জীবনের কল্পনা প্রোগ্রামিংয়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চুয়েটে কম্পিউটার কৌশল উৎস​েব শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা l প্রথম আলো
চুয়েটে কম্পিউটার কৌশল উৎস​েব শোভাযাত্রায় অংশ নেন শিক্ষার্থীরা l প্রথম আলো

ক্লাস, ল্যাব ও পরীক্ষা—এই তিনের বৃত্তে ঘুরপাক ক্যাম্পাস–জীবন। অন্য কিছু ভাবার সময় কোথায়? তবে জীবনের কল্পনাগুলো যদি প্রোগ্রামিংয়ের ভাষায় রূপ দেওয়া যায়, তবে কেমন হবে? হ্যঁা, এমনটাই হয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট)। প্রোগ্রামিংয়ে নিজেদের কল্পনার প্রতিফলন ঘটিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শিক্ষার্থীরা।
‘প্রোগ্রামিংয়ে তুলে আনো তোমার কল্পনাকে’—এই আহ্বানে চুয়েটে ১৮ থেকে ২০ ডিসেম্বর অনুষ্ঠিত হয় তিন দিনব্যাপী কম্পিউটার কৌশল উৎসব-২০১৫। চুয়েটের কম্পিউটার কৌশল বিভাগ ও চুয়েট কম্পিউটার ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এ উৎসব। ছকে বাঁধা জীবন থেকে ক্ষণিকের মুক্তি নিয়ে উৎসবের রঙে মেতেছিলেন শিক্ষার্থীরা।
১৮ ডিসেম্বর উৎসবের প্রথম দিনটা ছিল অনেকটা প্রস্তুতিমূলক। সকালে উৎসব উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক মোহাম্মদ জাহাঙ্গীর। শুরুটা হয় গেমিং প্রতিযোগিতার প্রথম পর্ব দিয়ে। আরও ছিল প্রোগ্রামিং প্রতিযোগিতার পরিবেশে মানিয়ে নিতে ‘মক টেস্ট’।
দ্বিতীয় দিনেই পূর্ণতার দিকে এগিয়ে যায় উৎসব। গেমিং প্রতিযোগিতার আসর ছিল হইহুল্লোড়ে মুখর। প্রতিপক্ষের দলকে ধরাশায়ী করতে গেমারদের নিজেদের দলগত সেকি চেষ্টা! প্রোগ্রামিং প্রতিযোগিতায় অবশ্য তার উল্টো চিত্র। এখানে খেলাটা ছিল
মস্তিষ্কের, ঠান্ডা মাথায় সনির্বন্ধ দৃষ্টিতে প্রোগ্রামারদের সফলতার লড়াই। এই দুই প্রতিযোগিতার জমজমাট আয়োজনে প্রতিদ্বন্দ্বিতার আঁচ শুধু প্রতিযোগীদেরই নয়, লেগেছিল সব শিক্ষার্থীর মধ্যেই। তাই তো বিকেল হতেই ক্যাম্পাস উৎসুক হয়ে ওঠে দুই আসরের চ্যাম্পিয়নের খবর জানতে। এতে অংশ নেয় ৩৩টি দল। প্রোগ্রামিং প্রতিযোগিতায় বিজয়ী ও রানার আপ হয় যথাক্রমে মেয়েদের দল ‘চুয়েট পাইরো’ ও ‘চুয়েট ইনস্টেক’। অন্যদিকে গেমিং প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন ঢাকার রেদোয়ান আহমেদ, চুয়েটের তেল ও খনিজ প্রকৌশল বিভাগের মারুফ আলম এবং ‘চুয়েট ডেয়ার ডেভিলস’।
বহুপ্রতীক্ষিত ফ্লাশ মব আর আতশবাজির বর্ণিল চমকটা আসে সন্ধ্যায়। ফ্লাশ মবের নৃত্যের দক্ষতা ভালোই রপ্ত করেছেন চুয়েটে শিক্ষার্থীরা। নাচ দিয়ে আরও একবার মোহিত করেন দর্শকদের।
তৃতীয় দিনে উৎসবের জোয়ার যেন বাঁধ ভেঙে যায়। ঢোলের তালে তালে শোভাযাত্রায় যোগ দেন কম্পিউটার কৌশল বিভাগের শিক্ষার্থীরা। হাতে ছিল গুগল, ইয়াহু, স্কাইপের মতো প্রযুক্তি প্রতিষ্ঠানের ফেস্টুন, পোস্টার ।
এরপর সেমিনার শেষে প্রজেক্ট প্রদর্শনীতে শিক্ষার্থীরা মেলে ধরেন তাঁদের নতুন ধারণাগুলো। বিকেলে ক্যারিয়ারের সফলতার মন্ত্র নিয়ে কম্পিউটার কৌশলের শিক্ষার্থীদের সঙ্গে জমজমাট আড্ডায় বসেন চুয়েটের সফল প্রাক্তন শিক্ষার্থীরা।
সন্ধ্যার আয়োজনে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। কম্পিউটার প্রকৌশল শিক্ষার্থীদের জীবনের নানা দিক আর তাঁদের হাসি-কান্নার গল্পগুলো ফুটে উঠে শিক্ষার্থীদের নাচ, গান আর অভিনয়ে। তীব্র শীত উপেক্ষা করে রাতে জমে উঠে উৎসবের অন্যতম আকর্ষণ কনসার্ট। এতে গান পরিবেশন করে চট্টগ্রামের ব্যান্ডদল বে অব বেঙ্গল, অ্যাশেজ, নর্থ ২০১ ও ধ্রুবক।
অবশেষে ভাঙে মিলনমেলা।