জীর্ণ ভবনের ওপরই গড়া হচ্ছে আরও একতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কারের অভাবে জীর্ণ হয়ে পড়া রামু উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মূল ভবনের ছাদের ওপর গড়ে তোলা হচ্ছে একাধিক নতুন কক্ষ (দোতলা)। এতে পুরো ভবনটি ধসে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন রোগী, অভিভাবক, চিকিৎসক ও সেবিকারা। কয়েকজন চিকিৎসক জানান, বর্তমানে হাসপাতালটি ৩১ শয্যা থেকে ৫০ শয্যায় উন্নীত করার কাজ চলছে। প্রায় ৩৫ বছরের পুরোনো জীর্ণ ভবনের ওপরে কক্ষ সমপ্রসারণ করে ১৯ শয্যা বাড়িয়ে ৫০ শয্যায় উন্নীত করা হবে। এ ছাড়াও নতুন তিনটি দোতলা বাসভবন, একটি জরুরি ও বহির্বিভাগ ভবন নির্মাণ করছে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর। হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রতন চৌধুরী জানান, ১৯৭৮ সালে ৩১ শয্যার এ হাসপাতাল চালু হয়। মূল ভবনসহ সব স্থাপনা তৈরি করা হয় ১৯৭৫-৭৬ সালে। কিন্তু দীর্ঘদিন সংস্কার না হওয়ায় এবং ১৯৯৭ সাল ও এরপরে একাধিক ভূমিকম্পের কারণে ভবনটি নিচে দেবে যায় এবং বিভিন্ন অংশে ফাটলের সৃষ্টি হয়। বর্তমানে বিভিন্ন সময় ছাদের পলেস্তারা খসে পড়ে দুর্ঘটনা ঘটছে। এ রকম ঝুঁকিপূর্ণ ভবনের ওপর নতুন ভবন নির্মাণ করায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক কর্মকর্তাও কাজ পরিদর্শনে এসে উদ্বেগ প্রকাশ করেন। সরেজমিনে দেখা যায়, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশে জোয়ারিয়ানালা চা-বাগান এলাকায় পাহাড়ের ওপর হাসপাতালটি অবস্থিত। পূর্ব-পশ্চিমে লম্বা মূল ভবনের নিচতলায় জরুরি ও বহির্বিভাগ এবং দোতলায় পুরুষ ও মহিলা ওয়ার্ডের কার্যক্রম চলছে। একই ভবনের সঙ্গে যুক্ত উত্তর পাশে একতলা ভবনটিও বেশ জীর্ণ। এ ভবনে আছে পরিবার পরিকল্পনা বিভাগের কার্যালয়, ল্যাব ও সম্মেলন কক্ষ। বর্তমানে জরাজীর্ণ একতলা এ ভবনের ওপরই তৈরি হচ্ছে বর্ধিত নতুন ভবন। বর্তমানে ভবনের ছাদসহ প্রায় ৭০ ভাগ কাজ শেষ হয়েছে। হাসপাতালের কয়েকজন কর্মচারী জানান, একতলা ওই ভবনের জলছাদ নষ্ট হওয়ায় বৃষ্টির পানি ঠেকাতে দুইবার সংস্কার করা হয়। এরকম দুর্বল ভবনের ওপর নতুন ভবন করায় কাজ শেষ হওয়ার আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দেয়। কয়েকজন সেবিকা জানান, কিছু দিন আগে দোতলায় তাঁদের কক্ষে ছাদের পলেস্তারা খসে পড়ে একটি বৈদ্যুতিক পাখা খুলে সেবিকা করুণা চৌধুরীর ওপর পড়ে। এতে তাঁর মুখ কেটে যায়। এরপর থেকে সবাই খুব আতঙ্কে আছেন। নতুন ভবনটি নিয়ে আরও বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন তাঁরা। হাসপাতালের এক চিকিৎসক জানান, একই সময়ে নির্মিত চিকিৎসক, সেবিকাদের তিনটি বাসভবন জরাজীর্ণ হয়ে বর্তমানে ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছে। এ ব্যাপারে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরকে জানানো হলে কর্মকর্তারা বিষয়টি সরেজমিনে তদন্ত করেও আজ পর্যন্ত পরিত্যক্ত ঘোষণা করেনি। এ অবস্থায় সরকারি নিয়ম অনুযায়ী বাসা ভাড়া পরিশোধ করেও চিকিৎসক ও সেবিকাদের অনেকেই বাইরে বাসা নিয়ে থাকছেন। আবার অনেকে বাধ্য হয়ে ঝুঁকিপূর্ণ ভবনেই আছেন। এ রকম ঝুঁকিপূর্ণ একটি ভবনের ওপর নতুন ভবন তৈরি করার বিষয়টি সবাইকে ভাবিয়ে তুলেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী মঞ্জুর হাছান ভূঁইয়া জানান, একটি পাকা ভবনের মেয়াদ কত বছর হবে তা নির্মাণ কাঠামোর ওপর নির্ভর করে। হাসপাতালের বর্তমান অবস্থা দেখে মনে হয় ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। এর ওপরে নতুন ভবন নির্মাণ না করে পুরোনো ভবনটিই ভেঙে ফেলা উচিত। নির্মাণকাজের তদারকি কর্মকর্তা ও কক্সবাজার স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপসহকারী প্রকৌশলী (এইচইডি) মো. মোর্শেদুল আলম প্রথম আলোকে বলেন, ‘ভবনটি পুরোনো হওয়াতে একটু বেশি ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। আসলে ততটা ঝুঁকিপূর্ণ নয়। সংস্কার করা হলে ঠিক হয়ে যাবে।’ তবে ফাটলের কথা স্বীকার করে তিনি বলেন, ‘ঠিকমতো কিউরিং না করার কারণে হয়তো ফাটল দেখা দিয়েছে।’