ুকথাগুলো ক্লিশে, তাই সাবধান করে দিচ্ছি—আমি পড়াশোনা করেছি দর্শনশাস্ত্রে। তাই মূল কথায় পৌঁছানোর আগে একটু অন্য প্রসঙ্গেও ঘোরাফেরা হতে পারে।১৯৮৯ সালে আমি রিড বিশ্ববিদ্যালয়ে পড়ছিলাম। আমার নির্বোধ মস্তিষ্কে একটা ব্যাপার ঢুকে গেল। বিভিন্ন বিভাগের অধ্যাপকদের অফিসে ঢুকে পড়তাম আর বিনা ভূমিকায় তাঁদের প্রশ্ন করে বসতাম—জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসটা কী? মোটামুটি সবার কাছ থেকেই জবাব পেয়েছি। তবে দু-একজন যে বিস্মিত হয়ে তাকাতেন না, তা নয়। কয়েকজন আমাকে বাঁধাধরা উত্তরটাই দিয়েছেন—সুখ। সবশেষ যাঁকে জিজ্ঞেস করলাম, তিনি মারভিন লেভিচ, পরে আমার থিসিস অ্যাডভাইজর হয়েছিলেন। তাঁর সেই ‘তুমি কি পাগল হয়ে গেছ’—দৃষ্টি এখনো মনে পড়ে। বিড়বিড় করে বললেন তিনি—জ্ঞান। তবে তাতে দৃঢ়তা ছিল না। শেষমেশ আমার উত্তরটাই বললাম—সততা। অধ্যাপকও মেনে নিলেন।আমি এখনো মনে করি, সততা খুব গুরুত্বপূর্ণ। সেই ক্লিশে প্রসঙ্গে ফিরে আসি। জীবনের অর্থ কী?আপনারা উত্তর দেবেন সুখ, সে সম্ভাবনাই বেশি। কিন্তু তাতে আসলে কিছু বোঝা যায় না। কারণ, সব মানুষ তো একই জিনিসে সুখী হয় না। আমরা তাই খুঁজি কোন জিনিসটি আমাকে সুখী করবে। উত্তর তো পাওয়া গেল। কিন্তু একটা সমস্যা রয়েই যায়। জীবনের মানে নিয়ে প্রশ্ন তোলার প্রসঙ্গটা তো শেষ হচ্ছে না। আমার মনে হলো, অধ্যাপক হতে পারলেই আমি সবচেয়ে সুখী হব। তখনো কিন্তু আমি জীবনের অর্থ খুঁজতেই থাকব।‘জীবনের অর্থ কী’ প্রশ্নটা তোলাই বোধহয় বিব্রতকর। জীবনের তো একটা লক্ষ্য থাকতেই হবে। যে লক্ষ্য পূরণের জন্য আপনি সারা দিন কাজ করবেন। আপনার প্রশ্ন তোলার মানেই হলো এমন কোনো লক্ষ্য আপনার জীবনে নেই। দিশেহারা, ভাসমান জীবন আপনার।ঠিক আছে, জীবনের লক্ষ্য নিয়ে না-ই ভাবলাম। মানুষ কেন জীবন দেয়, সেটা ভেবে দেখুন। যেসব বীর যুদ্ধে বা কাউকে বাঁচানোর জন্য প্রাণ দেন, তাঁদের কথাই ধরুন। তবুও কেউ বলে না তাঁদের জীবন অর্থহীন। বরং তাঁদের ত্যাগটাই যেন জীবনকে নতুন অর্থ দেয়। আমি বুঝতে পেরেছি, শেষ পর্যন্ত আসলে আমি অন্যের জন্যই ভাবি। আমার স্ত্রী, আমার সন্তান, আত্মীয়স্বজন, সহকর্মী, বন্ধু। আমার মনে হয় বাকিরাও আমার মতো করেই ভাবে। আমি অবশ্য বলছি না যে আসলে এটাই হওয়া উচিত। যা সাধারণত হয়, তা-ই বলছি। এ কথাগুলো আশ্চর্য শোনাতে পারে। কারণ, মানুষ আগে নিজের কথাই ভাবে—এমন ধারণা প্রচলিত। আমি মনে করি, ব্যাপারটা উল্টো। আমাদের আশপাশের মানুষের জীবন আরও সুন্দর হবে কীভাবে—এটাই আমাদের তাড়না। আমরা আসলে কাছের মানুষদের জন্যই কাজ করি। বিয়ের পর, সন্তান হওয়ার পর আমি এ ব্যাপারে নিশ্চিত হলাম।