জীবনের রং ছড়ানো ওরা তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটা ওদের তিনজনের। ওরা আলোর পথযাত্রী। চোখে আছে স্বপ্ন, হাতে রংতুলি। শিল্পের মাধ্যমে প্রকাশ করতে চায় তাদের সুখ-দুঃখ, বলা না বলা কথা।গত শুক্রবার শিল্পকলা একাডেমীতে অপরাজেয় বাংলাদেশের পিকার প্রকল্প চট্টগ্রামের উদ্যোগে শুরু হয়েছে সুবিধাবঞ্চিত তিন শিশু—মোর্শেদা আক্তার, এস এম সাগর ও আশিকুর রহমানের আঁকা ছবি নিয়ে তিন দিনের চিত্র প্রদর্শনী ‘আলোর পথে’।এস এম সাগরের যখন সাত-আট বছর বয়স, তখন ক্ষুধা আর দারিদ্র্যের কারণে বাড়ি থেকে পালিয়ে শহরে চলে আসে। সে প্রথমে বটতলী স্টেশনে বোঝা টানত, তারপর একটি চায়ের দোকানে কাজ করত। কিন্তু ওরা তাকে ন্যায্য পাওনা তো দিতই না, উল্টো মারধর করত। এভাবে একদিন খুব জ্বর হলে সে তিন দিন না খেয়ে স্টেশনে শুয়ে ছিল। তারপর দেখতে পেল স্টেশনে একটা ভাইয়া সিগারেট, গাঁজা সমানে রেখে সবাইকে এগুলোর ক্ষতিকর দিক সম্পর্কে বোঝাচ্ছেন। তার ব্যাপারটা ভালো লাগল। ওই ভাইয়ার সঙ্গেই সে অপরাজেয় বাংলাদেশে চলে আসে। এখনকার আপু-ভাইয়ারা তাকে লেখাপড়া শেখান ও পরবর্তী সময়ে ইউসেফ স্কুলে ভর্তি করে দেন।সাগরের প্রথম আঁকতে শেখা সঞ্জয় মিত্রের কাছে। দৈনিক সুপ্রভাত বাংলাদেশের জন্মদিনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সাগর তৃতীয় হয়েছিল। ছবি আঁকায় যারা ভালো করে, অপরাজেয় বাংলাদেশ তাদের শিল্পকলায় ভর্তি করিয়ে দেয়। সাগর বর্তমানে দ্বিতীয় বর্ষের ছাত্র।অপরাজেয় বাংলাদেশে তাদের এখনকার চিত্রাঙ্কনের শিক্ষক মামুন আল রশীদ ওদের ছবি আঁকা দেখে বললেন, ‘তোমরা তো একটা প্রদর্শনী করতে পারো।’ এভাবে তিনি ধীরে ধীরে শেখালেন কীভাবে ক্যানভাসে ছবি আঁকতে হয়।সাগরের একটি চিত্রকর্মের শিরোনাম ‘শঙ্খ জীবন’। ছোটবেলায় সে খুব মনোযোগ দিয়ে শামুকের চলাফেরা পর্যবেক্ষণ করত। তারই প্রতিফলন ঘটে এ চিত্রকর্মটিতে। তার আরও কয়েকটি চিত্রকর্ম: ‘পথপ্রদর্শক’, ‘জড়জীবন’, ‘বেড়ে ওঠা’, ‘ফিরে দেখা’ ও ‘ফড়িং’।মোর্শেদা আক্তার ও আশিকুর রহমানও একসময় পথেই থাকত। ওরাও এখন সাগরের মতো শিল্পকলার প্রথম বর্ষের শিক্ষার্থী। মোর্শেদার একটি চিত্রকর্মের শিরোনাম ‘শীতের সকাল’। সেই যে বাবা খুব সকালে চা আনতে পাঠাতেন, চায়ের কেটলির ধোঁয়া ও কুয়াশার মিশে যাওয়া এখনো তার আবছা মনে আছে, সেটাই উঠে এসেছে তার চিত্রকর্মে। মোর্শেদের আরও কয়েকটি চিত্রকর্ম: ‘বেঁচে থাকা’, ‘আকাশ পানি পাখি’।আশিকুর রহমানের একটি চিত্রকর্মের শিরোনাম ‘সংগ্রাম’। এতে দিনমজুরের কষ্ট ও এই কর্মক্ষমতা না থাকলে দুমুঠো খাওয়াও যে জুটবে না, তারই প্রতিফলন এই চিত্রকর্মটিতে। এ ছাড়া তার আরও কয়েকটি উল্লেখযোগ্য চিত্রকর্ম: ‘কসরত’, ‘কাকতাড়ুয়া’, ‘ফাঁদ’। চিত্রকর্মগুলোতে পাওয়া যায় তাদের কষ্ট, ছোট ছোট সুখ, সংগ্রাম ও স্বপ্ন। বড় হয়ে কী হতে চাও?—এমন প্রশ্নের উত্তরে তিনজনের একই উত্তর, একজন চিত্রশিল্পী ও মামুন ভাইয়ের মতো একজন শিক্ষক হওয়া।প্রদর্শনী দেখতে আসা চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়ের চারু ও কারুকলার শিক্ষক উম্মে কাউসার বলেন, ‘আমি অভিভূত। পথশিশুদের মধ্যেও যে অনেক প্রতিভা লুকিয়ে আছে, তার প্রমাণ এই প্রদর্শনী।’প্রদর্শনীর উদ্বোধন করেন উপসচিব ও পিকারের জাতীয় প্রকল্প পরিচালক ওমর ফারুক। তিনি বলেন, ‘সুবিধাবঞ্চিত শিশুদের ছবি নিয়ে এ রকম প্রদর্শনী আমার জানামতে এই প্রথম। জাতীয় পর্যায়ে এ ধরনের আয়োজন করলে ভালো হয়।’