চট্টগ্রামে কুমার বিশ্বজিৎ দুরন্ত সময় কাটিয়েছেন। সীতাকুণ্ডে তাঁর বাড়ির পেছনে ছিল রেললাইন। তার পাশে দিঘি। বাড়ির সামনে ছিল শানবাঁধানো পুকুরঘাট। স্কুলবেলায় সেসব জায়গায় বন্ধুদের সঙ্গে তাঁর সময় কাটত। ভূতের গল্প থেকে শুরু করে মানুষের চাঁদে যাওয়া, কোথায় কে কখন কী আবিষ্কার করেছেন—এসব নানা বিষয় নিয়ে তাঁরা মেতে থাকতেন। বন্ধুদের সঙ্গে দল বেঁধে গাছের নারকেল, খেজুরের রস চুরি করতেন। তার জন্য মায়ের পিটুনিও খেয়েছেন। সেই সময়ের সঙ্গী বিষ্ণু, জসিম, বাচ্চু, পিন্টু ও রাখালদের এখনো ভোলেননি তিনি। ভালো ফুটবলও খেলতেন কুমার বিশ্বজিৎ। একবার গোলকিপারের দায়িত্ব নিয়ে নিজের পাড়ার পক্ষে খেলতে গিয়ে অনেকগুলো গোল হজম করেছিলেন। পরে বাজারের সামনে দিয়ে আসার সময় মানুষের ভর্ৎসনা শুনে বুঝেছিলেন এতগুলো মানুষের পক্ষে খেলতে গিয়ে তাঁর আরও সিরিয়াস হওয়া উচিত ছিল। তখনই প্রতিনিধিত্বের গুরুত্বটা অনুভব করেছিলেন। কলেজে পড়ার সময় ১৯৭৭ সালে রিদম ৭৭ নামে ব্যান্ড গড়ে তোলেন। সেই সময় সঙ্গে ছিলেন পিলু, মিকি মান্নান, মঙ্গু, বাচ্চু। সে সময় সিটি কলেজের নতুন বিল্ডিংয়ের খালি একটি কক্ষে বসে বন্ধুদের নিয়ে বসতেন। আলকরণে নিজেদের বাসার মহড়াকক্ষে বসেও আড্ডা চলত।১৯৮০-এর দিকে ফিলিংস প্রতিষ্ঠা করেন। সে সময় গান হতো আগ্রাবাদ হোটেলে। সেখানকার একটি কক্ষে মহড়া দিতেন। সেখানেও আড্ডা জমত। সেই আড্ডার সঙ্গী ছিলেন র্যালি, আইয়ুব বাচ্চু, রুডি। সেই সময়ের কথা শুনুন বিশ্বজিতের মুখে, ‘সংগীতের পোকাটা মাথার ভেতর এমন কিলবিল করত যে অন্য কিছু আর মাথার ভেতর আসত না। আমার ভাবনা দখল করে রেখেছিল মিউজিক। একটি মিউজিক কীভাবে তোলা যায়, বিখ্যাত মিউজিশিয়ানরা কেমন করে বাজায়, আযম খান বা ফেরদৌস ওয়াহিদ কোন গানের কড কীভাবে বাজাল, সেগুলো নিয়েই চিন্তা করতাম সব সময়।’ আগ্রাবাদ হোটেলে যে কক্ষে মহড়া দিতেন সেখানে গরমে ঘেমে-নেয়ে যেতেন। কারণ, এসি ছাড়া বারণ ছিল। তখন এত বেশি তৃষ্ণার্ত থাকতেন, কোনো রকমে নিচে নেমে বাচ্চুকে নিয়ে কমার্স কলেজের কোনার কল থেকে পানি খেয়ে বাসায় ফিরতেন। বিশ্বজিতের আড্ডার অনেক বন্ধু এখন দেশের বাইরে। তাঁদের কথা এখনো মনে পড়ে। দেশের বাইরে কোনো অনুষ্ঠান করতে গেলে হয়তো তাঁদের সঙ্গে দেখা হয়। তখন স্মৃতিচারণা হয়। ১৫ বছর পর একবার সাজুর সঙ্গে দেখা হয়েছিল ফ্লোরিডায়।কলেজে পড়ার সময় বোস ব্রাদার্স খাবার তাঁর খুব প্রিয় ছিল। এ ছাড়া জেএম সেন স্কুলের পাশে পিঁয়াজু, চকবাজারের গলদা চিড়িং, সাধুর মিষ্টির প্রতি দুর্বলতা ছিল কুমার বিশ্বজিতের। তবে সব দুর্বলতা পাশ কাটিয়ে এখন তিনি পুরোদস্তুর গানের মানুষ। গানের প্রতি ভালোবাসার কারণে ৩০ বছর ধরে তিনি শ্রোতাদের কাছে সমান জনপ্রিয়।