প্রশ্ন উঠতে পারে তাহলে বিবেকহীন, ক্ষমতালোভী মানুষের বেলায় কী হয়? তাঁরা কার জন্য ক্ষমতা চান? অবশ্যই তাঁদের নিজেদের জন্য। কিন্তু তাঁদের কাছেও অন্য কারও খুশি গুরুত্বপূর্ণ। এই ‘অন্য কেউ’টা থাকতেই হবে। কে-ই বা শুধু নিজের জন্য ক্ষমতা চান না। এটা জ্ঞান অন্বেষণকারী বা শিল্পীদের জন্যও প্রযোজ্য। সমাজের মানুষ, শ্রোতা ছাড়া তাঁদের কাজটা তো বৃথাই হয়ে যায়।তো জীবনের অর্থ কী? আমার উত্তর হলো, আমার কাছের মানুষদের সুখী করার জন্য কাজ করা।আমাদের সবার চোখেই বড় স্বপ্ন থাকে। বাস্তবতা একসময় হানা দেয়, যা আমরা হতে চাই তা আর হয়ে ওঠা হয় না। আমার বেলায় এমনই হয়েছে। দর্শনের অধ্যাপক হওয়ার কথা ছিল, এখন এনসাইক্লোপিডিয়া ওয়েবসাইট পরিচালনা করছি। এটা ভালো বা খারাপ যা-ই হোক, যা করেছি তা আসলে করব বলে ভেবে রাখিনি।বয়স যখন কম, তখন আসলে আমরা বুঝতে পারি না কোন জিনিসটা আমাকে বা আমাদের কাছের মানুষকে সুখী করবে। আমার কথায় আহত হবেন না। আমাদের কাছের মানুষ আসলে কারা, সেটাই হয়তো তখনো বোঝা হয় না। উচ্চাকাঙ্ক্ষা নিয়ে ক্যারিয়ার গড়ার জন্য ছুটতে পারি, একটা সময়ে এসে মনে হবে এ কাজটা তো আমি ঘৃণা করি। মানুষের চাওয়া, মূল্যবোধ, আগ্রহ সময়ের সঙ্গে বদলায়। এই বদলটা যদি বুঝতে না পারি, তাহলেই কিন্তু নিজের থেকে বিচ্ছিন্ন হয়ে পড়তে হবে।এই সময়ের জীবনযাত্রা আমাদের এমনটাই বিচ্ছিন্ন করে ফেলছে। তার কারণ হলো, জীবনটা এখন চিত্রনাট্যের মতো হয়ে যাচ্ছে। কীভাবে জীবনে প্রতিষ্ঠা পেতে হবে তার ফর্মুলা যেন বলে দেওয়া আছে এই চিত্রনাট্যে। আমরা এই চিত্রনাট্যই অনুসরণ করে যাই। আমরা উচ্চাকাঙ্ক্ষী, জীবনে প্রতিষ্ঠা পেতে চাই। কিন্তু এ জন্য কোনো ঝুঁকি নিতে চাই না। চিত্রনাট্য অনুযায়ী চলে আমরা পেতে পারি শিক্ষা, ভালো বেতনের চাকরি, প্রতিষ্ঠা, সম্মান, সুখী পরিবার। মন্দ নয় ব্যাপারটা। কিন্তু সমস্যা হয় তখনই, যখন আপনি আবিষ্কার করবেন এ কাজগুলো আসলে আপনার নীতির বিরুদ্ধে যাচ্ছে। এখানেই প্রয়োজন সততার।শেষটা আমি এভাবে বলতে চাই। সারা জীবন আমাদের উচিত বারবার ভাবা—প্রিয়জনদের সুখী করার জন্য আমার কী করা উচিত। সততার সঙ্গে বাঁচা খুব কঠিন কিন্তু এটাই একমাত্র উপায়, যাতে আমরা একটা অর্থপূর্ণ জীবন পেতে পারি। আর আপনাদের আমি সেই শুভকামনা জানাই।সূত্র: ওয়েবসাইট। ইংরেজি থেকে সংক্ষেপিত অনুবাদ: রুহিনা তাসকিন