জীবনের রসদ জোগায় বাঁশ

দুই দিকে পাহাড় মাঝখানে পাহাড়ি ঝরনা। ঝরনার দুই তীরে শত শত মানুষের কর্মব্যস্ততা। কেউ পাহাড়ের ঢালে বাঁশ সংগ্রহে ব্যস্ত, কেউ বা বাঁশের ভেলা তৈরি করছেন। ভেলা তৈরির পর ঝরনায় ভেলা ভাসিয়ে নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হচ্ছিল বিক্রির জন্য। কাপ্তাইয়ে অবস্থিত কর্ণফুলী কাগজ কলসহ (কেপিএম) দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয় এই বাঁশ।
সম্প্রতি রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের শিজকছড়ায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। উপজেলার ৩০ হাজারের বেশি মানুষের অন্যতম জীবিকা পাহাড়ের বাঁশ সংগ্রহ। যুগ যুগ ধরে এ এলাকার আদিবাসীরা এভাবে বাঁশ সংগ্রহ করে জীবিকা নির্বাহ করছেন।
তিন পার্বত্য জেলায় বাঁশ জন্মালেও দেশের চাহিদার সিংহভাগের জোগান আসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা থেকে। বাঘাইছড়িতে অর্থনীতির মূল ভিত্তিই গড়ে উঠেছে বাঁশকে কেন্দ্র করে। উপজেলার পূর্ব লক্ষ্মীছড়ি, পশ্চিম লক্ষ্মীছড়ি, বাঘাইহাট, পাবলাখালী, মাচালং ও শিজক এলাকায় দুই লাখ ৯৩ হাজার ৭৭৮ একর সংরক্ষিত বন রয়েছে। এ ছাড়া সাধারণ বনভূমি রয়েছে ৯৬ হাজার ৯৫৭ একর। বাঘাইছড়ির এই বনাঞ্চলে প্রাকৃতিকভাবে প্রচুর বাঁশ জন্মায়। কাগজের কল কেপিএম এই বনভূমি থেকে বাঁশ সংগ্রহ করে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, মুলি, মিতিঙ্গা ওড়া, ডলু ও লতা প্রজাতির বাঁশ জন্মায় এখানকার পাহাড়ে। তবে বাঁশের প্রজনন ও বৃদ্ধির জন্য জুন, জুলাই, আগস্ট এই তিন মাস বাঁশ কাটা সরকারিভাবে বন্ধ রাখা হয়। প্রতিবছর বাঁশ ও গাছ থেকে তিন কোটি ৫০ লাখ টাকা রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা থাকে সরকারের। তবে এ বছর বাঘাইছড়ির বাঁশ থেকে প্রায় পাঁচ কোটি টাকা রাজস্ব আয় করেছে সরকার।
বাঁশ সংগ্রহকারীদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার বিভিন্ন গ্রাম থেকে দল বেঁধে তাঁরা বাঁশ সংগ্রহ করতে সংরক্ষিত বনে যান। বনের মধ্যে থাকার জন্য অস্থায়ী মাচাংঘর তৈরি করেন তাঁরা। সেখান থেকে প্রতিদিন বাঁশ সংগ্রহে বনে যান তাঁরা। একেকটি দল দৈনিক ৭৫ থেকে ১০০টি বাঁশ সংগ্রহ করে। এক মাস কিংবা দুই মাস পর সংগ্রহ করা বাঁশ দিয়ে ভেলা বানিয়ে বিক্রির জন্য বিভিন্ন হাট-বাজারে নিয়ে আসা হয়। প্রতিটি বাঁশ ২০ থেকে ২৫ টাকা করে বিক্রি করা হয়।
বাঁশ সংগ্রহকারী ভুয়োছড়া গ্রামের মঙ্গল চাকমা বলেন, ‘আমরা ৩০ জন দুই মাসের জন্য বনে এসেছি। প্রতিদিন ৭৫ থেকে ১০০টি বাঁশ সংগ্রহ করি। আরও বেশি সংগ্রহ হতো, কিন্তু বাঁশ আগের চেয়ে অনেক কমে আসছে। আমরা বাঁশের ওপর নির্ভরশীল। হাজার বছর ধরে এটাই আমাদের পেশা।’

বাঁশ ব্যবসায়ী উত্তম বিকাশ চাকমা বলেন, ‘কিছুদিন আগে বাঁশ কাটা শুরু হয়েছে। আমরা হিসাব করে দেখেছি শিজক ও কাচালং নদী দিয়ে প্রতি সপ্তাহে দুই লাখ বাঁশ বিক্রির জন্য নেওয়া হয়। ভবিষ্যতে বাঁশের সরবরাহ বাড়তে পারে।’
উত্তর বন বিভাগের সহকারী বন সরংক্ষক মো. মাকসুদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের সংরক্ষিত বনে প্রচুর বাঁশ রয়েছে। বন বিভাগকে রাজস্ব দিয়ে বাঁশ সংগ্রহকারীরা বাঁশ নিয়ে যান। তবে বাঁশের প্রজনন ও বৃদ্ধির জন্য বন বিভাগ তিন মাস বাঁশ আহরণে নিষেধাজ্ঞা জারি করে।’
কর্ণফুলী কাগজ কলের (কেপিএম) ব্যবস্থাপক মো. শহীদুল্লাহ বলেন, ‘পার্বত্য অঞ্চল থেকে মাত্র ৫০ শতাংশ বাঁশ আমরা পাই। বাকিগুলো বাইরে থেকে আনতে হচ্ছে।’
উত্তর বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. কাউসার বলেন, পার্বত্য চট্টগ্রামের মধ্যে বাঘাইছড়ি থেকে সবচেয়ে বেশি বাঁশ সরবরাহ করা হয়। এ বছর বাঁশ ও গাছ থেকে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে সরকার।