জীবনের লক্ষ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আঁকা: তুলি
আঁকা: তুলি

অই খালি যাবা? : কই যাবেন?
: এই তো সামনেই, মোড়ে...
‘আসো’ বলতেই রিকশাওয়ালা একরকম উড়েই সামনে চলে এল; একদম ধ্রিম করে। ঠিক একটা ডিএসএলআর আচমকা জুম করলে যেমনটি হয়।
রিকশা দেখেই বললাম, ‘তোমার রিকশায় যাব না।’
: ক্যান ভাই?
: তোমারটা তো রিকশা না, অটো। রিকশার গুণগত-ঐতিহ্যগত কোনো বৈশিষ্ট্যই এটাতে নাই। বুঝতে পারছ? এইবার আসতে পারো।
পাশেই দেখলাম একটা সত্যিকারের রিকশা। রিকশাওয়ালা নিজেই প্যাসেঞ্জার সিটে বসা। বেশ যত্ন করে নাকে আঙুল ঢুকিয়ে বসে আছে। দেখলে মনে হবে, নাকের ভেতর কিছু হারিয়ে গেছে। সেটাই জানপ্রাণ দিয়ে খুঁজে আনার চেষ্টা
করছে। উফ্...
সে খুঁজতে থাকুক। ততক্ষণে আমরা অন্য একটা গল্প থেকে ঘুরে আসি।
নেমপ্লেটে বড় করে লেখা:

নুরুর রহমান
এফসিপিএস, এফআরসিএস
নাক, কান, গলা বিশেষজ্ঞ

(মালয়েশিয়া, ভিয়েতনাম ও চীন হতে প্রশিক্ষণপ্রাপ্ত)

বয়সে পঁচাত্তরোর্ধ্ব লোকটি একরকম জোর করেই চেম্বারে ঢুকে পড়লেন। ঢুকেই হেঁড়ে গলায় চেঁচিয়ে উঠলেন, ‘নুরু...।’ ডাক্তার সাহেব রোগী দেখায় ব্যস্ত ছিলেন বলে লোকটাকে ঢুকতে দেখেননি। তবে তাঁর ওপর চোখ পড়তেই একেবারে লাফ দিয়ে উঠে দাঁড়ালেন।

: স্লামালিকুম স্যার। কখন এলেন? আপনি স্যার, কবে আসছেন ঢাকায়? উঠেছেন কোথায়? বসেন বসেন...

: এত ব্যস্ত হতে হবে না। আমি বসতে আসিনি। বলেই চট করে একটা খাতা বের করলেন। খাতাটি ঠিক সাদা নয়, কেমন যেন দই কালারের। টকদইয়ের মতো। খাতাটা এক ঝটকায় ডাক্তার সাহেবের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, ‘দেখ তো, এটা তোর কি না?’

: আরে, এটা তো আমার ক্লাস ফোরের খাতা, স্যার! এই যে নুরুর রহমান। শ্রেণী চতুর্থ। রোল দুই। শাখা কৃষ্ণচূড়া। দারুণ! এই খাতা আপনি কোথায় পেলেন স্যার?

ডাক্তারের খুশি হওয়া দেখে স্যার রাগে ফুঁসছেন, ‘খাতাটা খুলে দ্যাখ আগে।’

: এই তো খুললাম। আরে, এটা তো সেই খাতা! ‘জীবনের লক্ষ্য’ রচনাটি লিখে আমি সে বছর পুরো স্কুলে হাইয়েস্ট মার্ক পেয়েছিলোম।

স্যার রাগে কটকট করছেন, ‘রচনাটা রিডিং পড়। পুরোটা পড়তে হবে না, আমি যে লাইনগুলো মার্কার দিয়ে আন্ডারলাইন করেছি, শুধু ওইগুলো পড়লেই হবে।’

‘আমি যেদিন অনেক বড় ডাক্তার হব, সেদিন এই গ্রামে একটা বিশাল হাসপাতাল বানাব...’, ডাক্তার রিডিং পড়ছেন।

: কী হলো! থামলি কেন? পড়ে যা।

ডাক্তার সাহেব আবার পড়া শুরু করলেন, ‘হাসপাতালটি অনেক বড় হবে। দেশের সব গ্রাম থেকে মানুষ আসবে আমাদের গ্রামে চিকিৎসা নিতে। গ্রামের সবাই মিলে পুরো হাসপাতালটি সব সময় গুছিয়ে রাখব। আমি প্রতি সপ্তাহে দুই দিন গ্রামের গরিব লোকেদের ফ্রি চিকিৎসা করব।’

: হয়েছে, এবার থাম। কী বুঝলি?

ডাক্তার সাহেব মাথা নিচু করে ফেলেছেন, ‘সরি স্যার! আসলে এত ব্যস্ত থাকি যে সময় করে উঠতে পারি না।’

: তা অবশ্য ঠিক। তোর তো একদমই সময় নেই। আগামী দুই দিন যারা আসবে, তাদের সিরিয়াল আজকেই দিয়ে রাখতে হয়। তা ছাড়া রোগীপ্রতি হাজার টাকা ভিজিট তো ঢাকা ছাড়া পাওয়াও যাবে না, কী বলিস? তাহলে ছেলেবেলায় এতসব মিথ্যা কেন লিখেছিলি রে বাবা, বল তো?

‘আসলে স্যার...’, কিছু বলতে গিয়েও থেমে গেলেন। ডাক্তারের চোখে পানি টলটল করছে। মাথা উঁচু করতে পারছেন না। সব অহংকার আর বিত্তের বোঝা যেন গলে পড়তে চাইছে।

আচমকা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট দৌড়ে এসে বলেন, ‘একজন খুব সিরিয়াস পেশেন্ট এসেছেন। নাকে যেন কী হয়েছে।’ কথা শেষ হওয়ার আগেই রোগী চেম্বারে ঢুকে জানাল, সে একজন রিকশাওয়ালা, সকালে নাকে আঙুল দিয়েছিল। এরপর আর বেরোচ্ছে না।

কিন্তু ডাক্তারের অবস্থা যে এখন তার চেয়েও ভয়াবহ। জীবনটাই কোথায় যেন আটকে আছে, বেরোচ্ছেই না!