জীবনের ত্রিমুখী সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আলিয়ঁস ফ্রঁসেসের উদ্যোগে চলছে দেশি-বিদেশি আলোকচিত্র প্রদর্শনী। ‘চিটাগাং লাইফ লাইন অব এ সিটি’ শীর্ষক প্রর্দশনীতে ১৩ আলোকচিত্রীর ৬৪টি ছবি রয়েছে। ১১ জানুয়ারি প্রদর্শনীর উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের পরিচালক মাহফুজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন আলিয়ঁস ফ্রঁসেসের পরিচালক স্যামুয়েল বেরথে, আলোকচিত্রী শোয়েব ফারুকী প্রমুখ। প্রদর্শনীটি বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। চলবে ২০ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে আলোকচিত্রী আন্ গার্দ ও লোর ভেরনিয়ের ছবি প্রশংসিত হয়েছে। আন্ গার্দের ‘নেবার নাইট’ বেশ আলোচিত হয়। একটি ছবিতে শূন্য লোহারপাতে তিন শ্রমিকের দাঁড়িয়ে থাকার দৃশ্য, জীবনের সীমাহীন ঝুঁকির কথা মনে করিয়ে দেয়। অপর ছবিতে পাশাপাশি নোঙর করেছে আকাশচুম্বি জাহাজ ও একটি নৌকা, বিপরীতে ট্রাকের সম্মুখভাগ, যেন জীবনেরই ত্রিমুখী সমীকরণ। লোর ভেরনিয়ের ‘পোলারাইড পোর্ট্রেট’ শিরোনামে ছবিতে নানা পেশার ১০ জন মানুষ ও দুই মেরুর দুটি চিত্র। এত মানুষের ধূসর ও বর্ণিল অবস্থান তুলে ধরা হয়েছে। চট্টগ্রাম বন্দর, বন্দরকেন্দ্রিক মানুষ, পোশাককারখানার শ্রমিক ও কর্ণফুলী নদীর জেলেদের জীবনচিত্র নান্দনিকভাবে তুলে এনেছেন আলোকচিত্রীরা। দিদারুল আলম চৌধুরীর ‘রাতের কর্ণফুলী’তে আলোর মেলা, মোরশেদ হিমাদ্রীর ‘আগুনের কুণ্ডলী’, নাইমা পারভীনের শিপইয়ার্ডের তেজস্ক্রিয়তার ছবি জীবনের গানই গায়। সুমন পাল হিমুর প্রকৃতি ভেদ করে সূর্যোদয়ের দৃশ্য উপভোগ্য ছিল।