জীবনের নতুন অধ্যায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তখন দুপুর ১২টা। নগরের ব্যস্ততম এলাকা টাইগার পাস মোড়ে দাঁড়িয়ে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করছিলেন ৫০ বছর বয়সী এক লোক। ক্রাচে ভর দিয়ে কাজ করছিলেন তিনি। গায়ে সিটি করপোরেশনের মনোগ্রাম সংবলিত নীল পোশাক। কাছে গিয়ে প্রশ্ন করতে জানান, তাঁর নাম মো. দুলাল (৫০)। গ্রামের বাড়ি ঢাকার ডেমরায়। একসময় ভিক্ষা করে দিন চলত। স্ত্রী, দুই মেয়ে ও এক ছেলে নিয়ে থাকেন ঝাউতলার একটি বস্তিতে। গত বছরের ১৩ মার্চ চট্টগ্রাম সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগ তাঁকে পুনর্বাসন করে। এখানে চাকরি পাওয়ার পর আর ভিক্ষা করেন না।মো. দুলাল একা নন, তাঁর মতো শারীরিক প্রতিবন্ধী মো. মহসিন (৩০), মো. দুলহাস (৫৫), তোফাজ্জল হোসেন (৬০) এবং দৃষ্টি প্রতিবন্ধী মো. বাবুল হোসেন (৫৫) ও মো. শাহজাহান (৫৫) এখন সিটি করপোরেশনের হয়ে যানবাহন নিয়ন্ত্রণের কাজ করছেন । এঁরা সবাই একসময় ভিক্ষা করতেন। খোঁজ নিয়ে জানা যায়, ২০১১ সালের বিশ্বকাপ ক্রিকেট টুর্নামেন্ট উপলক্ষে চট্টগ্রামে আসা বিদেশি খেলোয়াড় ও দর্শকদের ভিক্ষুকদের উপদ্রব থেকে রক্ষার জন্য চট্টগ্রাম সিটি করপোরেশন এমন অভিনব পন্থা অবলম্বন করে। তখন ভিক্ষুকদের এক মাস কোনো ভিক্ষা না করার শর্তে জনপ্রতি মাসিক চার হাজার টাকা ভাতা প্রদান করা হয়। পরে এঁদের মধ্য থেকে ৫০ জন প্রতিবন্ধী ভিক্ষুককে মাসিক ছয় হাজার টাকা বেতনে সিটি করপোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ বিভাগে চাকরি দেওয়া হয়। যাঁদের মধ্যে পাঁচজন নারীও আছেন।এক ছেলে ও তিন মেয়ের জনক মো. দুলহাস বলেন, ‘আগে যখন রাস্তায় ভিক্ষা করতাম, তখন মানুষ নানা কথা বলত, অনেকে ভিক্ষা দিতে চাইত না। মানুষের করুণায় বেঁচে থাকতে হতো। এখন নিজে পরিশ্রম করে খাই।’ তাঁর একমাত্র ছেলেটি সপ্তম শ্রেণীতে পড়ে। বড় মেয়ে পড়ে প্রথম শ্রেণীতে। বাকি দুই মেয়ে এখনো ছোট। ছেলে-মেয়ের ভবিষ্যৎ নিয়ে খুব আশাবাদী দুলহাস বলেন, ‘নিজে রাস্তায় ভিক্ষা করেছি কিন্তু ছেলেমেয়েকে ভিক্ষুক বানাতে চাই না। পড়ালেখা শিখিয়ে মানুষ করতে চাই।’দৃষ্টি প্রতিবন্ধী শাহজাহান বলেন, ‘এখন আমরা অনেক সুখী। এখন কারও কাছে হাত পাততে হয় না। নিজে পরিশ্রম করে খাই।’ দৃষ্টিশক্তি ছাড়া কাজ করতে সমস্যা হয় কি না জানতে চাইলে বলেন, ‘প্রথম প্রথম সমস্যা হতো। কিন্তু এখন তেমন হয় না, কারণ সহকর্মী যাঁরা চোখে দেখেন, তাঁরা সহযোগিতা করেন।’ প্রতিদিন সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত টাইগার পাস, লালখান বাজার, ওয়াসার মোড়সহ নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন নিয়ন্ত্রণে ট্রাফিক পুলিশের পাশাপাশি কাজ করছেন এসব প্রতিবন্ধী লোকজন। শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি ছাড়াও বিভিন্ন সরকারি ছুটির দিনগুলোয় কোনো দায়িত্ব পালন করতে হয় না তাঁদের। বিশেষ কারণে দায়িত্ব পালন করলে এর জন্য অতিরিক্ত পারিশ্রমিক পান। তোফাজ্জল হোসেনসহ কয়েকজন প্রতিবন্ধী জানান, যদি সরকার এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান প্রতিবন্ধীদের পুনর্বাসন ও কর্মসংস্থানের ব্যবস্থা করে, তাহলে তাঁদের আর ভিক্ষা করতে হবে না। তাঁরাও সমাজে মর্যাদা নিয়ে বেঁচে থাকতে চান।