‘আমাদের নানি, দাদিরা তো এত রোগশোকে ভোগেননি। তাঁরা দিব্যি দীর্ঘ নিরোগ জীবন কাটিয়ে দিয়েছেন। আর আজকাল অনেক কম বয়েসেই অনেকে বিভিন্ন জটিল রোগে ভুগছেন। এর কারণ আমাদের প্রতিকূল পরিবেশ। পরিবেশদূষণের মাত্রা বেড়ে যাওয়ায় এসব রোগের প্রকোপও বাড়ছে। আর আমরাই এর জন্য দায়ী। নানাভাবে আমরা পরিবেশের ভারসাম্য নষ্ট করছি। তারই অশুভ প্রভাব পড়ছে আমাদের প্রতিদিনের জীবনে। এ ব্যাপারে এখন থেকে সবাইকে সচেতন হতে হবে। তাহলে অনেক বড় ধরনের ক্ষতির হাত থেকে আমরা বাঁচব।’ গত সোমবার বিকেলে নগরের আলিয়ঁস ফ্রঁসেজ মিলনায়তনে জীববৈচিত্র্য নিয়ে সাত দিনব্যাপী অনুষ্ঠানের চতুর্থ দিনের আলোচনায় এসব কথা বলেন দেশের খ্যাতিমান ফ্যাশন ডিজাইনার ও ইউনেস্কোর বিশেষ দূত বিবি রাসেল। জীববৈচিত্র্য সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে গণমাধ্যমের ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি। তাঁর মতে, ‘আজও গ্রাম-বাংলার মানুষ সংবাদপত্র, বেতার, টেলিভিশনের খবর মন দিয়ে পড়েন এবং শোনেন এবং এর একটা ইতিবাচক প্রভাব রয়েছে তাদের দৈনন্দিন জীবনে।’ সোমবার আলোচনার বিষয় ছিল ‘ফেয়ার ট্রেড’। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কবি আলম খোরশেদ, ফেয়ার ট্রেড অ্যাপারেলসের জো ফ্যালকন, মেগা সিম্পসন এজেন্সির টমোমি নাকা ও অধ্যাপক এহসানুল কবির। সব শেষে দেখানো হয় চলচ্চিত্র হোম।‘২০১০ আন্তর্জাতিক জীববৈচিত্র্য বর্ষ’ উপলক্ষে ১ অক্টোবর থেকে শুরু হয়েছে এ অনুষ্ঠান। দেশে প্রথমবারের মতো এ ধরনের সচেতনতামূলক অনুষ্ঠানের উদ্যোগ নিয়েছে আলিয়ঁস ফ্রঁসেজ। সহযোগিতায় ছিল ফরাসি দূতাবাস, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইম্যান, ব্র্যাক, ইউএনডিপি, বিশদবাঙলা, মারমেড ইকো ট্যুরিজম লিমিটেড, ফটো ব্যাংক, বিবি রাসেল প্রডাকশনস, এটিএন বাংলা ও ফেয়ার ট্রেড অ্যাপারেল। ১ অক্টোবর ‘আমরা সবাই এ পৃথিবীর বাসিন্দা’ স্লোগানে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের উদ্বোধন করেন বস্ত্র ও পাটমন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি আখতারুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘প্রাকৃতিক বিপর্যয় রোধ করতে হলে আমাদের অবশ্যই প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতে হবে। সবার বেঁচে থাকার জন্য এ পৃথিবীকে প্রাকৃতিকভাবে ভারসাম্য পূর্ণ করতে হবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফ্রান্সের রাষ্ট্রদূত চার্লে কসেট। আলোচক ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, আলিয়ঁস ফ্রঁসেজের সভাপতি আদিল হুসাইন ও পরিচালক স্যামুয়েল বার্থে। প্রতিদিনের কর্মসূচিতে ছিল জীববৈচিত্র্যবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, আলোচনা, চলচ্চিত্র প্রদর্শনী ও গোলটেবিল বৈঠক। শনিবার আলোচনার বিষয় ছিল ‘পানি, সাগর ও নদী: পরিবহন এবং দূষণ।’ এদিন দেখানো হয় ওশেন চলচ্চিত্র। তৃতীয় দিনের কর্মসূচিতে ছিল ‘জীববৈচিত্র্য—বন্য জীবন’ নিয়ে আলোচনা ও মাইক্রোকসমস ছবির প্রদর্শনী। পঞ্চম দিনের আয়োজনে ছিল ‘টেকসই জীববৈচিত্র্য ও ইকো ট্যুরিজম’ নিয়ে আলোচনা অনুষ্ঠান ও লা মার্চ দ্য ইমপেরর চলচ্চিত্র প্রদর্শন। ষষ্ঠ দিন দেখানো হয় হিমালয়, ক্যারাভ্যান ছবিটি আর আলোচনার বিষয় ছিল পার্বত্য চট্টগ্রামের জীববৈচিত্র্য। গত বৃহষ্পতিবার বিকেলে আয়োজিত সমাপনী দিনের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। তিনি জীববৈচিত্র্যের গুরুত্ব তুলে ধরে বলেন, ‘অপরিকল্পিতভাবে পাহাড়কাটা, গাছকাটার ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। হারিয়ে গেছে গ্রামবাংলার বহু ঐতিহ্যবাহী পাখি ও প্রাণী। এ ব্যাপারে সবাইকে সচেতন ও উদ্যোগী হতে হবে।’ মন্ত্রী আরও জানান, বর্তমান সরকারও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন উদ্যোগ নিয়েছে। তিনি এ ক্ষেত্রে প্রতিবেশী দেশগুলোর কাছ থেকে প্রয়োজনীয় সহযোগিতা কামনা করেন। সমাপনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত স্টিফেন ফ্রয়েনকে ও আলিয়ঁস ফ্রঁসেজের পরিচালক স্যামুয়েল বার্থে। সাত দিনের এ অনুষ্ঠান সম্পর্কে স্যামুয়েল বার্থে বলেন, ‘বর্তমান সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত বিষয় হচ্ছে জীববৈচিত্র্য। এ ক্ষেত্রে বাংলাদেশ যে কত সমৃদ্ধ তা বলার অপেক্ষা রাখে না। কাজেই এ জীববৈচিত্র্য সুরক্ষায় এখন থেকেই সবাইকে উদ্যোগী হতে হবে। আর এজন্যই দরকার ব্যাপক সচেতনতা ও প্রচার-প্রচারণা। সে লক্ষ্যেই আমাদের এ প্রচেষ্টা।’