জীবপ্রযুক্তি উৎসবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাথা নিচু করে স্থির দৃষ্টিতে ককশিট কাটছেন জনা দশেক ছেলেমেয়ে। অপর দলের সদস্যরা গুরুগম্ভীর আলোচনায় ব্যস্ত থাকতে গিয়ে কাজের কথাই ভুলে বসার জোগাড় হয়েছে। এরই মধ্যে ডিজাইন পেপার কেটে তোরণ বানিয়েছেন কয়েকজন। এভাবে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে সবখানে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয় জীবপ্রযুক্তি উৎসবের। ‘জীবপ্রযুক্তি: রূপকল্প ২০২১’ স্লোগানে উৎসবের আয়োজক ছিল বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি বিভাগ এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি। উৎসবের মূল লক্ষ্য ছিল, স্কুল ও কলেজের শিক্ষার্থীদের মধ্যে জীবপ্রযুক্তির বীজ বুনে দেওয়া। আর এতে অংশ নিয়েছে চট্টগ্রামের বিভিন্ন স্কুল-কলেজের পাঁচ শতাধিক শিক্ষার্থী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি সচিব রফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজির মহাপরিচালক মো. সাঈদুল ইসলাম ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন খান তৌহিদ ওসমান। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম আরিফ। উৎসবের শুরুতেই ক্যাম্পাসে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এরপর একে একে আয়োজন করা হয় বিশেষ লেকচার, বায়োটেক অলিম্পিয়াড, আন্তবিশ্ববিদ্যালয় আইডিয়া ও পোস্টার প্রতিযোগিতা প্রভৃতি। সেরা আইডিয়ার স্বীকৃতি পেয়েছেন এনায়েত হাসান। অমিত দত্ত ও আফরিন সুলতানা প্রথম এবং কুতুব উদ্দিন ও হামিদ দ্বিতীয় রানার আপ হয়েছেন। পোস্টার প্রতিযোগিতায় প্রথম হয়েছেন আশা চাকমা ও আতিক। দ্বিতীয় রিফাত নৌশীন এবং তৃতীয় হয়েছেন জিবরান ও নাজমুল। উৎসব শেষ হয় প্রতিযোগীদের পুরস্কার ও স্মারক প্রদানের মধ্য দিয়ে। উৎসবে সঞ্চালকের দায়িত্বে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিন প্রকৌশল এবং জীবপ্রযুক্তি বিভাগের শিক্ষক আদনান মান্নান।