জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ওয়াকিলুর রহমান
ওয়াকিলুর রহমান

চলচ্চিত্র দেখার শুরু সাত-আট বছর বয়সেই। পছন্দ-অপছন্দ বোধটাই তখন তৈরি হয়নি। সবার সঙ্গে সিনেমা হলে যেতাম, যা দেখাত, তা-ই দেখতাম। এভাবে দেখা হয়েছে অনেক বছর। চলচ্চিত্রকে ভিন্নভাবে দেখার চোখ আমার তৈরি হয়েছে আরও অনেক পরে। এখন যে ধরনের চলচ্চিত্র দেখতে পছন্দ করি বা যে ধরনের চলচ্চিত্র আমার মনকে নাড়িয়ে দেয়, সেই চলচ্চিত্র দেখার শুরু ১৯৭৭ সালে। সবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে পড়তে এসেছি। পরিচয় হলো মোহাম্মদ খসরুর সঙ্গে। তিনি দীর্ঘদিন ধরেই চলচ্চিত্র আন্দোলনের সঙ্গে আছেন। সেই সুবাদেই দেখতে শুরু করলাম বিশ্ববিখ্যাত চলচ্চিত্রগুলো। বুঝতে শুরু করলাম ক্যামেরার ভাষা। প্রেরণা পেলাম অনেক চলচ্চিত্র দেখে। নতুন জীবনবোধ তৈরি হলো।

আন্দ্রেই তারকোভিস্কর মিরর ছবির একটি দৃশ্য
আন্দ্রেই তারকোভিস্কর মিরর ছবির একটি দৃশ্য

তখন গাণ্ডীব পত্রিকাকে ঘিরে সাজ্জাদ শরিফ ও তপন বড়ুয়ার সঙ্গে পরিচয় হলো। আর ওদিকে চলচ্চিত্র দেখতে দেখতে বন্ধুত্ব হলো তারেক মাসুদ, মিশুক মুনীর, জাহেদুর রহিম অঞ্জন, এনায়েত করিম বাবুল ও পিয়াস করিমদের সঙ্গে। ওদের সঙ্গে ঘুরে ঘুরেই বহু চলচ্চিত্র দেখেছি। সে সময় বিভিন্ন বিদেশি সাংস্কৃতিক কেন্দ্রগুলোয় নিয়মিত চলচ্চিত্র দেখতে যেতাম। এমন করেই আমার মধ্যে শিল্প, ভাষা ও তত্ত্ব নিয়ে ভাবনাচিন্তার শুরু হলো। এল চেতনায় পরিবর্তন। এককথায় বলা চলে, আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে চলচ্চিত্র।
আমার প্রিয় চলচ্চিত্রকার আন্দ্রেই তারকোভিস্ক। মূলত আমার চলচ্চিত্র দর্শনের গুরু বলা যায় তাঁকে। তাঁর নির্মিত চলচ্চিত্রের সঙ্গে একাত্মবোধ করি। তারকোভিস্ককে আমি বলি চলচ্চিত্রের ‘গ্রেট মাস্টার’। তিনি অল্প কয়েকটি চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর নির্মিত মিরর, স্টকার, স্যাক্রিফাইস—মনে ভীষণ দাগ কেটেছে। মিরর চলচ্চিত্রটি এখনো আমাকে রোমাঞ্চিত করে। চলচ্চিত্রটির দৃশ্যগুলো অত্যন্ত শক্তিশালী।
ইতালির চলচ্চিত্রকার ফেদেরিকো ফেলিনিও আমার পছন্দের পরিচালক। তিনিও ভিন্নধরনের চলচ্চিত্র নির্মাণ করেছেন। তাঁর চলচ্চিত্রগুলোয় দৃশ্যের বয়ান সত্যি মুগ্ধ করার মতো। এ ছাড়া প্রিয় চলচ্চিত্র নির্মাতার মধ্যে আকি কুরিসমাকি, এমির কুস্তুরিকা। তাঁদের নির্মিত চলচ্চিত্র দেখতে পছন্দ করি।
এখন সারা দিন বিভিন্ন কাজে ব্যস্ত থাকি। তাই আর আগের মতো ঘণ্টার পর ঘণ্টা ধরে চলচ্চিত্র দেখা হয়ে ওঠে না। কিন্তু তাই বলে চলচ্চিত্র দেখা বন্ধ হয়নি। এখনো নিয়মিত চলচ্চিত্র দেখি। তবে এখন বেছে বেছে দেখা হয়। বেশির ভাগ সময় বাসায় বসে কম্পিউটারেই দেখি। মাঝেমধ্যে হলে গিয়ে বিভিন্ন চলচ্চিত্রের প্রিমিয়ার শো দেখি। আবার কখনো কোনো চলচ্চিত্রের সমালোচনা শুনে সেটা দেখার আগ্রহ জাগে। সময়ের সঙ্গে সঙ্গে চলচ্চিত্র দেখার সুযোগ হয়তো কমেছে, কিন্তু আত্মিক যোগাযোগটা ঠিক একই রকম আছে।

অনুলিখন:
সুচিত্রা সরকার