জীবনের গান নিয়ে 'চিৎকার'

চারপাশে দম বন্ধ করা বাস্তবতা। এ এমন এক সময় যখন প্রতিদিনই মানুষ মানুষকে পুড়িয়ে মারছে। কিন্তু এ দুঃসময় থেকে কী মুক্তি নেই প্রাণের? জীবনের গানের? গানে গানেই একদল তরুণ এই প্রশ্ন ছুড়ে দিচ্ছেন, চিৎকার করে তাঁরা গাইছেন, ‘জীবনের কাছে আজ, জীবনের মানে চাই’।১০ ফেব্রুয়ারি সন্ধ্যায় মিউজিক্যাল ব্যান্ড চিৎকারের প্রথম অ্যালবামের প্রকাশনা উৎসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শোনা যাবে সেই গান।
টিএসসির স্বোপার্জিত স্বাধীনতা মঞ্চে আগামীকাল সন্ধ্যা ছয়টায় হবে এই প্রকাশনা উৎসব। নিজেদের গানের কথা থেকে নিয়েই এই উৎসবের শিরোনাম ‘জীবনের কাছে আজ, জীবনের মানে চাই।’ ওপেন এয়ার কনসার্টের পাশাপাশি টেলিভিশন ও রেডিওতে বেশ কয়েক বছর ধরে গান করলেও এটাই চিৎকার ব্যান্ডের প্রথম অ্যালবাম। ব্যান্ড-সংস্কৃতির পুরোনো প্রথা মেনে চিৎকার ব্যান্ড নিজেদের প্রথম অ্যালবামের নামটিও রেখেছে ব্যান্ডের নামেই। অর্থাৎ চিৎকারের প্রথম অ্যালবামের নামও চিৎকার। জি-সিরিজ থেকে প্রকাশিত চিৎকার অ্যালবামটি ১০ ফেব্রুয়ারি থেকেই সারা দেশে পাওয়া যাবে।
মঙ্গলবার সন্ধ্যার এই আয়োজনে দর্শক-শ্রোতাদের প্রথম অ্যালবামের গানগুলো গেয়ে শোনাবে চিৎকার। পাশাপাশি এই অনুষ্ঠানে চিৎকারকে শুভেচ্ছা জানিয়ে গান গাইবে সহজিয়া, অন্যস্বর, সপ্তসিন্ধু, সূর্যসারথি, কফিল আহমেদ এবং চিৎকারের বন্ধু শিল্পীরা। এছাড়া চিৎকারের গান নিয়ে কথা বলবেন শিল্পসমালোচক-শিক্ষক ইমরান ফিরদাউস, রাজনৈতিক কর্মী ও লেখক বাকী বিল্লাহ, সংস্কৃতিকর্মী রফিকুল্লাহ রোমেল সানা, সংস্কৃতিকর্মী-সাংবাদিক আহমেদ মুনীরুদ্দিন, সংস্কৃতিকর্মী-যোগাযোগ বিশেষজ্ঞ বিপ্লব মোস্তাফিজ এবং কবি-সংগীতশিল্পী কফিল আহমেদ।
চিৎকার অ্যালবামের নয়টি গানেরই গীতিকার ও সুরকার পদ্ম। চিৎকারের লাইনআপ—ভোকাল ও মন্দিরা: পদ্ম, গিটার: রাব্বী, সজীব, ও অতনু, বেইজ: শুভ, ড্রামস: তুহিন। অ্যালবামটির সব গানের রেকর্ডিং ও মিক্সিং হয়েছে বাটার কমিউনিকেশন স্টুডিওতে। মাস্টারিং হয়েছে ভারতের মিউজিক রুম স্টুডিওতে। সবগুলো গানেরই রেকর্ডিস্ট ছিলেন অনিক আহমেদ। এই অ্যালবামের মিউজিক ও সাউন্ড প্রডিউসার পাভেল আরিন। অ্যালবাম প্রকাশক জি-সিরিজ।

অ্যালবামের গানগুলো হলো—যত দূর, হাতে হাত, হাট্টিমাটিম টিম, নদীর মত চলি, চলতি হাওয়া, রাত যায়, একা একা দিন, বৃষ্টি আসছে ও এখন ভাঙচুরের সময়।
প্রকাশনা উৎসবের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে বেছে নেওয়ার কারণ জানতে চাইলে চিৎকারের ভোকাল ও দলনেতা পদ্ম বলেন, ‘বলা যায় অনেকটা এই ক্যাম্পাস থেকেই চিৎকারের গানের যাত্রা শুরু হয়েছিল। প্রথম দিকে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেই আমরা গান করতাম। এরপর বিভিন্ন জেলায়, এখানে-সেখানে গান করেছি। টেলিভিশন, রেডিওতে গিয়েছি তারও কয়েক বছর পর। তাই অ্যালবাম প্রকাশটাও আমরা এখানেই করতে চেয়েছি।’
পদ্ম আরও বলেন, ‘আসলে ক্যাম্পাসে টুংটাং গান গাইতে গাইতেই গানের দল গড়া। বিগত সময়ের বিভিন্ন ছাত্র-আন্দোলনসহ নানা সামাজিক-সাংস্কৃতিক আন্দোলনে গান গেয়েছি আমরা। আর ক্যাম্পাসে পথে পথে গান গেয়ে বেড়ানোর কারণেই হয়তো কথা ও সুরের মিলিয়ে চিৎকারের গানগুলোর ধরন এমন হয়েছে। আমাদের এই অ্যালবামে যেমন মেলোডিয়াস ধারার গান আছে, তেমনি আছে রক ধারার গানও।’
‘চিৎকার’ অ্যালবাম প্রকাশনা উৎসবের ইভেন্ট লিঙ্ক:
https://www.facebook.com/events/1596929520542638