কলকাকলিতে মুখর একগুচ্ছ হাসিমুখ। টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের শিক্ষার্থীরা সেদিন ভীষণ ব্যস্ত। কেউ ব্যস্ত দেয়ালিকা তৈরির কাজে। কেউ কেউ ভীষণ ব্যস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন নিয়ে। কেউ গান করছেন, কেউ নাচ, কেউ অভিনয়, কেউবা আবৃত্তি নিয়ে। কেউ ছড়া লিখছেন, কেউ বা আবার রম্য খবর তৈরিতে মনোযোগী। আরেক দল মেধাবী মুখ ভীষণ মনোযোগে আল্পনা আঁকছেন। ছাত্ররা ব্যস্ত ক্যাম্পাসজুড়ে পোস্টার লাগানোয়। সবার চোখেমুখে খুশির ঝিলিক। চাহনীতে স্বপ্ন আর চলনে আত্মবিশ্বাস।১৩ মার্চে বিজিই বিভাগ ও ন্যাশনাল ইনস্টিটিউট অব বাংলাদেশের (এনআইবি) যৌথ উদ্যোগে ‘জীবপ্রযুক্তি: রূপকল্প ২০২১’ নামে দিনব্যাপী এক গণসচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজনকে ঘিরে এত ব্যস্ততা। অনুষ্ঠানে ছিল শোভাযাত্রা, বায়োটেকনোলজি অলিম্পিয়াড, আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারপার্সন ইমাম হোসেনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এম নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির (এনআইবি) মহাপরিচালক সাইদুল ইসলাম এবং বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য মনিরুজ্জামান। স্বাগত বক্তব্য দেন আয়োজনটির আহ্বায়ক বিজিই বিভাগের শিক্ষক শাহ আদিল ইশতিয়াক।সবশেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। সেদিনের সন্ধ্যা এক অনুপম মাধুর্য নিয়ে উপস্থিত হয়। নাচ, গান, আবৃত্তি, অভিনয়, রম্য খবর, ফ্যাশন শো—কী নেই এ অনুষ্ঠানে! আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন চতুর্থ বর্ষের মুক্তি ও ইকবাল।দিনব্যাপী কর্মসূচি শেষে রাতের বেলা সবার যখন ফিরে যাওয়ার সময় তখনো কারও মধ্যে কোনো ক্লান্তি নেই। সবার মুখে হাসি, চোখে স্বপ্ন আর অন্তরে দৃঢ়প্রত্যয়। জীবপ্রযুক্তি কাজে লাগিয়ে ক্ষুধামুক্ত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখেন মাস্টার্সে অধ্যয়নরত শিক্ষার্থী লায়লা, ফাতেমা, মাহমুদা ও মনিরুজ্জামান। মেডিকেল বায়োটেকনোলজি নিয়ে কাজ করে রোগমুক্ত বাংলাদেশ গড়তে চান ইসরাত নাদিয়া। ইন্ডাস্ট্রিয়াল বায়োটেকনোলজি ও বায়োইনফরমেটিকস নিয়ে আগ্রহী উশিন ফাতিমা। চতুর্থ বর্ষের শিক্ষার্থী নওরিন ও তনিমা জীবপ্রযুক্তিভিত্তিক চাকরির ক্ষেত্র সৃষ্টির জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুস্তাফিজ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী শামস ও শাকিল চান, জীবপ্রযুক্তি সমাজের সর্বস্তরে গ্রহণযোগ্যতা লাভ করুক। প্রথম বর্ষের নবীন শিক্ষার্থী মিশুক, সাম্মাক, পার্থ, প্রিয়াঙ্কা ও সুবর্ণ দারুণ উৎসাহী এবং গর্বিত জীবপ্রযুক্তি নিয়ে অধ্যয়নের সুযোগ পেয়ে।আমরা স্বপ্ন দেখি, একদিন বাংলাদেশের প্রতিটি মানুষ জানবে জীবপ্রযুক্তি সম্পর্কে। বইয়ের পাতায় যে সুজলা-সুফলা-শস্য-শ্যামলা বাংলার ছবি আমরা খুঁজে পাই, তা একদিন বাস্তব হয়ে আমাদের সামনে এসে দাঁড়াবে জীবপ্রযুক্তি এবং জিন প্রকৌশলের কল্যাণে।