জীবনের ঝুঁকি নিয়ে চলছে পাঠদান
কখন ছাদ ধসে পড়ে এই ভয় নিয়ে বিদ্যালয়ে যায় শিক্ষার্থীরা। জীর্ণ ভবনে ভয়ে ভয়ে পাঠদান করেন শিক্ষকেরা। ফেনীর সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়নের চান্দলা বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের চিত্র এটি। ঝুঁকিপূর্ণ ভবনেই চলছে এই বিদ্যালয়ের কার্যক্রম। বিষয়টি নিয়ে উদ্বিগ্ন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। তবু বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় জীর্ণ ভবনেই চলছে পাঠদান। সম্প্রতি সরেজমিনে গিয়ে দেখা যায়, বিদ্যালয় ভবনের চারটি কক্ষই ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। চারটি কক্ষের তিনটি শ্রেণীকক্ষ এবং অন্যটি কার্যালয় হিসেবে ব্যবহূত হয়। প্রতিটি শ্রেণীকক্ষের ছাদের পলেস্তারা খসে পড়েছে, বারান্দার পিলার ও দেয়ালে ফাটল ধরেছে। ভেঙে পড়েছে অধিকাংশ দরজা জানালা।বিদ্যালয় সূত্রে জানা গেছে ১৯৯৫ সালে ৬২ শতক জমির ওপর এ বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। বর্তমানে বিদ্যালয়ে চারজন শিক্ষক ও ১২৯ জন শিক্ষার্থী রয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম চৌধুরী জানান, বিদ্যালয় ভবনটি নির্মাণ করার সময় নিম্ন মানের নির্মাণ সামগ্রী ব্যবহার করা হয়েছে। এজন্য অল্প দিনেই ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে বিদ্যালয় ভবন। বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা রেহানা আক্তার ও আইনুন নাহার জানান, প্রতিদিন শ্রেণীর কার্যক্রম চলার সময় শিক্ষার্থীদের গায়ের ওপর ছাদের পলেস্তার খসে পড়ে। বর্ষাকালে বৃষ্টি হলেই ছাদ চুঁইয়ে পানি পড়ে আসবাবপত্র ভিজে যায়। বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী রজিনা আক্তার ও পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ইমাম হোসেন বলে, ‘আমরা স্কুলে এসে সব সময় ভয়ের মধ্যে থাকি, কখন মাথায় ইটের টুকরা খসে পড়ে। কিছুক্ষণ পর পর ওপরের দিকে তাকিয়ে থাকি।’ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিজাম উদ্দিন পাটোয়ারী প্রথম আলোকে জানান, বিকল্প কোনো ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই শ্রেণীর কার্যক্রম চালিয়ে যেতে হচ্ছে। বিদ্যালয় ভবন সংস্কারের জন্য ইতিপূর্বে একাধিকবার উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি দেওয়া হয়েছে। সোনাগাজী উপজেলা শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ আলী বলেন, ‘আমি একাধিকবার বিদ্যালয় ভবনটি পরিদর্শনে গিয়েছি। ঝুঁকি নিয়ে শিক্ষার্থী ও শিক্ষকেরা শ্রেণীর কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। জরুরি ভিত্তিতে ওই ভবনটি ভেঙে নতুন ভবন তৈরি করার জন্য শিক্ষা মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠিয়েছি।’