ছোট পত্রিকা খড়িমাটির উদ্যোগে ১ জানুয়ারি ভারতের পশ্চিমবঙ্গের কবি ও জীবনানন্দ গবেষক ভূমেন্দ্র গুহের স্মরণানুষ্ঠানের আয়োজন করা হয়। নগরের মোমিন রোডে অবস্থিত খড়িমাটির কার্যালয়ে এই অনুষ্ঠানে ভূমেন্দ্র গুহের জীবন ও সাহিত্যকীর্তি নিয়ে আলোচনার পাশাপাশি তাঁর লেখা থেকে পাঠ করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন খড়িমাটির সম্পাদক কবি মনিরুল মনির।
‘আয়না ও অন্ধকারে দীর্ঘশ্বাস’ শিরোনামে স্মরণানুষ্ঠানে বক্তব্য দেন কবি অভীক ওসমান, খালেদ হামিদী, মুহাম্মাদ আমানুল্লাহ, মোজাম্মেল মাহমুদ, ভাগ্যধন বড়ুয়া, আজিজ কাজল, উজ্জ্বল বড়ুয়া, আলী প্রয়াস, প্রাবন্ধিক ও গবেষক আহমেদ মাওলা, চৌধুরী শাহজাহান, সালেহা নারগিস। জীবনানন্দ দাশের কবিতা পড়ে শোনান আবৃত্তিশিল্পী ফারুক তাহের ও প্রণব চৌধুরী।
আলোচনা সভায় বক্তারা বলেন, ‘একসময় মনে করা হতো জীবনানন্দ দাশ রাজনৈতিক সচেতন কবি নন। কিন্তু সেই ভুল ভাঙিয়ে দিয়েছিলেন ভূমেন্দ্র গুহ। তিনি জীবনানন্দের কবিতার রাজনৈতিক ভূমিকাটি বিশেষভাবে তুলে ধরেন। পাশাপাশি তিনি জীবনানন্দকে পাঠকদের সামনে বারবার নতুন রূপে হাজির করেছেন।’
উল্লেখ্য, ভূমেন্দ্র গুহ গত বছরের ২০ ডিসেম্বর ভারতের কলকাতায় মৃত্যুবরণ করেন। তিনি ২ আগস্ট ১৯৩৩ সালে জন্মগ্রহণ করেন। কবি ভূমেন্দ্র গুহের কবিতাগ্রন্থের সংখ্যা ১১টি। জীবনানন্দ দাশকে নিয়ে লেখা তাঁর বই একটি আলেখ্য: জীবনানন্দ দাশ তাঁর উল্লেখযোগ্য বই। বিজ্ঞপ্তি।