জীবনের হালখাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অলংকরণ: তুলি
অলংকরণ: তুলি

পয়লা বৈশাখ—শব্দ দুটো কানে এলেই মন উথাল-পাতাল। নতুন বছরের ছোঁয়া এসে লাগে গায়ে। পুরোনোকে বিদায় জানিয়ে মানুষ একেবারে নতুন করে বরণ করে নেয় বছরটিকে। কে না জানে, সম্রাট আকবরের সময় থেকেই মূলত বাংলা নববর্ষ পালন শুরু হয়। সারা বছরের হাড়ভাঙা পরিশ্রমের পর কৃষকেরা চৈত্র মাসের শেষ দিন পর্যন্ত জমিদার, তালুকদার আর ভূস্বামীদের খাজনা পরিশোধ করতেন। পরদিন নতুন বর্ষে ওই ভূস্বামীরা সবাইকে মিষ্টিমুখ করাতেন। তারই সূত্র ধরে শুরু হলো মেলা। বাড়িতে বাড়িতে একটু-আধটু রান্নাবান্না। শুভ একটি দিন দিয়ে হতো বছরের সূচনা।
হালখাতা শব্দটি তো হিসাব-নিকাশের সঙ্গেই যুক্ত। গ্রাম-নগরের ব্যবসায়ীরা পুরোনো খাতা তুলে রেখে নববর্ষের দিন খুলতেন হিসাবের নতুন খাতা। নতুন-পুরোনো খদ্দেরদের জন্য থাকত অবারিত মিষ্টি। নতুনভাবে শুরু হতো ব্যবসায়িক যোগসূত্র। এই অনুষ্ঠানটি আজও আছে।
বৈশাখী মেলাগুলো কিন্তু টিকে আছে এখনো। সর্বজনীন এই লোকজ মেলা মন কেড়ে নেয় সবার। কত ধরনের পণ্য যে আসে এই মেলায়! আর থাকে চিড়া-মুড়ি-মুড়কি-বাতাসা-খইয়ের অমৃত সম্ভার। কত রকম পিঠা! বিভিন্ন অঞ্চল থেকে আসেন গায়ক, আসেন নর্তক। চলে লোকগান-বাউল-মারফতি-মুর্শিদি-ভাটিয়ালি। লাইলী-মজনু, ইউসুফ-জোলেখা, রাধা-কৃষ্ণের আখ্যানও চলে কোথাও কোথাও। পুতুলনাচ, নাটক, সার্কাস, নাগরদোলাই বা বাদ যাবে কেন?
১৯৬৫ সাল থেকে ছায়ানট ঢাকার রমনা বটমূলে করে আসছে বর্ষবরণের অনুষ্ঠান। রবীন্দ্রনাথের আগমনী গান ‘এসো হে বৈশাখ এসো এসো’ গেয়ে বরণ করে নেওয়া হয় বছরকে। চারুকলার বকুলতলায়ও হয় দারুণ এক অনুষ্ঠান। এরপর সেখান থেকে বের হয় মঙ্গল শোভাযাত্রা। এত বড় সর্বজনীন উৎসবের দেখা মেলে খুব কম। বাংলাদেশের রাজধানীর সর্বত্রই তখন বর্ষবরণের সাজে মানুষ। নয়নমনোহর এই আয়োজনে যুক্ত হয় সবাই।
আর পার্বত্য তিন জেলার বৈসাবি অনুষ্ঠানও দারুণ মনকাড়া। চাকমাদের বিজু, মারমাদের সাংগ্রাই আর ত্রিপুরাদের বৈসুক মিলেই হয়েছে এই বৈসাবি। নববর্ষের দিন মারমা সম্প্রদায়ের ঐতিহ্যবাহী ওয়াটার ফেস্টিভ্যাল বা পানিখেলার রয়েছে আলাদা আনন্দ।
বর্ষবরণের দিনে পান্তা ভাত আর ইলিশ ভাজা খাওয়ার একটা রেওয়াজ শুরু হয়েছে। কাঁচা মরিচ বা শুকনো মরিচ, আলুভর্তা, বেগুন ভাজাও থাকছে সঙ্গে। খাওয়ার এই রেওয়াজটা অনেকেই পালন করছেন। তবে বছরের এই সময়টায় ইলিশ মাছের থাকে খুব দাম। ফলে ইচ্ছা হলেই সবাই তা খেতে পারে, এমন নয়।
নববর্ষের মূল আনন্দই হলো বর্ষবরণ করে নেওয়া। নতুন পাজামা-পাঞ্জাবি, লালপেড়ে সাদা শাড়ি, গলায়-খোঁপায় মালা পরা মানুষেরা এই দিনটি থেকে পরবর্তী দিনগুলোয় আরও ভালোভাবে বেঁচে থাকার স্বপ্নে বিভোর হয়। এই দিনে অনেকেই অনেককে উপহার দেয়। সেরা উপহার হয়ে উঠতে পারে বই। বন্ধুরা এক হয়ে গাইতে পারে কিংবা শুনতে পারে গান। লোকজ গানের মধ্যে বিভোর হয়ে যেতে পারে। মেলা থেকে কেনা যেতে পারে লোকজ পণ্য।
তবে এ দিনটি হতে পারে সারা বছরের বা সারা জীবনের জন্য পরিকল্পনার একটি দারুণ সময়। কী কী করলে অন্যকে আনন্দ দেওয়া যায়, কী কী করলে নিজেও পাওয়া যায় আনন্দ, সেটারই হালখাতা হয়ে উঠতে পারে দিনটি। সেভাবেই শুরু হোক না এবারে আমাদের এই নববর্ষ!