জীবনের জয়গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে অপি করিম আর কুসুম শিকদার কেহ কারে নাহি জিনে। অপি ধরতে চান, কুসুম হাত ফসকে যান। ঘটনাটা একটু খোলাসাই করি—কুসুম মঞ্চে আসার পর দর্শকদের দাবি গান গাইতে হবে। চেপে ধরলেন অপিও। কিন্তু কুসুম আর ধরা দেন না। এই কথা সেই কথা বলে পার পাওয়ার চেষ্টা। অপি ভাববার সময় দিয়েও কাজ হয়নি। কিছুতেই গাইবেন না কুসুম। শেষে হাল ছেড়ে অপি নিজেই গাওয়া শুরু করলেন। তাও বাংলা নয়, চাকমা গান। দর্শক সারিতে তখন তুমুল করতালি আর হর্ষধ্বনি। গত শুক্রবার বাংলালিংক-প্রথম আলো মাদকবিরোধী কনসার্টে গানে-কথায় মেতেছিল হাজারো তরুণ-তরুণী। ফ’য়স লেকে কনকর্ড অ্যামিউজমেন্ট পার্কে বসেছিল প্রথম আলো ট্রাস্টের মাদকবিরোধী আন্দোলনের এই আয়োজন।সকাল থেকে ঝুম বৃষ্টি। বিকেলে বৃষ্টি ধরে এলেও কালো মেঘের দাপট থেকেই গেছে। ক্ষণে ক্ষণে ঝরছে। কিন্তু তারুণ্য কী কোনো বাধা মানে, সব বাধাকে বৃদ্ধাঙ্গুলি! বৃষ্টি মাথায় নিয়ে হাজির সবাই। মননে-স্লোগানে একাট্টা সবাই হাত উঁচিয়ে শপথ ‘মাদককে না।তখন ঘড়ির কাঁটা চারটার কাছাকাছি। কনসার্টে আগতরা এদিক ওদিক ঘুরোঘুরিতে ব্যস্ত। মাইক্রোফোনে অপি করিম ফু দিতেই হ্যামিলনের বাঁশির মতো সবাই ছুটে এল মঞ্চের কাছে। অবসান এতক্ষণের অপেক্ষার। পাহাড়ের কোলে লেকের ধারে ভিড়ল সুরের সাম্পান। শুরুতেই গিটারে সুর তোলেন ইমরান। এরপর বাউল গান নিয়ে রিঙ্কুর আগমন। ‘কী দেব তার প্রতিদান/ মন মজালে ওরে বাউলা মন’ বলে টান দিতেই উন্মাতাল তারুণ্য। গানের সঙ্গে রেলগাড়ি নাচে নজর কাড়ে বন্ধুসভার বন্ধু রুবেল, রাহাত, ফাহিম, জামসেদ, হাবিবরা। শিল্পীর গানের সঙ্গে কণ্ঠ মিলিয়ে তাঁদের গাড়ি চক্কর দিয়েছে বেশ কয়েকবার। উদ্যমী এ তরুণেরা সারাক্ষণই মেতে ছিল নাচে-গানে। রুবেল জানান, মাদকবিরোধী এ আয়োজনে মূলমন্ত্র সমাজে ছড়িয়ে দিতে কাজ করেন তাঁরা। সুন্দর জীবন কখনো মাদকে যেন কুিসত হয়ে না ওঠে। সে কথাই ফেরি করে বেড়ান তাঁরা।শুধু কী বন্ধুসভা, ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়ন্সেস বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও কম কিসে। গোল করে সদলবলে নেচে চলেছেন ইসফাক, নয়ন, ঐশী, আরমান, রাফসান, প্রীতি, মৌমিতারা। কাছে গিয়ে কেমন লাগছে জিজ্ঞেস করতেই সমস্বরে চিত্কার ‘অনেক ভালো।’ ‘মাদকের কাছে কখনোই সমর্পণ নয়। এমনকি সিগারেটেও না। আমাদের বন্ধুদের এই শপথ সবসময়ের জন্য। অন্য তরুণদের প্রতি আমাদের আহ্বান মাদক সমাধান নয়, কাল সাপ। যার ছোবলে ছারখার হবে জীবন।’ বলছিলেন ইসফাক। তাঁর কথায় সায় দিল বন্ধুরা।অনুষ্ঠানে অতিথিদের কথায়ও বার বার উচ্চারিত হয়েছে মাদকের ভয়াবহতা। কৌতূহল কিংবা হতাশায়ও মাদক নেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তাঁরা।কনসার্টে একের পর এক তারকার গানে সন্ধ্যা নামে ফয়’স লেকে। গান করেন ন্যান্সি, এস আই টুটুল ও তাঁর দল ধ্রুবতারা, আসিফ আকবর ও ব্যান্ড দল চিরকুট। অনুষ্ঠানে ‘কানামাছি সত্য/ কানামাছি মিথ্যা’ দিয়ে শেষ পর্যন্ত মাতিয়ে রাখেন চিরকুটের সদস্যরা।