জু প্রজেক্ট
—তো, মি. রুশান। প্রজেক্টটা সম্পর্কে কিছু বলুন।—জু প্রজেক্টের কথা বলছ?—অবভিয়াসলি। শুধু আমাদের পত্রিকাই এ সম্পর্কে কিছুটা জানে। এই বিষয়ে বিস্তারিত তথ্য নিয়ে পত্রিকায় একটা ফিচার বের করব ভাবছি। সে জন্যই তো আসা।—আই সি।প্রচণ্ড গতিতে লিফটটা মাটির তলায় গড়ে ওঠা সুবিশাল পাতালঘরের দিকে ছুটছে। ভেতরে আবছা নীল আলোর ভেতর দাঁড়িয়ে আছেন বিজ্ঞানী রুশান রাইভানিকস। আর দুর্দান্ত সাংবাদিক আজার অ্যাজারাইভান। জনশ্রুতি আছে, ‘মাটির নিচের, আকাশে-মহাকাশের অথবা সমুদ্রতলের সন্দেশ, আজার জানায় সবিশেষ।’ সেই আজারই আজ ড. রুশানের সঙ্গে ‘জু প্রজেক্ট’ নিয়ে কথা বলতে এসেছেন।ড. রুশান একসময় ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের জৈব রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। সেখানকার কয়েকজন শিক্ষার্থী এবার নিখোঁজ হয়ে গেলে রুশানের ঘাড়েই এই দোষ পড়ে। পুলিশের চাপের মুখে তিনি স্বীকার করেন, জু প্রজেক্ট নামের এক প্রজেক্টে তাদের ব্যবহার করা হয়েছে। তারা জীবিতই আছে। বেশ কয়েক মাস পর এটা ধামাচাপা পড়ে যায়। ড. রুশান বরখাস্ত হন এবং তাঁর ১২ বছরের কারাদণ্ড হয়।জু প্রজেক্ট নিঃসন্দেহে তাঁর ক্যারিয়ারের জাজ্বল্যমান কলঙ্ক। আর সেটা নিয়েই প্রশ্ন করেছে আজার।—আসলে জু প্রজেক্টটা আমার অনেক দিনের স্বপ্ন ছিল। মানুষের বুদ্ধিমত্তা, দৈহিক ক্ষমতা, বিচার-বিশ্লেষণের ক্ষমতা—সবই ১০ গুণ করে দেওয়ার পরিকল্পনা ছিল এই প্রজেক্টে। কিন্তু...যা-ই হোক, এ বিষয়ে বিস্তারিত বলতে গেলে প্রথমে যে বিষয়টা বলতে হয়, বুঝলে আজার, সেটা হলো কৌতূহল।—২০০৫ সালের দিকে হঠাৎ আমার মাথায় আসে, ভিন গ্রহের অত্যন্ত বুদ্ধিমান প্রাণীরা ভূত-ভবিষ্যতে আমাদের আক্রমণ করলে আমরা আমাদের এই ১২০-৩০ আইকিউ দিয়ে তাদের মোকাবিলা করতে পারব না। কাজেই ঠিক করলাম, আইকিউ কৃত্রিম উপায়ে ৫০০-৬০০ করে দিলে কী হবে, দেখা যাক। নিঃসন্দেহে ছেলেমানুষি কৌতূহল। সব কথাই রেকর্ড হতে থাকল আজারের টেপরেকর্ডারে। লিফটের গতি ধীর হয়ে আসে। ঘট করে লিফট থেমে যায়। দরজা খুলে যায়। আজার বললেন, ‘ফলাফল?’—ফলাফল আর কী? ১২ বছর কারাবাস আর ক্যারিয়ারের সর্বনাশ, হা হা হা। কী ভেবে যেন ড. রুশানকে কেন খুশি খুশি দেখাল।—আর সেই তিন না চারজন ছাত্রছাত্রী, তারা?তারাই তো ছিল মূল গিনিপিগ। আসলে হয়েছে কি, আইকিউ বাড়ানো মানে তো প্রকৃতিকে বুড়ো আঙুল দেখানো। প্রকৃতিকে বুড়ো আঙুল দেখালে যা হয়, তা-ই হলো, ওরা কাঁচা মাংস খেতে আরম্ভ করল। সেই সঙ্গে বডি স্ট্যামিনা বেড়ে যায়।—ও। আর কিছু...।দুজন হাঁটতে হাঁটতে একটা ছোট দরজার সামনে এসে দাঁড়ায়। জায়গাটা গুমোট। মাটির নিচে অত্যন্ত সুচারুভাবেই অক্সিজেন পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।বাই দ্য ওয়ে, ড. রুশান, ওরা এখন কোথায়?ড. রুশান কিছুক্ষণ ভাবলেন। তারপর হাসি হাসি মুখে বললেন, ‘এই তো সামনের রুমে।’আজার সামনের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই একই সঙ্গে দুটি ঘটনা ঘটল। আজারের বুকের রক্ত ছলাৎ করে উঠল, আর তার পেছনের দরজাটা বন্ধ হয়ে গেল।ওয়্যারহাউসের মতো বড় রুম। উৎকট গন্ধে ভরপুর। তার ভেতরে সিলিং থেকে ঝুলে থাকা মাংসপিণ্ডকে ঘিরে চারটা বৃহদাকার প্রাণী ঝুলে আছে। প্রাণীগুলো দেখামাত্র...।‘আজার’ মাইক্রোফোনে ভেসে এল দরাজ গলা।‘জানি ভয় পেয়েছ। ভয়ের কিছু নেই। ৫০০ আইকিউর মানুষ কত আইকিউর মানুষ বানিয়ে ছাড়ে, সেটাই দেখা আমার উদ্দেশ্য। নাকি...। আজার, শুনতে পাচ্ছ?’শব্দগুলো হলঘরে প্রতিধ্বনিত হয়ে ফিরে এল। টেপরেকর্ডারটাও অন হয়ে চলতে থাকল খড় খড় করে।জুবায়ের আলম কুষ্টিয়া