জীবনের অধিক জীবন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ল্যানাই আইল্যান্ড
ল্যানাই আইল্যান্ড

ওরাকলের চেয়ারম্যান ল্যারি অ্যালিসনের সম্পদের হিসাব ধরলে বিশ্বের পঞ্চম ধনী ব্যক্তি তিনি। সম্প্রতি সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়িয়েছেন। ৩৭ বছর ধরে বিশ্বখ্যাত এই সফটওয়্যার প্রতিষ্ঠানটির দায়িত্ব সামলেছেন তিনি। এখন একটু বাড়তি অবসর তাঁর হাতে। ৭০ বছর বয়সী অ্যালিসন ওরাকল সামলেও এক বর্ণাঢ্য জীবন যাপন করেছেন। বাড়তি অবসরে আর কী করবেন তিনি? সিএনএন প্রকাশ করেছে ল্যারিকে নিয়ে একটি প্রতিবেদন।

একজন বিচিত্র শখের মানুষ ল্যারি। তাঁর শখ হচ্ছে বড় বড় নৌকা বা ইয়ট সংগ্রহ করা। মাঝেমধ্যে ইয়টের প্রতিযোগিতায় নামেন তিনি। যুক্তরাষ্ট্রের হাওয়াই দ্বীপপুঞ্জে একটি দ্বীপও কিনেছেন তিনি।

৭০ বছরে এসেও অ্যালিসন ঠিক ওরাকল থেকে অবসর নিয়েছেন তা বলা যাবে না। ১৯৭৭ সালে বব মাইনার ও এড ওটসের সঙ্গে যৌথভাবে ওরাকল প্রতিষ্ঠা করার পর থেকে তিনি যে দায়িত্ব পালন করছিলেন তা থেকে একটু মুক্তি নিয়েছেন!


ওরাকলের বোর্ড প্রেসিডেন্ট মাইকেল বসকিন জানিয়েছেন, ‘ল্যারি পরিষ্কারভাবে জানিয়েছেন, প্রধান নির্বাহী পদ ছেড়ে দিলেও তিনি ওরাকলে পূর্ণকালীন কাজ চালিয়ে যাবেন এবং পণ্য প্রকৌশল, প্রযুক্তি উন্নয়ন ও পরিকল্পনার ক্ষেত্রে তাঁর কাজ চালিয়ে যাবেন।’

অবশ্য প্রধান নির্বাহীর পদ ছেড়ে দেওয়ায় কিছুটা বাড়তি সময় তিনি পাবেন। এত দিন ধরে তিনি পরিশ্রম করে যে অর্থ জমিয়েছেন, তা কিছুটা উপভোগ করতে পারবেন। ফোর্বস-এর তথ্য অনুযায়ী, বর্তমানে পাঁচ হাজার ১০০ কোটি মার্কিন ডলার মূল্যের সম্পদের মালিক ল্যারি। তাঁর অ্যারোপ্লেন চালানোর লাইসেন্স রয়েছে, রয়েছে গাড়ির বিশাল এক সংগ্রহও।

মুসাসি ইয়ট
মুসাসি ইয়ট



২০১২ সালে হাওয়াই দ্বীপপুঞ্জের ষষ্ঠ বৃহত্তম দ্বীপ লানা’আইয়ের ৯৮ শতাংশ কিনে নেন ল্যারি অ্যালিসন। ১৪০ বর্গকিলোমিটার আয়তনের এই দ্বীপটিতে দুটি বিলাসবহুল রিসোর্ট, দুটি গলফ কোর্স ও দুটি ক্লাব হাউস রয়েছে। তিনি একটি এয়ারলাইনের মালিক। অ্যারোপ্লেনে করে তিনি এই দ্বীপে আসতে পারেন। দ্বীপটিকে একটি প্রযুক্তি গবেষণাগার হিসেবেও গড়ে তুলেছেন তিনি।

জাপানি সম্রাটদের প্রাসাদের আদলে তিনি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বাড়ি তৈরি করেছেন এবং জাপানি ও সামুরাই শিল্পকর্মের বিশাল সংগ্রাহকও তিনি। ক্যালিফোর্নিয়া ও কিয়োটোর বাড়ি মিলিয়ে এক ডজনের বেশি বাড়ি রয়েছে তাঁর।

