জীবাণুমুক্ত ঘরবাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জীবাণুনাশক তরল দিয়ে ঘর পরিষ্কার করুন। ছবি:  নকশা
জীবাণুনাশক তরল দিয়ে ঘর পরিষ্কার করুন। ছবি: নকশা

‘চোখের সামনে ময়লা পড়ে থাকতে দেখলে নিশ্চয়ই তা পরিষ্কার করে ফেলবেন। কিন্তু যা দেখতে পাচ্ছেন না! খালি চোখে দেখা যায় না—এমন সব জীবাণু কিন্তু ছড়িয়ে আছে আশপাশে। সেসব থেকে হতে পারে নানা রকম রোগবালাই। তাই পরিবারের সবার সুস্বাস্থ্যের জন্য পরিষ্কার-পরিচ্ছন্নতার পাশাপাশি ঘরবাড়ি জীবাণুমুক্তও রাখতে হবে।’ বলছিলেন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক আবুল ফজল মোহাম্মদ হেলাল উদ্দিন। জেনে নিন তাঁর পরামর্শ।
: যেকোনো খাবার খাওয়ার আগে ও পরে অবশ্যই সাবান দিয়ে হাত ধুয়ে নিতে হবে।
: খাবারের জন্য আমরা যেসব তৈজসপত্র ব্যবহার করে থাকি যেমন: হাঁড়ি-পাতিল, থালাবাসন—এসব জিনিসপত্র ব্যবহারের আগে ও পরে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে।
: আমরা অনেক সময় রান্নার আগে ও পরে ময়লাসহ এঁটো থালাবাসন, হাঁড়ি-পাতিল, তৈজসপত্র রেখে দিই। ফলে এসবে ব্যাকটেরিয়া জন্মে। গরম পানি দিয়ে এসব ধুয়ে ফেললে তা জীবাণুমুক্ত হয়ে যাবে।
: সাধারণত টয়লেটের ফ্ল্যাশ, দরজার নব, পানির কলের হাতল আমরা সবাই সবচেয়ে বেশি ধরে থাকি। তাই এগুলো থেকে রোগজীবাণু বেশি ছড়ায়।
: এ জন্য অ্যান্টিসেপটিক যেমন—ডেটল বা স্যাভলন পরিষ্কার কাপড়ে নিয়ে মুছে নিতে হবে টয়লেটের ফ্লাশ, দরজার নব, পানির কলের হ্যান্ডেল। প্রতিদিন এসব জিনিস এভাবে পরিষ্কার করে রাখলে জীবাণুমুক্ত থাকবে।
: বাচ্চারা সাধারণত ঘরের মেঝেতে হামাগুড়ি দেয়। মেঝে থেকে জীবাণু তাদের দেহে সংক্রমণ করে। তাই প্রতিদিন বাচ্চাদের ঘরের মেঝে মুছতে পানির সঙ্গে জীবাণুনাশক তরল মিশিয়ে নিতে হবে।
: বাজার থেকে শাকসবজি, তরকারি আনলে ভালো করে ধুয়ে খেতে হবে।
: ডিমের ওপরে সাধারণত ময়লা থাকে, তাই এটি বাজার থেকে এনে পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে তারপর রান্না করতে হবে।
: খাবার সব সময় ঢেকে রাখতে হবে।
: অনেক সময় আমরা খাবারটা ঠিকমতো সংরক্ষণ করি না। বাসি খাবারে ব্যাকটেরিয়া জমে টাইফয়েড, পেটব্যথা—এসব হয়ে থাকে। তাই সঠিক নিয়মে সঠিক তাপমাত্রায় গরম করে খাবার সংরক্ষণ করতে হবে।

জীবাণুমুক্ত রাখতে হলে
‘চোখে না দেখা জীবাণু তো আছেই। পোকামাকড়ও ঘরে জীবাণু ছড়ায়। অনেক সময় পিঁপড়ার পায়ের সঙ্গে অনেক জীবাণু আসে। সেটা খাবারের সঙ্গে মিশে খাবারকে বিষাক্ত করে তুলতে পারে। মশা-মাছির গায়ে কত জীবাণু থাকে।’ বললেন গার্হস্থ্য অর্থনীতি কলেজের গৃহ ব্যবস্থাপনা ও গৃহায়ণ বিভাগের সহযোগী অধ্যাপক রীনাত ফওজিয়া।
এসব থেকে রেহাই পেতে তাঁর পরামর্শগুলো জেনে নিন।
: চিনির কৌটার ভেতরে লবঙ্গ রেখে দিলে পিঁপড়া আসবে না।
: দারুচিনি গুঁড়া করে খাবারের শেলফের কোনায় বা যেখান থেকে পিঁপড়া আসে, সেই পথে রেখে দিতে পারেন। তাহলে পিঁপড়া আর আসবে না।
: মাছি পুদিনাপাতার গন্ধ সহ্য করতে পারে না। তুলসীপাতা, পুদিনাপাতা যেখানে থাকে, সেখানে মাছি আসে না। রান্নাঘরের জানালা দিয়ে সাধারণত মাছি ঘরে ঢুকে থাকে, তাই জানালার কাছে তুলসীগাছ বা পুদিনাপাতার গাছের টব রাখা যেতে পারে।
: যেকোনো পোকামাকড়ের হাত থেকে নিমপাতা মুক্তি দেয়। তাই নিমপাতা ঘরের কোনায় কোনায় ছড়িয়ে দিতে পারেন।
: টেবিলের ওপর খাবারগুলো জলকান্দার ভেতরে পানি দিয়ে রাখলে তাতে পিঁপড়া ধরে না।
: তেলাপোকা সাধারণত তেলের লোভে রান্নাঘরে আসে। রান্নাঘর সব সময় পরিষ্কার রাখলে তেলাপোকার সংক্রমণ কম হয়। রান্না করার পর চুলাটা পরিষ্কার করে রাখতে হবে।
: এয়ার ফ্রেশনার বাথরুমে দিলে ছোটখাটো পোকামাকড় আসবে না।