জীর্ণ ঘরের আলো ছড়ানো বিদ্যালয়

হালদা নদীর তীর ঘেঁষে এক খণ্ড সমতল ভূমিতে জরাজীর্ণ টিনের ঘর। কোমলমতি দেড় শ শিশু-কিশোরের পড়ার শব্দে ঘরটির চারপাশ মুখরিত। বিদ্যালয়টির নাম দক্ষিণ নিশ্চিন্তাপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়। ফটিকছড়ি উপজেলার সমিতিরহাট ইউনিয়নের পিছিয়ে পড়া গ্রাম নিশ্চন্তাপুরের একমাত্র বিদ্যালয় এটি। এর আশপাশে ছয় কিলোমিটারের মধ্যে আর কোনো বিদ্যালয় নেই। নানা সমস্যা সত্ত্বেও এলাকাবাসীর ভরসার প্রতীক হয়ে উঠেছে এটি। ছড়াচ্ছে শিক্ষার আলো।
নিশ্চিন্তাপুর বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা ১৫৩ জন। শিক্ষক আছেন সাতজন। শিক্ষকেরা নিয়মিত বেতন-ভাতা পান না। তবুও পাঠদান করে যাচ্ছেন। কেবল তা-ই নয় বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সঙ্গে যুক্ত হয়ে সচল রেখেছেন বিদ্যালয়ের কার্যক্রম।
দুই পালায় পাঠদান করা হয় এই বিদ্যালয়ে। প্রথম পালা সকাল নয়টা থেকে শুরু হয়ে দুপুর সোয়া একটা পর্যন্ত চলে। আর দ্বিতীয় পালা চলে দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত। পড়ছে ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীরা। শিক্ষকেরা জানান, বিদ্যালয়ের ভবন দীর্ঘদিন সংস্কার হয়নি। বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পড়ে পানি। এতে শিক্ষার্থীর পড়ালেখায় ব্যাঘাত ঘটে। কোনো কোনো সময় ক্লাস না করেই বিদ্যালয় ছুটি দিয়ে দিতে হয়।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. কামাল পাশা বলেন, এলাকাবাসীর দেওয়া মুষ্টি চাল ও অনুদানে ১৯৯৩ সালে টিনের ছাউনি ও বেড়ার ঘরে বিদ্যালয়ের কার্যক্রম শুরু হয়। বিদ্যালয় ঘরটি এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। কিন্তু ভবন নির্মাণ করার সামর্থ্য বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেই। তাই সরকারের সহযোগিতা প্রয়োজন। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে বিদ্যালয়টি জাতীয়করণ করা যাচ্ছে না। এ ব্যাপারে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেও কোনো কাজ হয়নি।
বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সদস্য মুহাম্মদ হারুন বলেন, শিক্ষকদের প্রতি মাসে বেতন দিতে পারি না। কারণ, এ এলাকার মানুষ অভাব-অনটনে দিন কাটাচ্ছে। অনুদান হিসেবে পাওয়া সামান্য টাকায় বিদ্যালয়ের দাপ্তরিক খরচ মেটাতে হয় আগে। এরপর কিছু থাকলে শিক্ষকদের সম্মানি দেওয়া হয়। বিদ্যালয়ের শিক্ষার্থীরা জেএসসি পরীক্ষায় অংশ নিয়ে ভালো ফলাফল করছে। তবে বিদ্যালয়টিতে পরীক্ষাকেন্দ্র না থাকায় অনেক দূরের কেন্দ্রে গিয়ে পরীক্ষা দিতে হয় শিক্ষার্থীদের। গত বছর এই বিদ্যালয় থেকে ৪৫ জন জেএসসি পরীক্ষা দিয়ে ৪০ জনই উত্তীর্ণ হয়েছে। গত তিন বছরে বিদ্যালয়টির জেএসসি পরীক্ষায় পাসের হার ৮৫ ভাগ। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, ‘আমাদের পরীক্ষাকেন্দ্র উপজেলার নানুপুর আবু সোবহান উচ্চবিদ্যালয়ে। অনেক দূর পথ পাড়ি দিয়ে শিক্ষার্থীদের পক্ষে নানুপুর গিয়ে পরীক্ষা দেওয়া সত্যিই কঠিন। এতে অনেক সময় শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। কাছের কোনো বিদ্যালয়ে পরীক্ষাকেন্দ্র হলে ফলাফল আরও ভালো হতো।’
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বাবুল চন্দ্র নাথ বলেন, বিদ্যালয়টি একেবারে পিছিয়ে পড়া অঞ্চলে। ভবিষ্যতে বিদ্যালয়টিতে পরীক্ষাকেন্দ্র করার চিন্তাভাবনা রয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম বলেন, শিক্ষা অর্জনের অধিকার সব শিশু-কিশোরের আছে। তাই বিদ্যালয়টিতে সরকারিভাবে পর্যায়ক্রমে সহায়তা করা হবে।