জীবনের গতি পাল্টে দিতে পারে বই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমি তোমাদের এক কিশোরের কথা বলব। সে বেড়ে ওঠে পুরান ঢাকার এক ঘিঞ্জি গলি, কসাইপট্টিতে। যেখানে দিনরাতই ছিল ঝগড়া, খুনোখুনি, মারামারি। বলতে গেলে তার চারপাশ ঘিরে ছিল ঘোর অন্ধকার। তাকে সেই দম বন্ধ পরিবেশ থেকে আলোর ঠিকানা দেন এক স্কুলশিক্ষক। তিনি তার হাতে একটি বই তুলে দেন। বইয়ের ভেতর দিয়ে সে পাখিদের সঙ্গে বন্ধুত্ব গড়ে তোলে। আর বই পড়তে পড়তে রূপকথার রাজ্যে যেতে যেতে ওই কিশোরের জীবন পাল্টে যেতে থাকে।’ শিশুসাহিত্যিক আলী ইমামের মুখে মন্ত্রমুগ্ধের মতো সেই কিশোরের কাহিনি শুনছিলেন উপস্থিত দর্শক-শ্রোতা। আর যখন তাঁরা বুঝলেন কিশোরটা তিনি নিজেই, তখন সবাই অবাক না হয়ে পারেন না। বিশ্বসাহিত্য কেন্দ্রের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে আলী ইমাম নিজের জীবনের বিকাশের পেছনে বইয়ের ভূমিকার কথা এভাবেই জানালেন। শুক্রবার মিউনিসিপ্যাল মডেল স্কুলের মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক ফয়েজ আহম্মদ। স্বাগত বক্তব্য দেন বিশ্বসাহিত্য কেন্দ্র চট্টগ্রামের সমন্বয়কারী আবদুল আলীম। শুভেচ্ছা বক্তব্য দেন কথাসাহিত্যিক ও সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হরিশংকর জলদাস, মিডিয়া ব্যক্তিত্ব আবদুন নূর তুষার, বিশ্বসাহিত্য কেন্দ্রের সাবেক পরিচালক নজরুল ইসলাম, চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা দীপক চক্রবর্তী, বিশ্বসাহিত্য কেন্দ্রের শাখা সমন্বয়কারী সুমী খান প্রমুখ। পরে ধন্যবাদ জ্ঞাপন করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের বর্তমান পরিচালক হুমায়ূন কবির। সকাল আটটায় অনুষ্ঠানের সময় নির্ধারিত থাকলেও আগে থেকে শিক্ষার্থীরা বাবা-মায়ের হাত ধরে হাজির হতে থাকে। স্কুলের গেটে কার্ড দেখিয়ে সুশৃঙ্খলভাবে অনুষ্ঠানস্থলে প্রবেশ করে তারা। কিছুক্ষণের মধ্যেই পুরো স্কুলমাঠ কানায় কানায় ভরে ওঠে। পুরস্কার বিতরণ উৎসবে বইপড়া কর্মসূচির আওতায় নগরের ৭০টি স্কুলের দুই হাজার ৩১৭ জন শিক্ষার্থীর প্রত্যেকের হাতে পুরস্কার হিসেবে বই তুলে দেওয়া হয়। স্বাগত, শুভেচ্ছা, অভিনন্দন—এ তিনটি বিভাগে পুরস্কার নির্ধারিত ছিল। এর বাইরে বিশ্বসাহিত্য কেন্দ্রের আরও একটি বিশেষ পুরস্কারের ব্যবস্থা ছিল।