জীবনের জন্য হাঁটাহাঁটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নগরজীবন মানেই অসহনীয় যানজট, গাড়ির কালো ধোঁয়া, শব্দদূষণ ও কর্মব্যস্ততা। তবে সকালবেলা এর ব্যতিক্রম, রাস্তায় গাড়ির ঝামেলা নেই, কালো ধোঁয়া নেই, মোড়ে মোড়ে ইভ টিজিং নেই, তাই এ সময় একটু বের হই প্রাণ ভরে নিঃশ্বাস নিতে, প্রিয় শহরটাকে দেখতে।’ সকালে সিআরবি পাহাড়ে হাঁটতে হাঁটতে কথাগুলো বলছিলেন রুপা দত্ত। প্রতিদিন ভোরে এ রকম আরও অনেক স্বাস্থ্যসচেতন নাগরিক ব্যায়াম ও প্রাতঃভ্রমণের জন্য বের হন বাসাবাড়ির কাছাকাছি কোনো মুক্ত অঙ্গনে। নগরের ডিসি হিল, পরির পাহাড়, সিআরবি এলাকা, এম এ আজিজ স্টেডিয়াম এলাকা, জিলাপি পাহাড়, লালদীঘি পার্ক, অভয়মিত্রঘাট, পোর্ট কলোনি এলাকা, বিপ্লব উদ্যান প্রাতঃভ্রমণকারীদের প্রিয় জায়গা। একই স্থানে হাঁটাহাটি করতে করতে, প্রতিদিন হাঁটতে হাঁটতে প্রাতঃভ্রমণকারীদের মধ্যে গড়ে উঠছে হূদ্যতা। আর সবাই মিলিত হয়ে গঠন করেছেন কয়েকটি সংগঠন। এর মধ্যে শতায়ু অঙ্গন, উজ্জীবন, প্রভাতী আসর, দীর্ঘায়ু, চিরঞ্জীব হেলথ ক্লাব, ইউনিটিসহ আরও কয়েকটি সংগঠন উল্লেখযোগ্য। শতায়ু অঙ্গনের বিভিন্ন জায়গায় শাখাও রয়েছে। প্রায় দুবছর ধরে ডিসি হিলে হাঁটছেন টেরিবাজারের কাপড় ব্যবসায়ী রফিকুল আলম। তিনি জানালেন, ‘যখন হাঁটাহাঁটি করতাম না তখন শরীর একটু মোটা ছিল। কোনো কিছু ভালো লাগত না। হাঁটাহাঁটি শুরু করার পর সারা দিন শরীর মন ঝরঝরে লাগে, খেয়ে আরাম পাই। শান্তিতে ঘুম হয়।’ সকাল সাতটার দিকে ডিসি হিলে দেখা যায় এক মজার দৃশ্য। একজায়গায় প্রায় শতাধিক লোক একসঙ্গে বিচিত্র ধরনের আওয়াজ তুলে ব্যায়াম করছেন। কেউ কেউ দলবেঁধে করছেন হাঁটাহাঁটি। সংঘবদ্ধভাবে ব্যায়াম করার প্রয়োজনীয়তা সম্পর্কে দীর্ঘায়ুর সদস্য প্রবীর রায় চৌধুরী বলেন, ‘একা একা ব্যায়াম করলে একঘেয়ে লাগে। কিছুদিন পর উৎসাহ কমে যায়। কিন্তু সংঘবদ্ধভাবে ব্যায়াম করলে সহজে ক্লান্তি আসে না।’ প্রতিদিন সকালে এমএ আজিজ স্টেডিয়ামে বসে প্রভাতী আসরের আড্ডা। ৩০ বছর ধরে বসছে এ আড্ডা। আড্ডার সদস্যরা নিজেরা হাঁটেন ও সবাইকে হাঁটতে উৎসাহিত করেন। এ দলের সদস্য ফারুক ই আজম বীরপ্রতীক বলেন, ‘একটি দিনের সঙ্গে অন্য একটি দিনের পার্থক্য বোঝা যায় সকালে। সবাই অসুস্থ হবার পর প্রাতঃভ্রমণ শুরু করেন, আমরা সুস্থ থাকাবস্থায় প্রাতঃভ্রমণ শুরু করেছি তাই আমাদের এখনো কিছু হয়নি।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক মাসুদ মাহমুদ বলেন, ‘আগে হাঁটতাম প্রয়োজনের তাগিদে, এখন হাঁটি জীবনের জন্য।’ হাঁটাহাঁটির উপকারিতা সম্পর্কে চিকিৎসক টি কে চৌধুরী ও সরওয়ার উদ্দীন আহমদ বলেন, ‘নিয়মিত হাঁটলে ১৩২ রকম রোগ থেকে মুক্তি পাওয়া যায়। সারা দিনের কাজ করার শক্তি প্রাতঃভ্রমণ থেকে সংগ্রহ করা যায়।’ তবে প্রাতঃভ্রমণে গিয়ে নানা সমস্যার কথাও জানালেন সংশ্লিষ্ট লোকজন। ডিসি হিলে হাঁটতে আসা আইনজীবী জালাল উদ্দিনের অভিযোগ, ‘ডিসি হিলে অনেক দূর থেকে মানুষ হাঁটতে আসেন। এঁদের মধ্যে অনেক নারীও আছেন। কিন্তু এখানে কোনো শৌচাগার নেই। চারপাশ ময়লা-আবর্জনায় ভরে থাকলেও নিয়মিত পরিষ্কার করার জন্য কোনো পরিচ্ছন্নকর্মী নেই। বিকেলে বখাটেদের উৎপাত দেখা যায়। তারা মেয়েদের উত্ত্যক্ত করে। ডিসি হিলের অবকাঠামোগত উন্নয়ন, রাস্তা সম্প্রসারণ, বেদখল হওয়া স্থান উদ্ধার এবং মোমিন সড়কের সামনে একটি ফটক তৈরি করার দাবি জানান স্বপন কুমার পালিত, মনসুর আহমেদসহ অনেকে। লালদীঘি পার্কে অনেক দিন ধরে হাঁটছেন মানিক দেবনাথ। তিনি জানালেন ‘লালদীঘি ও ডিসি হিলের রাস্তাগুলো সরু। চার-পাঁচ বছর আগের তুলনায় স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি পাওয়ায় মানুষের চাপ বাড়ছে পার্কগুলোতে। কিন্তু সে অনুযায়ী স্থান সংকুলান হচ্ছে না।’ ডিসি হিলে হাঁটতে আসা শামসুন নাহার জানালেন, তাঁরা সকালে বাসার কাজ শেষ করে হাঁটতে আসেন এবং পরিবারের অন্য সদস্যদের আসতে উৎসাহিত করেন। তিনি হেসে বলেন, ‘আমরা যাঁরা নিয়মিত হাঁটতে আসি তাঁদের কেউ মারা যায়নি!’