‘আজ থেকে ৩০ বছর আগে ১৩ বছর বয়সে আমার বিয়ে হয়। স্বামী তালাক দিলে তিন সন্তান নিয়ে অথৈ সাগরে পড়ি। টেকনাফ থেকে চট্টগ্রামে এসে শুরুতে স্বল্প পরিসরে বিভিন্ন স্কুলের বাচ্চাদের টিফিন তৈরির কাজ নিই। ধীরে ধীরে আমার এই ক্যাটারিং ব্যবসা বড় করে আজ আমি এলাকায় ডিসলাইন সংযোগের ব্যবসা করছি। বহু প্রতিকূল পরিবেশের সঙ্গে যুদ্ধ করে আমার সন্তানদের লেখাপড়া শিখিয়ে মানুষ করেছি। সে যুদ্ধ এখনো শেষ হয়নি।’ চিটাগাং উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিডব্লিউসিসিআই) আয়োজিত আলোচনা সভায় ক্ষুদ্র নারী উদ্যোক্তা দিলারা বেগম এভাবে জীবনযুদ্ধের কথা তুলে ধরছিলেন। প্রতিষ্ঠানের সভাপতি মনোয়ারা হাকিম আলীর সভাপতিত্বে বিশ্ব নারী দিবস উদ্যাপনকে ঘিরে গত মঙ্গলবার আলোচনা সভার আয়োজন করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহসভাপতি খালেদা এ আওয়াল ও চেম্বারের সদস্যরা। সভাপতির বক্তব্যে মনোয়ারা হাকিম আলী বলেন, নারীরা আজও পদে পদে নির্যাতিত, নিষ্পেষিত। সিডব্লিউসিসিআই এসব নারীদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তাঁদের স্বাবলম্বী করে তোলার জন্য বিনা সুদে কিছু আগ্রহী নারীকে অর্থ দেওয়া হবে। খালেদা এ আওয়াল বলেন, নারীরা কোনো অংশেই পুরুষদের থেকে পিছিয়ে নেই। শুধু প্রয়োজন সঠিকভাবে নিজের বুদ্ধি কজে লাগানো। নিজেকে জাহির করার সুযোগটি নারীদেরই খুঁঁজে নিতে হবে। পুরুষের সমকক্ষতা অর্জন করতে আত্মবিশ্বাস অর্জন করতে হবে। দিবসটি আরও আনন্দঘন পরিবেশে উদ্যাপন করার জন্য চেম্বারের সদস্যরা রান্না প্রতিযোগিতার আয়োজন করেন। এতে নয়জন প্রতিযোগীর মধ্য থেকে চারজন সেরা রাঁধুনীকে পুরস্কার দেওয়া হয়। এ ছাড়াও সমাজতান্ত্রিক মহিলা ফোরাম, বাংলাদেশ মহিলা পরিষদ, অনন্যা মহিলা উন্নয়ন সমিতি, জাতীয় মহিলা পার্টির উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবসের শতবর্ষ উদ্যাপন করে।সমাজতান্ত্রিক মহিলা ফোরামসমাজতান্ত্রিক মহিলা ফোরামের উদ্যোগে মঙ্গলবার নিউমার্কেট চত্বরে মানববন্ধন, মিছিল সমাবেশ ও আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। ফোরামের সভাপতি সীমা দত্তের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে বক্তব্য দেন কাউন্সিলর এবং ফেরামের চট্টগ্রাম জেলা শাখার সহসভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক নাসিমা আক্তার প্রমুখ। বক্তারা বলেন, যে মর্যাদাপূর্ণ জীবনের লক্ষ্যে শত বছর ধরে নারীরা সংগ্রাম করছেন, রক্ত দিয়েছেন, নির্যাতন সহ্য করেছেন স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য ৮ মার্চ তার স্মারক দিবস। বাণিজ্যিক প্রচার-প্রচরণার পণ্য বিক্রির ডামাডোলে নারীও আজ পণ্য। তার আবেগ-অনুভূতি, মর্যাদা-মূল্যবোধ, শ্রম, সৌন্দর্য সব কিছু নিয়ে ব্যবসা হচ্ছে। প্রতিদিন ঘটছে নির্যাতন, উত্ত্যক্তকরণ, ধর্ষণ ও হত্যার ঘটনা। ফতোয়া দিয়ে দোররা মেরে হত্যার শিকার হচ্ছে নারীরা, যা মধ্যযুগীয় অন্ধকারকেও হার মানায়। আসুন আমরা এসব অত্যাচার ও নির্যাতনের বিরুদ্ধে রুখে দাঁড়াই। বাংলাদেশ মহিলা পরিষদনারী দিবসের শতবর্ষ উদ্যাপন উপলক্ষে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ মহিলা পরিষদ, ইপসা, বিটা ও আমরাই পারি পারিবারিক নারী নির্যাতন প্রতিরোধ জোটের সম্মিলিত উদ্যোগে ট্রাক শোভাযাত্রা, আলোচনা সভা, মোমবাতি প্রজ্বালন, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ৭ মার্চ অনুষ্ঠানের উদ্বোধন করেন মহিলা পরিষদের সভাপতি লতিফা কবির। আলোচনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সুগতা বড়ুয়া, শহীদজায়া বেগম মুশতারী শফী, ফাহমিদা আমিন, রমা চৌধুরী, ইছমত আরা সুলতানা, কেন্দ্রীয় সদস্য নূরজাহান খান প্রমুখ। অনুষ্ঠানে বেগম মুশতারী শফী, ফাহমিদা আমিন, রমা চৌধুরী, ইছমত আরা সুলতানা, আজিবুন নেছা, জাহানারা বেগম, ফেরদৌস বেগম, পান্না বেগমকে নারী আন্দোলন, নারীর ক্ষমতায়ন ও নারীর অধিকার আদায়ে অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। শেষে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ ছাড়া ৮ মার্চ মহিলা পরিষদ ও ইপসার উদ্যোগে নগরের বহদ্দারহাট থেকে মুরাদপুর, জিইসি মোড়, ইপিজেড, ডিসি হিল, প্রেসক্লাব ও নিউমার্কেট এলাকায় ট্রাক শোভাযাত্রা বের করা হয়।