সূর্য অনেকটাই তেতে উঠেছে। দুপুরের কড়কড়ে রোদে চোখ ধাঁধায়। শ্রাবণের ‘এই মেঘ, এই রৌদ্র’ প্রবাদতুল্য বাক্য বোধ হয় মিথ্যে হয়ে গেল! আকাশে একরত্তি পরিমাণও মেঘের বালাই নেই। যেন বৈশাখের কাঠফাটা রোদ! এ অবস্থায় কে বলবে এখন ভর বর্ষা? তবে কেউ বলুক আর না-ই বলুক; তবুও ওই দিন বর্ষা নেমেছিল। সিলেটের মদনমোহন কলেজের প্রাণোচ্ছ্বল কিছু শিক্ষার্থী প্রতিষ্ঠানটির আঙিনায় বসে যেভাবে বর্ষার গান-আড্ডা-কথায় মেতে উঠেছিলেন, তা দেখে গরমও যেন অনেকটা হার মেনেছিল!সবুজ-শ্যামল চায়ের বাগানঘেরা সিলেটকে বলা হয় ‘দুটি পাতা, একটি কুঁড়ির দেশ’। সেই ঐতিহ্য সঙ্গী করে কলেজটির তারাপুর ক্যাম্পাস ঘিরে রয়েছে সুবিশাল চা-বাগান। প্রতিদিন চা-বাগানের রাস্তা মাড়িয়ে শিক্ষার্থীদের ক্যাম্পাসে আসতে হয়। হিসাববিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী সহিদুজ্জামানের ভাষায়, ‘কলেজের দুটি ক্যাম্পাসের একটি নগরের লামাবাজারে অবস্থিত। আর অন্যটি তারাপুর চা-বাগানসংলগ্ন। এই ক্যাম্পাসেই আমাদের ক্লাস হয়। চারদিকে সবুজের হাতছানি। ক্লাসের ফাঁকে আমরা মেতে উঠি আড্ডা-গানে। নিজেই তো দেখলেন—সুরে-বেসুরে বর্ষার গান গাইছি।’ কথা শেষ করেই তাঁর হাতে থাকা ল্যাপটপটি এ প্রতিবেদককে দেখিয়ে বললেন, ‘এই দেখেন, একটু আগে ক্যাম্পাসের ডাকসাইটে শিল্পী বন্ধু রণজিৎ একটি গান গেয়েছিল। সেটি ফেসবুকে আপলোড করলাম। এরই মাঝে বন্ধুদের কত কত মন্তব্য জমা হয়েছে।’পাশে থাকা রণজিৎ পুরকায়স্থ ততক্ষণে গানে টান দিলেন নেত্রকোনা অঞ্চলের বিখ্যাত লোকসাধক উকিল মুন্সীর জনপ্রিয় গান, ‘আষাঢ় মাইস্যা ভাসা পানি রে...’। কণ্ঠে যেন বিরহ ঝরে। আড্ডারত নয়জন শিক্ষার্থী মাথা দোলাচ্ছেন। গানের মাঝামাঝি পর্যায়ে সৌরজিত রায় নামের এঁদের একজন বলে ওঠেন, ‘এখন তো আষাঢ় মাস না, শ্রাবণ মাস চলছে। এই গান এখন চলবে না। গাইতে হবে শ্রাবণ মাইস্যা ভাসা পানি রে।’ এই ‘ভুলটুকু’ ধরিয়ে দিতে পেরে সৌরজিত অনেকটা গর্বিত ভঙ্গিতে শার্টের কলারে টান দিয়ে অট্টহাসিতে ফেটে পড়লেন। ইতিমধ্যে সৌরজিতের কথায় এক-দুজন সমর্থন জানিয়ে হাসিতে যোগ দিয়েছেন। তাতে কী? গান শেষ করেই রণজিৎ সৌরজিতের উদ্দেশে পাল্টা উত্তর দেন, ‘গান তো গাইতে পারিস না। অযথা গন্ডগোল করিস। গেয়ে একটা শোনা দেখি! তখন তো খালি আমি না-আমি না করিস।’এতক্ষণ আড্ডায় চুপচাপ বসে ছিলেন ওদেরই আরেক সহপাঠী ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থী হায়দার শেফুল। তিনি বলেন, ‘পড়াশোনার ফাঁকে এভাবেই আড্ডা-ইয়ার্কি করে অনার্স লাইফের চারটা বছর দেখতে দেখতে কাটিয়ে দিলাম। কিছুদিনের মধ্যে সবাই ফাইনাল পরীক্ষা দিয়ে কলেজ ছাড়ব। এরপর শুরু হবে নতুন জীবন।’ শিক্ষার্থী শোলাঙ্গী দাশ ঠিক যেন মধ্য আকাশের আলোকোজ্জ্বল সূর্যের মতো ভবিষ্যৎ স্বপ্নে বিভোর। তিনি শোনালেন স্বপ্নের কথা। কথা-ভাব-ভঙ্গিতে বেশ সিরিয়াস। একনাগাড়ে বলে চললেন, ‘আমার স্বপ্নটা বড় করে লিখে দেবেন। আমি সব ধরনের ব্যক্তিসুখ অর্জন আর ভোগবাদ বর্জন করে একজন নির্ভেজাল ভালো মানুষ হতে চাই। এই তো আর মাত্র কয়েকটা দিন! পড়াশোনা শেষ করে মানুষের সেবা করে জীবনটা কাটাতে চাই।’আড্ডারত শিক্ষার্থীরা তখন নিজেদের ভবিষ্যৎ স্বপ্নে মশগুল। পড়া শেষে কে কী করবে, তা-ই নিয়ে চলছে আলোচনা। এদের মধুর সব স্বপ্ন পুঁজি করে ফিরতি পথে পা বাড়ালাম। রণজিতের গানের সুর বাতাসে ভেসে আসছে, ‘এসো বন্ধু জীবনের সন্ধানে, এসো বিশ্বাসে/ এসো আজ দাঁড়াই দুঃখী-মেহনতি মানুষের পাশে’।[email protected]