চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের বিভিন্ন বিভাগে বেশ কিছু জীবনরক্ষাকারী যন্ত্রপাতি (ইলেকট্র মেডিকেল ইকুইপমেন্ট) দীর্ঘদিন ধরে অচল রয়েছে। বছরের পর বছর এসব যন্ত্রপাতি মেরামতের কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। ফলে রোগীদের স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। চিকিত্সকেরা জানিয়েছেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বারবার তাগিদ দিয়েও এসব যন্ত্রপাতি সচল করা যাচ্ছে না। হাসপাতালের প্রশাসনিক বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করে বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ে অচল যন্ত্রপাতি মেরামতের জন্য বরাদ্দ চেয়েছি। কিন্তু কোনো ফল হচ্ছে না।’ দীর্ঘদিন ধরে অচল যন্ত্রপাতিগুলোর মধ্যে রয়েছে অস্ত্রোপচার কক্ষের দুটি সি-আরম, তিনটি ডায়াথার্মি যন্ত্র, ১২ নম্বর ওয়ার্ডে (হূদরোগ বিভাগ) ইটিটি মেশিন এবং রেডিওলজি ও ইমেজিং বিভাগের কিছু এক্স-রে যন্ত্র। সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, অচল পড়ে থাকা এসব যন্ত্রপাতির দাম প্রায় দুই কোটি টাকা। নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক কামাল উদ্দিন বলেন, ‘চার বছর ধরে অপারেশন থিয়েটারে দুইটি সি-আরম, তিনটি ডায়াথার্মি মেশিন অচল রয়েছে।’ তিনি আক্ষেপ করে বলেন, ‘রোগীদের স্বাস্থ্যসেবা দিতে পর্যাপ্ত যন্ত্রপাতি আছে। কিন্তু মেরামতের অভাবে এগুলো সচল করা যাচ্ছে না। একইভাবে রেডিওলজি ও ইমেজিং বিভাগের সহকারী অধ্যাপক আনিসুল মাওলা বলেন, ‘এই ওয়ার্ডে সিটি স্ক্যান, এমআরআই আলট্রাসনোগ্রাম যন্ত্র ঠিক থাকলেও কিছু এক্স-রে যন্ত্রে ত্রুটি রয়েছে। ১২ নম্বর ওয়ার্ডের হূদরোগ বিভাগের একজন চিকিত্সক জানিয়েছেন, ‘কয়েক দিন আগে এই বিভাগে রোগীদের হূদপিণ্ডে স্থায়ী পেসমেকার বসানোর কাজ শুরু হলেও এখানকার ইটিটি যন্ত্রটি দীর্ঘদিন অচল রয়েছে।’ চিকিত্সকেরা জানান, অস্ত্রোপচারকালীন রোগীদের হাড় বা স্পাইনের ফিক্সেশন বা সঠিকভাবে বসানো হচ্ছে কি না তা নির্ণয়ের জন্য সি-আরম মেশিন ব্যবহূত হয়। অস্ত্রোপচারকালীন রোগীর রক্তক্ষরণ বন্ধের জন্য ব্যবহূত হয় ডায়াথার্মি যন্ত্র এবং হূদরোগীদের ক্ষেত্রে ব্যবহূত হয় এক্সারসাইজ ইলারেন্স টেস্ট বা ইটিটি যন্ত্রটি। এসব যন্ত্রপাতি বছরের পর বছর ধরে অচল থাকায় স্বাস্থ্যসেবা দিতে চিকিত্সকেরা বিড়ম্বনার শিকার হচ্ছেন। অন্যদিকে রোগীরা পড়ছে চরম ভোগান্তিতে। এ ক্ষেত্রে গরিব রোগীদের দুর্দশা বেড়ে যায় বহুগুণ। সরকারি হাসপাতালে মূল্যবান এসব যন্ত্রপাতি অচল থাকায় রোগীরা বাধ্য হচ্ছে বেসরকারি হাসপাতালে যেতে। আর্থিকভাবে ক্ষতির শিকার হচ্ছে গরিব রোগীরা। এমন মন্তব্য করলেন হাসপাতালে রোগীর সঙ্গে আসা সাতকানিয়ার এওচিয়া গ্রামের দিনমজুর আবুল হোসেন। সরেজমিনে চমেক হাসপাতাল ঘুরে দেখা যায়, হূদরোগ বিভাগে ইটিটি যন্ত্রের কক্ষে তালা ঝুলছে। রেডিওলজি ও ইমেজিং বিভাগের এক্স-রে কক্ষের সামনে ১৮-২০ জন রোগীর জটলা। এ সময় এখানকার একজন টেকনেশিয়ান নাম প্রকাশ না করে বলেন, ‘পর্যাপ্ত এক্স-রে যন্ত্র থাকলেও একটি যন্ত্রে কিছু সমস্যা আছে।’ একইভাবে অস্ত্রোপচার কক্ষে দেখা যায়, দুটি সি-আরম ও তিনটি ডায়াথার্মি যন্ত্র অকেজো পড়ে আছে। এগুলোতে ধুলোবালি জমেছে। অচল যন্ত্র সচল করার উদ্যোগ নিচ্ছেন না কেন জানতে চাইলে চমেক হাসপাতালের উপপরিচালক মঈনুদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘আমি এসব ব্যাপারে কিছুই বলতে পারব না।’