জীববৈচিত্র্য হারিয়ে যাচ্ছে চুনতি অভয়ারণ্যে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুনতি অভয়ারণ্যের বড় একটি অংশ বেদখল হয়ে গেছে। বন্যপ্রাণী সংরক্ষণ অঞ্চল ও এশিয়ার হাতি প্রজননের গুরুত্বপূর্ণ এ অঞ্চলের বনজ সম্পদ উজাড় হওয়ার পাশাপাশি হাতি, বানর, হনুমান, বিভিন্ন প্রজাতির সাপ, নানা জাতের দুর্লভ পাখি, শজারু, খেঁকশিয়াল, হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণীও দিন দিন হারিয়ে যাচ্ছে। সূত্র জানায়, সংশ্লিষ্ট বিভাগে স্থানীয় কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজশে অভয়ারণ্যের মূল্যবান বনজ সম্পদ নিয়ে যাচ্ছে প্রভাবশালী কাঠ ব্যবসায়ীরা। অবৈধভাবে দখল করে রেখেছেন প্রায় পাঁচ হাজার একর বনাঞ্চল। সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অভয়ারণ্যের কাছে গড়ে তোলা হয়েছে ইটভাটা ও করাতকল। জানা যায়, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এলাকার ১৯ হাজার ১৭৭ একর জায়গা নিয়ে ঘোষণা করা হয় চুনতি সংরক্ষিত এলাকা। ১৯৯৫ সালের পর এ অভয়ারণ্যে প্রকল্পের কাজ একরকম বন্ধ হয়ে যায়। বন্যপ্রাণীসহ ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের অধীনে চুনতি অভয়ারণ্যে প্রকল্পের কাজ ২০০২ সালে পুনরায় শুরু হয়। ২০০৩ সালে চুনতি অভয়ারণ্যের মধ্যে বন বিভাগের আওতাধীন দুটি রেঞ্জ কার্যালয় স্থাপন করা হয়। এর মধ্যে একটি চুনতি রেঞ্জ। এ রেঞ্জের অধীনে রয়েছে তিনটি বিট কার্যালয়। অপরটি হলো বাঁশখালীর জলদি রেঞ্জ। এ রেঞ্জের আওতাধীন চারটি বিট কার্যালয় রয়েছে। সরেজমিন অনুসন্ধানে জানা যায়, চুনতি অভয়ারণ্যে রয়েছে অনেক লোকের অবৈধ বসবাস। এ অভয়ারণ্যের মধ্যে কত লোকের বসবাস ও কী পরিমাণ জমিতে অবৈধ চাষাবাদ হচ্ছে তার সঠিক তথ্য জানাতে পারেননি চুনতি রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুর রহমান। তবে বেসরকারি সংস্থা আইপ্যাকের প্রতিবেদনে জানা যায়, অবৈধ বসবাসরত পরিবারের সংখ্যা প্রায় নয় হাজার। কিছু পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানায়, কেউ দখলদারদের কাছ থেকে জমি কিনে নিয়েছেন অথবা বন বিভাগের কর্মকর্তাদের টাকা দিয়ে এখানে বসবাস করছেন। লোহাগাড়া পদুয়া বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. ইদ্রিস আলী জানান, বন্যপ্রাণী সংরক্ষণ আইনে বনাঞ্চলের কাছের কোনো ইটভাটা, করাতকল অথবা শিকারের উদ্দেশ্যে ফাঁদ পাতা সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ এসব সংরক্ষিত বনাঞ্চলে কাঠ কেটে পাচার হচ্ছে ইটভাটা, করাতকল ও আসবাবের দোকানে। স্থানীয় লোকজন বলেন, বন বিভাগের অসাধু কর্মকর্তাদের সংশ্লিষ্টতা ছাড়া চুনতি অভয়ারণ্যের বনজ সম্পদ লুট ও দখল কিছুতেই সম্ভব নয়। এ ব্যাপারে চুনতি রেঞ্জ কর্মকর্তা মাহাবুবুর রহমান বলেন, কাঠ পাচারকারীরা সশস্ত্র ও সংঘবদ্ধ। কিন্তু বিট কার্যালয়ে জনবল ও প্রয়োজনীয় অস্ত্র না থাকায় পাচারকারীদের ব্যাপারে অনেক সময় ব্যবস্থা নেওয়া সম্ভব হয় না। তবে তিনি ঘুষ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। চুনতিতে বন ও পরিবেশ নিয়ে কাজ করছে বেসরকারি সংস্থা আইপ্যাক। তাদের হিসাবমতে, বর্তমানে অভয়ারণ্যের ৩০ ভাগ বনভূমি, ৩০ ভাগ চাষাবাদের জমি বা অবৈধ দখলে এবং ৪০ ভাগ পরিত্যক্ত বা বৃক্ষশূন্য রয়েছে বলে জানা যায়। জার্মান বেসরকারি সংস্থা জিটিজেডের অনুসন্ধানে জানা যায়, চুনতি অভয়ারণ্যে কোটি টাকার কার্বন মজুদ রয়েছে। এ ব্যাপারে সংস্থার কর্মকর্তা পঞ্চানন ঢালী প্রথম আলোকে জানান, বর্তমানে চুনতি অভয়ারণ্যে যে পরিমাণ কার্বন মজুদ রয়েছে তা থেকে বছরে ১ দশমিক ৬ মিলিয়ন ডলার আয় করা সম্ভব। তিনি আরও বলেন, চুনতি অভয়ারণ্যের সম্পূর্ণ অংশ বৃক্ষ আচ্ছাদিত থাকলে আন্তর্জাতিক জলবায়ু তহবিল থেকে আয়ের পরিমাণ আরও বেশি হতো। পাশাপাশি অভয়ারণ্যের ভেতরে পর্যাপ্ত বনাঞ্চল না থাকলে প্রাণীরাও নিরাপদে থাকে না। স্থানীয় অধিবাসী ও সরকারি কর্মকর্তাদের নিয়ে গঠিত বন ব্যবস্থাপনা কমিটির সভাপতি আমিন আহমদ খান জানান, খাদ্যের খোঁজে অভয়ারণ্য ছেড়ে হাতি, বানর প্রভৃতি প্রায় সময় চলে আসে লোকালয়ে। এভাবে চলতে থাকলে আগামী দিনে বন্যপ্রাণীর অস্তিত্ব বিলুপ্ত হওয়ার আশঙ্কা করছেন অনেকে।উপজেলা নির্বাহী কর্মকর্তা সারা দিবা বলেন, অভয়ারণ্যসহ বনাঞ্চলের ভেতরে থাকা অবৈধ করাতকল, ইটভাটার বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগের সঙ্গে আলোচনা করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।