জীববৈচিত্র্য রক্ষায় চুনতি অভয়ারণ্যে বন প্রশিক্ষণ
বনাঞ্চলে জীববৈচিত্র্য রক্ষায় ‘সমন্বিত সংরক্ষিত এলাকা সহ-ব্যবস্থাপনা’ (আইপ্যাক) এর উদ্যোগে ১১ জানুয়ারি লোহাগাড়ার চুনতি অভয়ারণ্যে দিনব্যাপী বন প্রশিক্ষণ দেওয়া হয়। কাপ্তাই উপজেলা আইপ্যাকের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে অংশ নেন কাপ্তাইয়ের চিত্মরম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান থোয়াইচিং মারমা, ওয়াগ্গা ইউনিয়নের চেয়ারম্যান অংলাচিং মারমা, কাপ্তাই মানবাধিকার কমিশনের সভাপতি খোরশেদুল আলম কাদেরী প্রমুখ। কাপ্তাই জাতীয় উদ্যানকে জীববৈচিত্র্যে ও বিভিন্ন রকম গাছগাছালিতে সমৃদ্ধ করে তুলতে কী ধরনের উদ্যোগ নেওয়া প্রয়োজন তা সরেজমিনে প্রত্যক্ষ করতেই প্রশিক্ষণের আয়োজন—জানালেন আইপ্যাকের কর্মকর্তা নিখিলেশ চাকমা ও মোস্তফা ওমর শরীফ।চিত্মরম ইউনিয়নের চেয়ারম্যান থোয়াইচিং মারমা ও ওয়াগ্গা ইউনিয়নের চেয়ারম্যান অংলাচিং মারমা জানান, কাপ্তাইকে জাতীয় উদ্যান ঘোষণা করা হলেও উল্লেখযোগ্য গাছপালা নেই। যথাযথ সংরক্ষণ না থাকায় আর নির্বিচারে বন্যপ্রাণী, পাখপাখালি শিকার ও গাছপালা কেটে ফেলায় বন সময়ের সঙ্গে তাল মেলাতে পারেনি। কিন্তু এ অবস্থার পরিবর্তন করা বিশেষ প্রয়োজন। তাই বন বিভাগ সরকারি উদ্যোগের পাশাপাশি স্থানীয়দের সঙ্গে নিয়ে বনকে আবার সমৃদ্ধ করার যে উদ্যোগ নিয়েছে তা প্রশংসনীয়। বন রক্ষায় স্থানীয়দের সহযোগিতার লক্ষ্যে আইপ্যাক কমিটি গঠিত হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।