললাম, ‘খালা, কয়েকটা গরম গরম পেঁয়াজু দেন।’
একটু পর পেঁয়াজি বানানো হলো। খাচ্ছি আর দোকানির সঙ্গে কথা বলছি, ‘খালা, আপনার কে কে আছে?’
কিছুক্ষণ চুপ করে রইলেন। কেমন যেন আনমনা হয়ে বললেন, ‘আমার দুইটা পোলা ছাড়া আর কেউ নাই।’
তাঁর সঙ্গে গল্প জমে উঠল। একজন নারীর জীবনযুদ্ধ শুনছি। তাঁর স্বামীর দ্বিতীয় বিয়ে। দুই ছেলে নিয়ে অথই সাগরে পড়া। তারপর এই পথে ধারের ব্যবসায় জীবনের হাল ধরা।
বৃষ্টি থেমে গেল। বেরোব। টাকা দিয়ে চলে এলাম। আসার সময় নিজের মধ্যে এক অপরাধবোধ কাজ করল। প্রায়ই এখানে এসে পিঠা খেয়ে গেলাম কিন্তু খালা কেমন আছে জানতে চাইনি। প্রতিদিন বহু লোক এসে এখানে পেঁয়াজি, বেগুনি খেয়ে যায়। কেউ খালার মনের কষ্টের কথা জানে না। কেউ তাঁর যন্ত্রণার কথা জিজ্ঞেসও করে না। জীবনের সঙ্গে যুদ্ধ করা এই নারী কেমন করে বেঁচে আছেন, কেউই জানে না।
তারেকুর রহমান
মিরপুর, ঢাকা