জীববৈচিত্র্যের প্রাচুর্যে ভরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস
বাংলাদেশের অনেক সংরক্ষিত এলাকার তুলনায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জীববৈচিত্র্যে অনেক বেশি সমৃদ্ধ। বর্তমানে ক্যাম্পাসে যে বিপুল প্রাকৃতিক সম্পদ রয়েছে, তা শুধু ক্যাম্পাসের জীববৈচিত্র্য সংরক্ষণে নয়, বরং শিক্ষা, গবেষণা, পরিবেশ উন্নয়ন এবং প্রতিবেশ ও পর্যটন খাতের সম্প্রসারণে বিশেষ ভূমিকা রাখছে। অনেকটা গর্বের সঙ্গেই কথাগুলো বললেন ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন। আর এ জীববৈচিত্র্যের কারণে ক্যাম্পাসটি বাংলাদেশের অন্য ক্যাম্পাস থেকে আলাদাভাবে সবার নজর কেড়েছে। দর্শনার্থীদের কাছে দিন দিন আকর্ষণীয় স্থানে পরিণত হচ্ছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের আওতাধীন ভূমির পরিমাণ প্রায় এক হাজার ৭০০ একর। এর মধ্যে বিভিন্ন ভবন, খেলার মাঠ, রাস্তা, লেন, পুকুর, হ্রদ ইত্যাদি দখলের পরিমাণ প্রায় ৫০০ একর। অবশিষ্ট প্রায় এক হাজার ২০০ একর সমতল ও পাহাড়ি উঁচু-নিচু ভূমি। ১৯৭৬ সালে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সহায়তায় উদ্ভিদবিদ্যা বিভাগ ক্যাম্পাস ও শহীদ আব্দুর রব সড়কে স্বল্প পরিসরে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। সে বছর ইনস্টিটিউট অব ফরেস্ট্রি প্রতিষ্ঠা লাভের পর একাডেমিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ কার্যক্রমের সুদূরপ্রসারী পরিকল্পনা নেওয়া হয়। ১৯৮২ সাল থেকে বিশ্ববিদ্যালয়ের পতিত পাহাড়ি ভূমিতে ইনস্টিটিউট অব ফরেস্ট্রির তত্ত্বাবধানে নিবিড় বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়। বর্তমান সময় পর্যন্ত ইনস্টিটিউট অব ফরেস্ট্রি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় ৫৫০ একর এলাকায় বৃক্ষরোপণ করেছে। এ পর্যন্ত দেশীয় সাধারণ বৃক্ষ ছাড়া বিরল ও বিলুপ্ত প্রজাতি, ফলদ, বনজ ও ঔষধির প্রায় ৩০০ প্রজাতির বৃক্ষের প্রায় পাঁচ লাখ ৫০ হাজার গাছের চারা রোপণ কর হয়েছে। বন বাগান সৃষ্টি ও বৃক্ষরোপণে ইনস্টিটিউট অব ফরেস্ট্রি ১৯৯৪ ও ২০০৩ সালে প্রধানমন্ত্রীর জাতীয় পুরস্কার লাভ করে।বর্তমানে ক্যাম্পাসে ১৩৬টি পরিবার এবং ৫১২টি গণের অন্তর্ভুক্ত প্রায় ৮৩৫ প্রজাতির সৃজিত এবং প্রাকৃতিকভাবে জন্মানো সপুষ্পক উদ্ভিদের উপস্থিতি রয়েছে। এই ৮৩৫ প্রজাতির উদ্ভিদের মধ্যে ৩৯৬টি বীরুৎ, ১৭৪টি গুল্ম, ৭৮টি আরোহী এবং ১৮৭টি বৃক্ষ রয়েছে। এগুলোর মধ্যে প্রায় ১৩৪ প্রজাতির ঔষধি, ৫৫ প্রজাতির কাঠ উৎপাদনকারী, ৫৩ প্রজাতির শোভাবর্ধনকারী উদ্ভিদ রয়েছে। ক্যাম্পাসের আবাসিক বাসা-বাড়িগুলোতে প্রায় ৩০ প্রজাতির ফল প্রদানকারী উদ্ভিদের চাষ করা হয়েছে। বর্তমানে ক্যাম্পাসে ২৮ প্রজাতির সবজি উৎপাদনকারী উদ্ভিদ রয়েছে। বন বাগান সৃষ্টির ফলে ক্যাম্পাস বিভিন্ন প্রজাতির বণ্যপ্রাণী ও পাখির নিরাপদ আবাসস্থলে পরিণত হয়েছে। বর্তমানে বিশ্ববিদ্যালয় প্রতিবেশে বিভিন্ন প্রজাতির গাছপালা, বণ্যপ্রাণী, পাখি ও নানাবিধ পতঙ্গের সমন্বয়ে এক মনোরম প্রাকৃতিক পরিবেশের সৃষ্টি হয়েছে। ক্যাম্পাসের বিভিন্ন স্থানে প্রাকৃতিক ভাবেই হরিণ দেখা যায়। এ ছাড়া বানর, বন্য শূকর, সজারু, খরগোশ এবং বহু প্রজাতির সাপ, ব্যাঙ ইত্যাদিও প্রায়ই দেখা যায়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছয়টি শ্রেণীর ৯৯টি পরিবার এবং ২১১টি গণের অন্তর্ভুক্ত ৩১৯ প্রজাতির বন্যপ্রাণীরও তালিকা রয়েছে। এর মধ্যে ১৯টি স্তন্যপায়ী, ১৩৮টি পাখি, ২০টি সরীসৃপ, ১২টি উভচর, ১৩টি মাছ এবং ১১৭টি পতঙ্গ শ্রেণীর প্রজাতি। ১৯টি স্তন্যপায়ী প্রজাতির মধ্যে চারটি বৃক্ষবাসী এবং ১৫টি স্থলচর, ২০ প্রজাতি সরীসৃপের মধ্যে ১১টি সাপ, আটটি চতুষ্পদ সরীসৃপ, একটি কাছিম এবং ১২ প্রজাতি উভচরের মধ্যে একটি টোড এবং ১১টি ফ্রগ রয়েছে। এ ছাড়া কীট পতঙ্গের সংখ্যা রেকর্ডকৃত সংখ্যার চেয়ে অনেক বেশি হতে পারে বলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিশ্বাস।ইনস্টিটিউট অব ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের অধ্যাপক মোহাম্মদ কামাল হোসাইন প্রথম আলোকে বলেন, ‘জীববৈচিত্র্য সংরক্ষণের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বৃক্ষরাজিবেষ্টিত অংশকে জাতীয় সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা এবং এর সঠিক সংরক্ষণের জন্য জাতীয়ভাবে উদ্যোগ নেওয়ার জন্য আমরা সরকারের যথাযথ দৃষ্টি কামনা করছি। এটা করা হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় পরিবেশের ভারসাম্য রক্ষা এবং পর্যটনশিল্প বিকাশে অগ্রণী ভূমিকা রাখতে পারে।’