ঘরের তিন দিকের বাঁশের বেড়া ভেঙে পড়ছে। জানালার পাল্লাও খুলে আসছে। পানি জমে স্যাঁতসেঁতে হয়ে আছে ঘরের মেঝে। নেই শৌচাগার ও পানির ব্যবস্থা। তবু এর মধ্যেই চলছে চিকিৎসাসেবা।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্রে গিয়ে সম্প্রতি এমন চিত্র দেখা গেছে। সাজেকের মাচালঙে অবস্থিত এই স্বাস্থ্যকেন্দ্রের চার কক্ষের দুটিতে বেসরকারি সংস্থা ব্র্যাক ম্যালেরিয়া কার্যক্রম পরিচালনা করে। বাকি দুটি কক্ষে চলছে স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসা কার্যক্রম। কেন্দ্রের কর্মরত চিকিৎসক ও ফার্মাসিস্টের জন্য বসার ব্যবস্থা করা হলেও দায়িত্বরত অন্য কর্মকর্তা-কর্মচারীরা বসারও সুযোগ পান না। সীমানাপ্রাচীর না থাকায় হাটবারে স্বাস্থ্যকেন্দ্রের জায়গায় পণ্য নিয়ে বসেন বিক্রেতারা। এ ছাড়া কেন্দ্র ঘেঁষেই গড়ে উঠেছে মাছ ও মাংসের দোকান।
বাঘাইছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ১৯৬৫ সালে মাচালং বাজার এলাকায় এক একর ২৫ শতক জমিতে টিনের ছাউনি দেওয়া বেড়ার ঘরে মাচালং উপস্বাস্থ্যকেন্দ্র যাত্রা শুরু করে। ১৯৯৮ সালে স্বাস্থ্যকেন্দ্রটি পুলিশ দখল করে নেয়। পাঁচ বছর পর ২০০৩ সালে আবার স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দেওয়া হয়। তার পর থেকে স্বাস্থ্যকেন্দ্রটি কোনো রকমে জোড়াতালি দিয়ে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে। স্বাস্থ্যকেন্দ্রটিতে একজন চিকিৎসক, একজন উপসহকারী কমিউনিটি চিকিৎসক, একজন ফার্মাসিস্ট, একজন অফিস সহকারী কর্মরত রয়েছেন।
সম্প্রতি পার্বত্য মন্ত্রণালয়ের সচিব নববিক্রম কিশোর ত্রিপুরা উপস্বাস্থ্যকেন্দ্রটি পরিদর্শন করে ভবন নির্মাণের আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে। বিষয়টি নিয়ে একাধিকবার দেনদরবার করেছেন সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা। তিনি বলেন, উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের জন্য সংশ্লিষ্ট সবাইকে লিখিত ও মৌখিকভাবে বলা হয়েছে। কিন্তু এখনো সাড়া মেলেনি। ৬০৭ বর্গমাইল আয়তনের সাজেক ইউনিয়নের অর্ধ লাখ মানুষ এই স্বাস্থ্যকেন্দ্রের ওপর নির্ভরশীল। কেন্দ্রের ৩৫ কিলোমিটারে মধ্যে আর কোনো হাসপাতাল কিংবা স্বাস্থ্যকেন্দ্র নেই।
উপস্বাস্থ্যকেন্দ্রের কমরত চিকিৎসক রাসেল চাকমা বলেন, এখানে চিকিৎসাসেবা দেওয়ার পরিবেশ নেই। সামান্য বৃষ্টি হলে টিনের ফুটো দিয়ে পানি পড়ে সব কক্ষ স্যাঁতসেঁতে হয়ে যায়। ঘরের খুঁটিগুলোও পুরোনো হয়ে গেছে। গত মে মাসে ডায়রিয়া প্রকোপ দেখা দেওয়ায় মাচালং বাজারের একটি ভবনের দুটি কক্ষ ভাড়া নিয়ে চিকিৎসাসেবা দেওয়া হয়। এ সময় পাঁচজন মারা যান বলে তিনি জানান।
ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সারোয়ার জামান বলেন, সাজেক উপস্বাস্থ্যকেন্দ্রের ভবন নির্মাণের জন্য স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও পার্বত্য মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে।