২০১৬ সালের নোবেল পুরস্কার বিজয়ীদের দিকে তাকালে দেখা যাবে, পদার্থবিজ্ঞান, রসায়ন ও চিকিৎসাশাস্ত্রে যাঁরা পুরস্কার জিতেছেন, তাঁদের বয়স ন্যূনতম ৬৫ বছর। অধিকাংশ পুরস্কার অর্জনকারীরই বয়স ৭২ বছরের ওপরে। কিন্তু ২০ শতকের প্রথম অর্ধাংশে বিজয়ীদের বয়সের গড় ছিল মাত্র ৫৬ বছর। পদার্থবিজ্ঞানে তো এ বয়সের গড় ছিল আরও কম, মাত্র ৪৭ বছর।
বিজ্ঞানের বিষয়গুলোয় জীবনের শেষভাগে গিয়ে নোবেল জেতার এ ধারাবাহিকতার শুরু ১৯৫০ সালের পর থেকে। এখন পর্যন্ত তা চলছে। প্রশ্ন উঠতেই পারে, দিনে দিনে কেন বেশি বয়সে নোবেল পুরস্কারজয়ীর সংখ্যা বেড়ে যাচ্ছে? তাহলে কি দিনে দিনে বিজ্ঞানের নানা দিক উন্মোচনের কারণে নতুন কিছু আবিষ্কারে জীবনের বেশির ভাগ সময় পার হয়ে যাচ্ছে বিজ্ঞানীদের?
গত ১০০ বছরে বিজ্ঞানের তিন বিভাগে নোবেল বিজয়ীদের বয়স বিবেচনা করলে দেখা যায়, ১৯০০ থেকে ১৯৫০ সাল পর্যন্ত পদার্থবিজ্ঞানে নোবেলজয়ী বিজ্ঞানীদের বয়স ছিল
৫০ বছরেরও কম। কিন্তু এরপরই বয়স বাড়তে শুরু করে। ক্রমে বেড়ে তা ২০১৬ সালে এসে ৮০ পার করেছে। এ বছর এই বিভাগে নোবেল জেতা তিন বিজ্ঞানীর একজন ডেভিড থুলেসের বয়স ৮২ বছর। রসায়নেও একই অবস্থা। চিকিৎসাশাস্ত্রে যদিও বয়সের গড় একটু কম, কিন্তু তা-ও বাড়ছে।
নোবেল জাদুঘরের সিনিয়র কিউরেটর গুস্তাভ সেলস্ত্রান্দ বলছেন, ১০০ বছর আগে বিশ্বে মাত্র ১ হাজারের মতো পদার্থবিজ্ঞানী ছিলেন। কিন্তু আজ সে সংখ্যা ১০ লাখেরও বেশি। এ জন্যই হয়তো গবেষণায় সাফল্য অর্জনের সঙ্গে সঙ্গেই পুরস্কার জেতাটা কঠিন হয়ে পড়েছে।
বিশেষজ্ঞরা বলছেন, আগের মতো এখনো বিজ্ঞানীরা জীবনের প্রথমার্ধেই নতুন কিছু আবিষ্কার করছেন। কিন্তু এ সংখ্যা হাজার কিংবা লাখের ওপর। নোবেল পুরস্কার কমিটির শুদ্ধতার পরীক্ষাও সময়সাপেক্ষ। এ কারণে যুগান্তকারী আবিষ্কারের পরও নোবেল জয়ের অপেক্ষায় কেটে যায় অনেক বছর।
শুধু পদার্থবিজ্ঞান ও চিকিৎসাশাস্ত্রের তুলনা করলেও দেখা যায়, প্রথমটিতে পুরস্কার বিজয়ীর বয়স বেশি। এর জবাবে গুস্তাভ সেলস্ত্রান্দ বলেন, ২০ শতকের প্রথম দিকে পদার্থবিজ্ঞান ছিল একটি দ্রুত প্রসারমান ক্ষেত্র। তরুণ বয়সেই অনেক বিজ্ঞানী নানা কিছু আবিষ্কার করে ফেলতেন। নোবেল কমিটিও তা দ্রুত জানতে পারত। উদাহরণ হিসেবে ওয়ারেন হাইজেনবার্গ ও পল ডিরাকের কথা বলা যায়। ১৯৩০-এর দশকে তাঁরা যখন পদার্থবিজ্ঞানে নোবেল জেতেন, তখন তাঁদের বয়স ছিল মাত্র ৩১ বছর।
অবশ্য ১০০ বছর আগের তুলনায় এখন অনেক বেশি লেখক, অর্থনীতিবিদ ও শান্তিকামী মানুষ নিজ নিজ ক্ষেত্রে কাজ করছেন। এই বিভাগগুলোয় কিন্তু অপেক্ষাকৃত কম বয়সের ব্যক্তিরা নোবেল পাচ্ছেন। এই তিন বিভাগের নোবেল বিজয়ীদের বয়স বিবেচনা করে দেখা যায়, অর্থনীতিতে পুরস্কার বিজয়ীদের বয়স বরাবরই ৬০ থেকে ৭০ বছরের মধ্যে ছিল। সাহিত্যে ১৯৫০ সাল পর্যন্ত বয়সের গড় কিছুটা কম থাকলেও এরপর থেকে তা বেড়ে ৭০ বছরের আশপাশে থাকছে। তবে গত ১০০ বছরে তুলনামূলক কম বয়সের ব্যক্তিরা শান্তিতে পুরস্কার পাচ্ছেন। এখন তো তা ৫০ থেকে ৭০-এর মধ্যে ওঠানামা করছে। এ বছর শান্তিতে নোবেল জেতা কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান মানুয়েল সান্তোসের বয়স ৬৫ বছর।