জীবে দয়া
এক সকালে আমরা বারান্দায় বসে পড়ছি। এমন সময় লম্বা জোব্বা পরা অসম্ভব সুন্দর চেহারার এক ভদ্রলোক এসে আব্বার খোঁজ করলেন। তাঁর সঙ্গে একটা ছোট বেজির বাচ্চা, হাতে একটা বাঁশি এবং সামনে বুক পকেটে ছোট্ট একটা সাপ উঁকি দিচ্ছে।আমার অসম্ভব প্রিয় একজন মানুষ আমাদের বাড়িতে। আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। তিনিই প্রথমে কথা বললেন। কোনো মানুষের কথা যে এত সুন্দর হতে পারে, আমি আগে জানতাম না। মনে হচ্ছিল, দেবলোক থেকে কোনো দেবতা আমাদের বাড়িতে নেমে এসেছেন। আব্বাকে ডেকে দেওয়ার পর আমরা আবার পড়তে বসলাম। কিন্তু আমার কিছুতেই পড়ায় মন বসছিল না। আমি বারবার ফিরে যাচ্ছিলাম তাঁর অতীতে। আব্বার কাছে আগে শুনেছি, সুলতান সাহেবের বৈচিত্র্যময় অতীতের কথা। শুধু ছবি আঁকা নয়, তিনি নাকি বাঁশি বাজিয়েও জমিদারকন্যার মন ভুলিয়েছিলেন। আবার তাঁর ভরাট মিষ্টি কণ্ঠের গানও মুগ্ধ করেছে সবাইকে। খুবই সাধারণ একজন মানুষের মতো জীবন যাপন করতেন। পশু-পাখিকে ভালোবাসতেন নিজের সন্তানের মতো। নিঃসন্তান সুলতান মনে করতেন, পশু-পাখিরাই তাঁর সন্তান।প্রকৃতি, মাটি ও আপনজনের টানে তিনি কখনোই নড়াইল ছাড়া অন্য কোথাও স্থায়ীভাবে থাকেননি। ঘুরেছেন পৃথিবীর অনেক দেশ। ভালোবাসা পেয়েছেন অনেক মানুষের। সমাজের নীচু শ্রেণী থেকে উঁচু শ্রেণী—সবার সঙ্গেই মিশেছেন। এ জন্য সব মানুষ সম্বন্ধে তিনি স্বচ্ছ ধারণা রাখতেন। হাজার দুঃখ-কষ্টেও নিজের জীবনদর্শন থেকে এক চুল পিছিয়ে যাননি।আমাদের বাড়িতে দেখার পর সুলতান সাহেব আমার হূদয়ে আরও গভীরভাবে প্রবেশ করলেন। সব সময় আশা করতাম, কীভাবে তাঁর সঙ্গে দেখা করা যায়। কলেজে পড়ার সময় আমরা কজন বন্ধু মিলে ভাস্কর নামের একটি সাহিত্য পত্রিকা বের করার সিদ্ধান্ত নিলাম। সুলতান সাহেবের সঙ্গে দেখা করে আমাদের কথা বললাম। তিনি পত্রিকা কীভাবে সাজাবেন, সেটা আমাদের সুন্দর করে বুঝিয়ে দিয়ে পত্রিকার একটা প্রচ্ছদও করে দিতে চাইলেন। আমরা তো বিস্ময়ে হতবাক হয়ে গেলাম। এত বড় মাপের একজন মানুষ আমাদের পত্রিকার প্রচ্ছদ করে দেবেন, এটা স্বপ্নেও ভাবিনি।এক সপ্তাহ পরে আমরা প্রচ্ছদ আনতে গেলাম। তিনি অসুস্থ ছিলেন। তার পরও আমাদের সঙ্গে দেখা করলেন এবং প্রচ্ছদের বিষয়টি বুঝিয়ে দিলেন। আমাদের সামনে আরও বিস্ময় অপেক্ষা করছিল। আমরা সেটির জন্য প্রস্তুত ছিলাম না। তিনি অসুস্থ থাকা সত্ত্বেও চিকিৎসকের নিষেধ উপেক্ষা করে আমাদের সঙ্গে তাঁর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কীভাবে নন্দনকানন গঠন করলেন, সেখানকার বড় বড় বিষধর সাপ কীভাবে ধরলেন, শিশুস্বর্গ নিয়ে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ইত্যাদি বিষয়। এমন সময় চা-নাশতা এল। ঘরে একটা বুড়ো কুকুর শুয়ে ছিল। কুকুরের সঙ্গে একদল বিড়াল এসে সুলতান সাহেবকে ঘিরে ধরল। বুড়ো কুকুরের গায়ে ঘা হয়ে গিয়েছিল এবং এত বিড়াল দেখে আমার নাশতা খাওয়ার রুচি ছিল না। সঙ্গে আমার বন্ধু বিপ্লবও ছিল। সে বিড়ালদের কোলে তুলে নিয়ে বিস্কুট খাওয়াচ্ছিল। আমি বিড়াল পছন্দ করতাম না, তাই বিস্কুট বিড়ালদের উদ্দেশ করে নিচে ফেলে দিয়েছিলাম। আশ্চর্যের ব্যাপার, বিড়ালগুলো মেঝেতে ফেলে দেওয়া বিস্কুট ছুঁয়েও দেখল না। আমি ভীষণ লজ্জায় পড়ে গেলাম। বিস্কুটগুলো সামনে পড়ে আছে, অথচ বিড়াল তা খাচ্ছে না বা খাওয়ার চেষ্টাও করছে না—এটা আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল। অথচ বিস্কুটগুলো তুলতেও পারছি না। সুলতান সাহেব ও বিপ্লব বিড়ালগুলোর সঙ্গে কথা বলে ও আদর করে বিস্কুট খাওয়াচ্ছেন। বিড়ালগুলো ঘরময় মিউ মিউ করছে আর আমার মনে হয় আমাকে বলছে, তুমি খুব খারাপ, তুমি ভালোবাসা বোঝো না, তুমি ভালোবাসতে জানো না। আর বিস্কুট তো মেঝেতে পড়েই আছে। আমার মনে হচ্ছিল, বিস্কুটও আমাকে বলছে, তোলো আমাকে, তুলে ওদের আদর করে খেতে দাও, তাহলে ওরা নিশ্চয়ই খাবে। এখানে সবাই আদর, স্নেহ আর ভালোবাসায় বড় হয়েছে।ততক্ষণে বুঝে নিয়েছি, সুলতান সাহেব কেন পশু-পাখি নিয়ে এত মেতে থাকেন। কারণ, ওদের ভাষা তিনি বোঝেন। সুলতান সাহেব কথা বলার ফাঁকে ফাঁকে জীবজন্তুর কথা বলছিলেন। তিনি খেতে বসলে কোন বিড়ালটা আগে আসে, কোন কুকুরের জন্ম কত তারিখে, জনি (বানর) রাগ করলে কী করে ইত্যাদি। তিনি আরও বললেন, দেখো, পশুদের বোঝার চেষ্টা করলে পশুরাও আমাদের বোঝে। ওরাও ভালোবাসতে পারে। এ কথা শোনার পর আমার আরও লজ্জা লাগছিল। নিজেকে অনেক ছোট মনে হচ্ছিল। মানুষ হিসেবে আমি এত ছোট মনের, তা জানতাম না। তাঁর কাছ থেকে আমি প্রথমবারের মতো শিখলাম পশুরাও ভালোবাসতে পারে, পশুরাও ভালোবাসা বোঝে।সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে গিয়েছে কথা বলতে বলতে, কেউ খেয়াল করিনি। এমন সময় কাকিমা (সুলতান সাহেবের দেখাশোনা করতেন যিনি) এসে বললেন, শিল্পী সাহেব, আপনার ওষুধ খাওয়ার সময় হয়েছে। আমরা উঠতে যাব, এমন সময় কাকিমা বললেন, একটু সাবধানে যেয়ো বাবা। গতকাল ঢাকা থেকে এক ভদ্রলোক এসেছিলেন, রাতে তিনি যখন বের হতে যাবেন, এমন সময় একটা জাতসাপ এসে তাঁর কোমর পর্যন্ত ফণা তুলে দাঁড়িয়েছিল। ভদ্রলোকের চিৎকারে শিল্পী সাহেব যেই এসে বললেন, এই যা, তোকে তো কেউ মারেনি। যা যা, ওমনি সাপটি ফণা নিচু করে চলে গেল।আমি তখন অবাক হয়ে ভাবতে লাগলাম বিড়াল, কুকুর, সাপ, পাখি, প্রকৃতি এবং আমাদের সবার প্রিয় লাল মিয়া। বোধ হয় দেবলোক থেকেই এসেছিলেন এবং আমাদের মতো সাধারণ মানুষ তাঁকে বুঝতে পারিনি। এই অভিমান নিয়েই তিনি ফিরে গেছেন আবার দেবলোকে।খন্দকার আল-মুর্শেদ