‘মূলত নিজের জীবন কীভাবে পরিচালনা করা যায়, এটাই আমরা এখানে শিখে থাকি। জীবনের জন্য দরকারি নানা বিষয় যেমন বয়ঃসন্ধিকালের সমস্যা কীভাবে মোকাবিলা করা যায়, বাল্যবিবাহ, যৌতুক, নারী নির্যাতন, শিশু পাচার, এইডস কেন হয় বা কীভাবে প্রতিরোধ করা যায়, এগুলো এই ক্লাবের মাধ্যমে জানতে পেরেছি।’ এভাবেই কিশোর-কিশোরী ক্লাবের গুরুত্ব সম্পর্কে বলল মায়া আক্তার। দশম শ্রেণীর পড়ুয়া মায়া শ্যামলীর আদাবর বস্তির সুনিবিড়-১ কিশোর-কিশোরী ক্লাবের পিয়ার লিডার। আগে মায়ার জীবনের লক্ষ্য ছিল সাংবাদিক হওয়া। কিন্তু ক্লাবের পিয়ার লিডার হিসেবে প্রশিক্ষণ নেওয়ার পর সে ইচ্ছে বদলে গেছে। এখন তার ইচ্ছা কম্পিউটার নিয়ে কাজ করা।১৬ এপ্রিল সুনিবিড়-১ কিশোর-কিশোরী ক্লাবে গিয়ে দেখা গেল, কেউ পত্রিকা পড়ছে, কেউ গল্পের বই পড়ছে, কেউ ডিকশনারি থেকে শব্দের অর্থ বা প্রতিশব্দ বের করছে, কেউ কেউ আবার ক্যারম বা লুডু খেলছে। অনেকে মোবাইলে গান বাজিয়ে নাচ করছে। সবাই কিছু না কিছু করছে। আর পিয়ার লিডার মায়া আক্তার সবকিছুর তদারক করছে। পিয়ার লিডারের কাজ হলো বিভিন্ন বিষয়ে তার বন্ধুদের ধারণা দেওয়া, কারও কিছু প্রয়োজন আছে কি না দেখা, প্রতিটি পর্বের পরে সব সরঞ্জাম গুছিয়ে রাখা, কেউ না এলে তার খোঁজখবর করা। পিয়ার লিডারদের প্রশিক্ষণের মাধ্যমে এসব বিষয় শিখিয়ে দেওয়া হয়। এ বিষয়ে মায়া আক্তার বলে, একজন পিয়ার লিডার সমাজে নেতৃত্ব দেওয়ার গুণাবলি অর্জন করতে পারে। ক্লাবের সদস্য সাজ্জাত (১৪) বলে, এখানে ছেলেমেয়ে আমরা সবাই বন্ধু। আমরা একসঙ্গে খেলি, অনেক কিছু শেয়ার করি।ভবিষ্যৎ প্রজন্মকে বিশেষ করে নারীসমাজকে সঠিকভাবে গড়ে তুলতে এবং পারিবারিক বৈষম্যের শিকার কিশোরীদের সমাজের উন্নয়নের মূলধারায় অন্তর্ভুক্ত করতেই এ ক্লাব পরিচালিত হয়। ‘ক্লাবে সংগঠিত করে সমাজের ইতিবাচক পরিবর্তনে কিশোর-কিশোরীদের ক্ষমতায়ন’ শীর্ষক কর্মসূচিটি কিশোর-কিশোরীদের পারস্পরিক সহমর্মিতার সম্পর্ক গড়ে তুলে দেশ ও সমাজের ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে নেওয়া হয়েছে। জুলাই ২০১১ থেকে জুন ২০১৪ মেয়াদের কর্মসূচিটি গ্রহণ করেছে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়। এ কর্মসূচি মহিলাবিষয়ক অধিদপ্তরের প্রধান কার্যালয়ের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে। এতে সহযোগিতা করছে ব্র্যাকের অ্যাডোলেসেন্ট ডেভেলপমেন্ট প্রোগ্রাম ও জাতিসংঘের শিশু তহবিল (ইউনিসেফ)।রাজধানী ছাড়াও বাংলাদেশে সাতটি বিভাগের সাতটি জেলায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। জেলাগুলো হচ্ছে ঢাকা বিভাগের গোপালগঞ্জ, খুলনার চুয়াডাঙ্গা, রংপুরের ঠাকুরগাঁও, বরিশালের ঝালকাঠি, চট্টগ্রামের রাঙামাটি, সিলেটের মৌলভীবাজার, রাজশাহীর সিরাজগঞ্জ। এসব জেলার ৪৪টি উপজেলার ৩৭৯টি ইউনিয়নের প্রতিটিতে একটি করে কিশোর-কিশোরী ক্লাব রয়েছে। ক্লাবের মোট সদস্যসংখ্যা এক লাখ ১১ হাজার ৩৭০ জন। তার মধ্যে তিন হাজার ৭৯০ জন কিশোর এবং সাত হাজার ৫৮০ জন কিশোরী। ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির শ্যামলীর এরিয়া ম্যানেজার সাবিনা ইয়াসমীন প্রথম আলোকে জানান, ঢাকা মহানগরে মোট ২৬৭টি ক্লাব আছে। প্রতিটি কিশোর-কিশোরী ক্লাবের সদস্যসংখ্যা ৩০। এর মধ্যে ২০ জন কিশোরী ও ১০ জন কিশোর। এদের বয়স ১১ থেকে ১৮ বছরের মধ্যে। মূলত আর্থসামাজিকভাবে পিছিয়ে পড়া বা সমাজের মূলধারার বাইরের কিশোর-কিশোরীদের এখানে অগ্রাধিকার দেওয়া হয়। প্রতিটি ক্লাবে দুজন করে পিয়ার লিডার থাকে। ব্র্যাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচির ভারতী মণ্ডল বলেন, সাধারণত ক্লাবের সবচেয়ে দায়িত্বশীল, চটপটে, বুদ্ধিমতী কিশোরীকে পিয়ার লিডার হিসেবে নির্বাচিত করা হয়। এ ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে অষ্টম শ্রেণী পাস। তিনি আরও বলেন, অত্যন্ত প্রয়োজনীয় যে বিষয়গুলো বিদ্যালয় কিংবা বাড়িতে শেখানো হয় না, সেগুলোই তারা এখানে জেনে থাকে।এ ক্লাবে ৩০০টি সেশনের মাধ্যমে কিশোর-কিশোরীদের জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতামূলক শিক্ষা প্রদান করা হয়। যেমন জীবন দক্ষতার উপাদান, শিশু অধিকার, শিশুপাচার, জেন্ডারবৈষম্য, নারী অধিকার, বাল্যবিবাহ, পরিবার পরিকল্পনা, ব্যক্তিগত নিরাপত্তা, আইনি সহায়তা, মাদকাসক্তিসহ ইত্যাদি বিষয়ে শিক্ষা লাভ করে। এ ছাড়া এখানে সামাজিক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করা হয়। বর্তমানে কিশোরীদের খেলাধুলার ব্যবস্থা নেই বললেই চলে। এখানে তারা ক্যারম, লুডু, দাবা, বাগাডুলি, কাবাডি, ভলিবল, ব্যাডমিন্টন খেলে থাকে। ঢাকা উদ্যান কিশোর-কিশোরী ক্লাবের পিয়ার লিডার শিল্পী আক্তার বলে, ‘আগে বাইরে খেলাধুলা করলে মানুষে আজেবাজে কথা বলত। এখন আমি এখানে খেলতে পারি।’ এ ছাড়া কিশোর-কিশোরী ক্লাবের মাধ্যমে ছেলেমেয়ে মিলেমিশে কাজ করার মানসিকতা জন্মায়, পরস্পরের কাজের প্রতি শ্রদ্ধা বাড়ে। ক্লাবে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক কার্যক্রম যেমন নাচ, গান, আবৃত্তি, অভিনয় শেখানো হয়ে থাকে। এখানে কিশোর-কিশোরীরা নিজ উদ্যোগে এগুলো শেখে। এ কর্মসূচির আওতায় এক মাসে ক্লাবের সদস্যদের মায়েদের নিয়ে এবং পরের মাসে বাবাদের নিয়ে সভা বা উঠোন বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতে অনেক অভিভাবক তাঁদের সন্তানদের ক্লাবে পাঠাতে আপত্তি করেছিলেন। তবে এখন তাঁরা নিজ আগ্রহেই সন্তানকে পাঠিয়ে থাকেন। এ ছাড়া ক্লাবের সদস্যরা যে শুধু নিজেরা বিভিন্ন বিষয়ে জানে এমন নয়। তারা তাদের পরিবার, স্কুলের সহপাঠী, পাড়া-প্রতিবেশীদের নানা ব্যাপারে অবহিত করে।