বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমদকে উদ্ধারের দাবিতে কক্সবাজার জেলা বিএনপি হরতালসহ নানা কর্মসূচি পালন করছে।
গত ৩০ মার্চ বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে সংগঠনের সভাপতি শাহজাহান চৌধুরী নিখোঁজ সালাহ উদ্দিন আহমদকে অক্ষত অবস্থায় ফেরত দিতে সরকারের প্রতি অনুরোধ জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দিয়ে কক্সবাজার অচলের হুমকি দেন।
জেলা যুবদলের সভাপতি সৈয়দ আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমাবেশে বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান, সহসভাপতি এ টি এম নুরুল বশর চৌধুরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামীম আরা, পৌর বিএনপির সভাপতি রফিকুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী, রফিকুল ইসলাম প্রমুখ।
গত ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে বিএনপির মুখপত্র ও সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদকে অস্ত্রধারীরা তুলে নিয়ে যায়। এর পর থেকে তাঁর কোনো খোঁজ নেই। তাঁর গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলা সদরে। তিনি কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাবেক সাংসদ, যোগাযোগ প্রতিমন্ত্রীর দায়িত্বও পালন করেন।
জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদ জীবিত আছেন কি নেই—এ নিয়ে বাজারে নানা কথা প্রচার হলেও আমরা আশা করছি-তিনি এখনো বেঁচে আছেন। সরকার তাঁকে কোথাও লুকিয়ে রেখেছে। এ জন্য আমরা তাঁকে জীবিত অবস্থায় ফেরত দেওয়ার দাবিতে আন্দোলন করছি।’
এদিকে সালাহ উদ্দিনকে অক্ষত অবস্থায় ফিরে পাওয়ার দাবিতে জেলা বিএনপি তৃতীয় দফায় ১০ দিনের কর্মসূচি ঘোষণা করে। কর্মসূচির নবম দিন ৩১ মার্চ ছিল গণস্বাক্ষর অভিযান। আগামীকাল ৬ এপ্রিল জেলাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হবে।
এ প্রসঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক রাশেদ মো. আলী বলেন, ‘সালাহ উদ্দিন আহমদকে ফেরত চেয়ে ৩১ মার্চ পর্যন্ত ৫০ হাজার মানুষ গণস্বাক্ষর করেন। এই স্বাক্ষর দুই লাখ হলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ জাতিসংঘ মহাসচিব বরাবরে পাঠানো হবে। আমাদের একটাই দাবি, সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফেরত পাওয়া।’
বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য লুৎফর রহমান বলেন, নিখোঁজের ২১ দিন অতিক্রান্ত হলেও সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী সালাহ উদ্দিন আহমেদের সন্ধান দিতে পারছেন না। এটা জাতির জন্য হতাশাজনক। সালাহ উদ্দিন আহমেদকে গুমের দায় সরকার এড়াতে পারবে না। কারণ জনগনের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব সরকারের।
জেলা বিএনপি সূত্র জানায়, সালাহ উদ্দিন আহমেদকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দিতে এর আগেও কক্সবাজারে সকাল-সন্ধ্যার হরতালসহ ছয় দিনের কর্মসূচি পালন করা হয়।