জীবনের স্ফুলিঙ্গ
তিনি বায়ান্নের ভাষা আন্দোলনে অংশ নিয়েছেন। দায়িত্ব পালন করেছেন প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার। লিখেছেন বিচিত্র বিষয়ে। মুহাম্মদ হাবিবুর রহমানের জীবন ও ভাবনার কিছু স্ফুলিঙ্গ তুলে ধরা হলো তাঁরই স্মৃতিচারণা ও লেখা থেকে

একুশে ফেব্রুয়ারিতে ১৪৪ ধারা ভঙ্গ
পুলিশ কাঁদানে গ্যাস ছাড়বে বলে অনেকে রুমাল ভিজিয়ে নিল। ভিড়ের মধ্যে আমিও আমার রুমালটা ভিজিয়ে নিলাম। তার জন্য মনে কেমন যেন একটা লজ্জা হচ্ছিল। প্রক্টরের গেটের কাছে ক্রমশ ভিড় জমেছে, কিন্তু রাস্তায় বের হওয়ার কোনো উৎসাহ দেখা যাচ্ছে না। চতুর্দিকে একটা বিশৃঙ্খলার ভাব। কেউ কারও কথা শুনছে বলে মনে হচ্ছে না। আমি দেখলাম, আমাদের আগের দিনের প্ল্যান প্রায় ভেস্তে যাওয়ার জোগাড়। হঠাৎ করে আমার মনে হলো, আমরা কয়েকজন যদি গেটের বাইরে গিয়ে ১৪৪ ধারা ভাঙি, তবে কেমন হয়। আমাকে ১৪৪ ধারা ভাঙতে হবে—এমন কোনো পূর্বসিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে আমার মনে নেই। আমি যেহেতু আগের দিন ১৪৪ ধারা ভাঙার ওপর জোর দিই, সে জন্য বন্ধুদের একটা প্রত্যাশা ছিল যে আমি প্রথমে ১৪৪ ধারা ভাঙার জন্য এগিয়ে যাব। যাঁরা ১৪৪ ধারা ভাঙার জন্য এগিয়ে এলেন, মোহাম্মদ সুলতান তাঁদের নাম লিখে নিলেন। আমি তাঁকে বললাম, ‘তুই আমার পঙ্খিরাজটা (সাইকেল) দেখিস, আমি চললাম।’ গলা ফাটিয়ে ‘রাষ্ট্রভাষা বাংলা চাই’ স্লোগান দিতে দিতে এগিয়ে গেলাম কয়েকজনকে সঙ্গে করে। তখন বেলা সোয়া একটা।
উত্তেজনায় সারা গা থেকে তখন আগুনের ভাপ বের হচ্ছে। প্রথমে পুলিশ আমাদের ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং পরে রাস্তার একধারে ঘেরাও করে রাখে।
কলাভবনের ওপর দিকে এক ঝলক তাকিয়ে দেখলাম, আমার দু-একজন ঘনিষ্ঠ বন্ধু দোতলা থেকে আমাদের লক্ষ করছে। আমরা এগিয়ে যাওয়ার পর...অন্য ছাত্ররা গেট পার হয়ে রাস্তায় নামতে শুরু করল...।
একুশের সংকলন ’৮০: স্মৃতিচারণ, বাংলা একাডেমী
তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব

আমি অবসরজীবনটা নিরিবিলি কাটাব বলে ভেবেছিলাম। তত্ত্বাবধায়ক সরকারের উটকো দায়িত্ব গ্রহণ করতে আমি কোনো উৎসাহ বোধ করিনি। আমি এই দায়িত্ব গ্রহণে অসম্মতি প্রকাশ করলে সংবিধানের ৫৮গ(৩) শর্ত অনুসারে আমার অব্যবহিত পূর্বে যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাঁকে রাষ্ট্রপতি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা নিয়োগ করতে পারতেন। আমার অব্যবহিত পূর্বে প্রধান বিচারপতি ছিলেন সাহাবুদ্দীন আহমদ। আমি বিচারপতি সাহাবুদ্দীনের বাসায় গিয়ে তাঁকে বললাম, এর আগে তিনি অত্যন্ত সাফল্যের সঙ্গে একটা নির্বাচনের তত্ত্বাবধান করেছেন। এ ছাড়া প্রশাসনের সঙ্গে বহুদিন যুক্ত থাকায় প্রশাসনের কাছ থেকে তিনি এ ব্যাপারে সম্ভাব্য সব সহযোগিতাই পাবেন। আমি বললাম, ‘আমি যদি প্রধান উপদেষ্টা হতে সম্মত না হই, তাহলে সেটা দেশের জন্য খুব ভালো হবে। আপনার মতো একজন অভিজ্ঞ, বিচক্ষণ ও পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিত্ব থাকতে আমার এ কাজ নেওয়া বাঞ্ছনীয় নয়।’
বিচারপতি সাহাবুদ্দীন প্রবলভাবে আপত্তি তুললেন। তিনি বললেন, ‘দেশের অবস্থা পাল্টেছে। রক্তগঙ্গা বইবে। আমি কেন এ দায়িত্ব নেব?’
আমি বললাম, ‘দেশে রক্তগঙ্গার আশঙ্কা আছে জেনে সাহস করে আপনারই এগিয়ে আসা উচিত।’
তিনি বললেন, ‘আপনি না করবেন না। আপনি না করলে বল যে গড়িয়ে কোথায় যাবে, তা কেউ জানেন না। দেশে অশান্তি ঠেকাতে আপনার না করা উচিত নয়।’ এরপর তাঁর কাছে ঘন ঘন নানা টেলিফোন আসতে দেখে আমি তাঁকে সালাম জানিয়ে ভারাক্রান্ত মনে বিদায় নিই।
তত্ত্বাবধায়ক সরকারের দায়ভার, প্রথমা প্রকাশন

রাষ্ট্রভাষার দায়
আমি এখন বুঝতে পারি না, কেন সংবিধানের ৩ অনুচ্ছেদের বিধানকে কার্যকর করার জন্য ১৯৮৭ সালের ২ নং আইন প্রাইভেট মেম্বার বিল হিসেবে পাস করা হয়! আমি বুঝতে পারি না, কেনই বা হাইকোর্টে ভাষাসৈনিকেরা হাশমতুল্লাহর মামলায় হেরে গিয়ে রণে ভঙ্গ দিলেন এবং দেশের সর্বোচ্চ আদালতের রায় এ ব্যাপারে কী হতে পারে, তা আদায়ের কোনো চেষ্টা করলেন না! আমি বুঝতেই পারি না, বাংলা যদি দেশের রাষ্ট্রভাষা হয়, তবে কেন বঙ্গভবনে আনুষ্ঠানিক ভোজসভায় বা অন্যান্য রাষ্ট্রীয় সমাবেশের উদ্বোধনে অরাষ্ট্রভাষায় বক্তব্য রাখা হয়? আর এটা কতবারই না হয়েছে! জাতিসংঘে শেখ মুজিবুর রহমান বাংলায় বক্তৃতা দিয়ে আমাদের ধন্য করেন। কিন্তু এক কুহুরবে কি বসন্ত আসে? বাংলায় স্বাক্ষর দিয়ে বা নামকাওয়াস্তে ইংরেজির নিচে বাংলায় নাম লিখে রাষ্ট্রভাষার দায় কী সহজেই না আমরা চুকিয়ে দিচ্ছি!