তবে ল্যারির সবচেয়ে বড় শখ হচ্ছে ইয়টে। ২০১০ সালে রাইজিং সান নামে ৪৫৩ ফুট দৈর্ঘ্যের একটি ইয়টের মালিক ছিলেন তিনি। এটি পরে তিনি হলিউড মোগল ডেভিড গেফিনের কাছে বিক্রি করে দেন। বোট ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বড় ইয়টের মধ্যে এটি ছিল দশম। বর্তমানে ২৮৮ ফুট দৈর্ঘ্যের ‘মুসাসি’ নামের একটি ইয়টের মালিক তিনি। এটি বিশ্বের ৫০তম বৃহৎ ইয়ট। ইয়টটির নামকরণ করা হয়েছে এক সামুরাই যোদ্ধার নামে। ইয়ট নিয়ে প্রতিযোগিতায় নামার রেকর্ডও আছে ল্যারির।

ইয়ট চালাচ্ছেন ল্যারি অ্যালিসন
ইয়ট চালাচ্ছেন ল্যারি অ্যালিসন

এখন পর্যন্ত চারবার বিয়ে করেছেন ৭০ বছর বয়সী ল্যারি। বর্তমানে ইউক্রেনের অভিনেত্রী নিকিতা কানের সঙ্গে প্রেম করছেন তিনি। জীবনটাকে ভালোভাবেই উপভোগ করছেন এ কথা বলা যায়। তবে এই সম্পদ ল্যারি হঠাৎ করে পেয়েছেন এ কথা বলা যায় না।

প্রযুক্তির ক্ষেত্রে ল্যারিকে প্রতিভাধর একজন বলে মনে করা হয়। বিশ্বের প্রথম ‘রিলেশনাল ডাটাবেজ’ তৈরির কৃতিত্ব তাঁর। এই প্রযুক্তিতে এক গ্রুপের তথ্য অন্য গ্রুপের তথ্যের সঙ্গে মেলানো যায়। ১৯৭৭ সালে অ্যালিসন ‘ওরাকল ডাটাবেজ’ নামে এই সফটওয়্যার বিক্রি শুরু করেন। পাঁচ বছর পরে এই সফটওয়্যারের নাম থেকেই প্রতিষ্ঠানের নাম ওরাকল রাখেন ল্যারি। তার পর থেকেই বিশ্বে করপোরেট সফটওয়্যার তৈরির ক্ষেত্রে ওরাকল বিখ্যাত হয়ে ওঠে।

ল্যারি অ্যালিসন
ল্যারি অ্যালিসন



ওরাকলের পরিচালক হিসেবে ল্যারিকে সবাই বেপরোয়া, স্পষ্টভাষী ও সুস্পষ্ট ব্যবসা নীতিমালার জন্য জানেন। প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করে ধুয়ে ফেলতেও তাঁর জুড়ি নেই। এ ছাড়া ব্যবসার দিক থেকে যথেষ্ট চতুর তিনি। হিউলেট প্যাকার্ড বা এইচপি যখন ব্যবসায় ধুঁকছিল তখনই তিনি এইচপি সিইও মার্ক হার্ডকে ওরাকলে নিয়ে আসেন। সম্প্রতি ওরাকলের প্রধান নির্বাহী থেকে ল্যারি সরে দাঁড়িয়ে মার্ক হার্ডকে সেই দায়িত্ব দিয়েছেন। এ ছাড়া গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারের বিরুদ্ধে মামলাও ঠুকেছেন তিনি। অ্যাপলকেও ছাড় দেননি ল্যারি। অ্যাপলের প্রয়াত প্রধান নির্বাহী স্টিভ জবস ল্যারির ঘনিষ্ঠ বন্ধু হলেও এখনকার অ্যাপলের কর্মকর্তাদের বিরুদ্ধে ক্ষোভ তাঁর। তাঁর মতে, অ্যাপলের সুসময় গত হয়েছে।


ওরাকল কী নিয়ে কাজ করে অনেকেই তা হয়তো জানেন না কিন্তু ল্যারির বিলাসী জীবনযাপন আর চালচলন তাঁকে তারকা হিসেবেই প্রতিষ্ঠিত করেছে।


এক নজরে ল্যারি অ্যালিসন

জন্ম: ১৭ আগস্ট, ১৯৪৪ যুক্তরাষ্ট্র
পড়াশোনা: ইলিনয় ও শিকাগো বিশ্ববিদ্যালয়
প্রতিষ্ঠান: ওরাকলের চেয়ারম্যান
পরিচিতি: ওরাকলের সহপ্রতিষ্ঠাতা
বেতন: ৭৭ মিলিয়ন ডলার (২০১৩)
মোট সম্পদ: ৪৯.৭ বিলিয়ন (আগস্ট ২০১৪)

আরও পড়ুন: