জীর্ণ ঘরে পাঠদান, শিক্ষকেরা বেতন পাচ্ছেন না ২৬ মাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব বাঁচমরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ এই ঘরে চলে পাঠদান l প্রথম আলো
পূর্ব বাঁচমরুং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ এই ঘরে চলে পাঠদান l প্রথম আলো

দীঘিনালার পূর্ব বাঁচমরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ হয় ২০১৩ সালের ১ জুলাই। এরপর ২৬ মাস পেরিয়ে গেলেও এখনো বেতন পাচ্ছেন না বিদ্যালয়ের শিক্ষকেরা। পরিবার নিয়ে দিন কাটছে কষ্টে।
এদিকে বিদ্যালয় ভবনেরও করুণ হাল। বেড়া ও টিনের চালার জরাজীর্ণ ঘরে চলছে পাঠদান।
স্থানীয় লোকজন জানান, খাগড়াছড়ির দীঘিনালার মাইনী নদীর পূর্ব পাড়ের পূর্ব বাঁচমরুং গ্রামে কোনো প্রাথমিক বিদ্যালয় ছিল না। শিশুরা ঝুঁকি নিয়ে মাইনী নদী পার হয়ে বেতছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আসত। পরে গ্রামের বাসিন্দারা নিজেদের উদ্যোগে ২০০৯ সালে প্রতিষ্ঠা করে একটি প্রাথমিক বিদ্যালয়। ২০১০ সালের ২০ এপ্রিল বিদ্যালয়ের ঘরটি ঘূর্ণিঝড়ে সম্পূর্ণ বিধ্বস্ত হয় । তখনো গ্রামবাসী পুনরায় বাঁশ ও গাছের খুঁটি দিয়ে বিদ্যালয়ের ঘরটি স্থাপন করে। পরে ২০১৩ সালে বিদ্যালয় জাতীয়করণ হয়।
সরেজমিনে দেখা গেছে, নড়বড়ে বিদ্যালয় ঘরটি চার কক্ষের। একটি কক্ষে শিক্ষকেরা বসেন; অন্য তিনটিতে চলে পাঠদান। কক্ষগুলো খুবই ছোট। পোকায় ধরেছে বেড়া। আসবাবেরও অভাব রয়েছে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক জগৎময় চাকমা বলেন, পূর্ব বাঁচামরুং গ্রামের ১২৫ পরিবারের ৭৪ জন শিশু এ বিদ্যালয়ে পড়াশোনা করে। শিক্ষক রয়েছেন চারজন। বিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে বিনা বেতনে পাঠদান করে যাচ্ছি। বিদ্যালয় সরকাির হওয়ার পর এখনো কোনো বেতন পাইনি। ২৬ মাসের বেতন বকেয়া রয়েছে। এ কারণে শিক্ষকদের দিন কাটছে কষ্টে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক লিটুমনি চাকমা, অরুণ চন্দ্র চাকমা ও সাগরিকা চাকমা বলেন, বেতন পাওয়ার আশায় অনেক টাকা ঋণ করে ফেলেছি। অথচ এখনো বেতন পাচ্ছি না। এভাবে আর কত দিন চলব বুঝতে পারছি না।
প্রধান শিক্ষক জানান, বিদ্যালয় ঘরও নড়বড়ে হয়ে গেছে। জোরে বাতাস বইলে ঘরটি দোলে। বৃষ্টি হলে শ্রেণিকক্ষে পানি পড়ে।
পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুখেন চাকমা, সিজান চাকমা, পূর্ণিমা দেবী চাকমা, এলপি চাকমা বলে, বাতাস হলে বিদ্যালয়ের ঘর দুলতে থাকে। তখন খুব ভয় লাগে।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও গ্রামপ্রধান (কার্বারি) চন্দ্রজীব চাকমা বলেন, ২০০৯ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর থেকে চারজন শিক্ষক বিনা বেতনে পাঠদান দিয়ে যাচ্ছেন। শিক্ষকদের দুরবস্থা দেখে খুব খারাপ লাগে। কিন্তু গ্রামবাসীর আর্থিক অবস্থা তেমন ভালো নয়। তাই গ্রামবাসীও শিক্ষকদের সম্মানী হিসেবে কোনো ভাতা দিতে পারে না।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা যায়, বেসরকারি বিদ্যালয় সরকারীকরণের দ্বিতীয় ধাপে ২০১৩ সালের ৬ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে উপসচিব মোহাম্মদ আবুল কালামের সই করা এক প্রজ্ঞাপনে প্রাথমিক শিক্ষা অধিগ্রহণ আইন ১৯৭৪ সালের ৩ (১) প্রদত্ত ক্ষমতাবলে দীঘিনালার ১২টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় সরকারি করা হয়। ২০১৩ সালের ১ জুলাই থেকে বিদ্যালয়গুলো সরকারি নিয়ন্ত্রণে চলবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ঝরনা চাকমা বলেন, বিদ্যালয় সরকারীকরণ হলেও শিক্ষকদের এখনো গেজেট আসেনি। ফলে বিদ্যালয়ে কর্মরত শিক্ষকেরা এখনো বেতন–ভাতা পাচ্ছেন না। তা ছাড়া যে বেসরকারি বিদ্যালয়গুলো সরকারি করা হয়েছে, সব কটির অবকাঠামো খুবই নাজুক। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবগত আছে।