‘প্রথমে মাতৃভাষা, পরভাষা পরে’, প্রথমে মাতৃভাষা, পরভাষা পরে, ইউপিএল
মানুষের ধর্ম
ধর্ম এমন একটি বিশ্বাস, উপাসনা পদ্ধতি কিংবা আরও ব্যাপক অর্থে জীবনাচার যেখানে এক পরম সত্তার ওপর এই ভেবে বিশ্বাস স্থাপন করা হয় যে তিনি ইহকালের জীবন নিয়ন্ত্রণ করেন এবং প্রত্যেকের কর্ম অনুযায়ী পরকালে পুরস্কার ও শাস্তির বিধান দেন। অনেকের মতে, মানব ইতিহাসে ধর্মের অত্যন্ত শক্তিশালী ও কল্যাণকর প্রভাব রয়েছে। আবার অনেকের মতে, শোষিত ও নিপীড়িত মানুষের প্রতি অন্যায়-অবিচারকে সহনীয় করার বা তাকে সান্ত্বনা দেওয়ার প্রয়োজন থেকেই ধর্মের সৃষ্টি। যেমন কার্ল মার্ক্স ধর্মকে আফিমের সঙ্গে তুলনা করেছেন। তবে একই সঙ্গে তিনি আবার বলেছেন, ধর্ম হলো নিপীড়িত মানুষের দীর্ঘশ্বাস, আত্মাবিহীন পরিবেশের আত্মা। অতীতে এক ধর্মানুসারীদের সঙ্গে অন্য ধর্মানুসারীদের বিরোধে বহু লোকের প্রাণহানি ঘটেছে। প্রায়শ তা ধর্মযুদ্ধের রূপ নিয়েছে। একই ধর্মানুসারীদের মধ্যেও এ ধরনের সংঘাতের ঘটনা ঘটেছে। ইসলামের ইতিহাসে ও খ্রিষ্টধর্মের ইতিহাসে এর প্রমাণ আছে। ধর্মনিরপেক্ষতাবাদীরা রাষ্ট্র ও ধর্মকে পৃথক রাখার নীতিতে বিশ্বাসী। পক্ষান্তরে ধর্মবিশ্বাসীদের একাংশ মনে করে, ধর্মকে রাজনীতি থেকে সম্পূর্ণ পৃথক করা অসম্ভব। সমাজতান্ত্রিক দেশগুলোতে ব্যক্তিজীবনের বাইরে ধর্মের ব্যবহার নিষিদ্ধ ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের বিল অব রাইটসেও বলা হয়েছে, কংগ্রেস কোনো ধর্ম প্রতিষ্ঠা বা কোনো ধর্মের অনুশীলন নিষেধ করে কোনো আইন প্রণয়ন করবে না। প্রকৃতির ওপর মানুষের কর্তৃত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে সব সমাজেই ধর্মের প্রভাব হ্রাস পাচ্ছে বলে মনে করা হয়।
‘ধর্ম’, যার যা ধর্ম: বাংলা ভাষায় প্রথম ধর্ম অভিধান, প্রথমা প্রকাশন (প্রকাশিতব্য)

নহ গুরুদেব
এই ভূমণ্ডলায়নের যুগে যেসব রবীন্দ্র-অনুরাগী অপসংস্কৃতির ভয়ে এক দুর্ভাবনাবিলাসে অস্থিরতা বোধ করেন, তাঁদের জন্য দুটো কথা। রবীন্দ্রনাথের কথা আর্ট, সংগীত ও সাহিত্যের জগতে শেষ কথা নয়। রবীন্দ্রনাথ বলতেন, ‘য়ুরোপীয় সাহিত্যচর্চা প্রাচ্য শিক্ষিত সমাজে যে পরিমাণে অনেক দিন ধরে অনেকের মধ্যে ব্যাপ্ত হয়েছে য়ুরোপীয় সংগীতচর্চাও যদি তেমন হত, তাহলে নিঃসন্দেহেই প্রাচ্য সংগীতে রসপ্রকাশের এক নূতন শক্তি সঞ্চার হত।’ তিনি বলতেন, ‘য়ুরোপীয় সংগীত যদি আমরা বুঝতে না পারি তবে সে আমাদের বোধশক্তিরই দৈন্য, যদি তাকে গ্রহণ করা একেবারেই অসম্ভব হয় তবে তার দ্বারা আভিজাত্যের প্রমাণ হয় না।’
বর্তমানকালের তরুণ ব্যান্ডগোষ্ঠীদের কানফাটা শব্দে মনে হতে পারে ‘নকল বেতালের দল কানে তালা ধরিয়ে দিতে কসুর করছে না’ বা ‘সুরের ঘাড়ে বেসুর চড়ে বসে ভূতের নৃত্য করছে।’ পাড়ায়-পাড়ায় গ্রামোফোন বা কনসার্টের মধ্যে অনেক রুচিবিকার লক্ষ করেও রবীন্দ্রনাথ ভেবেছিলেন সংগীতের গাদ ফুটছে। তাঁর কাছে ‘সুখবরটা ছিল এই যে চিনির জ্বাল চড়ানো হয়েছে।’
‘আমারে যদি জাগালে আজি’, কবি, তুমি নহ গুরুদেব, মাওলা ব্রাদার্স