জুঁইদণ্ডীর সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন, নদীগর্ভে দোকানপাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেষ পর্যন্ত বিচ্ছিন্ন হয়ে গেল আনোয়ারার সঙ্গে জুঁইদণ্ডী ইউনিয়েনের সড়ক যোগাযোগ। শঙ্খ নদের ভাঙনে ইউনিয়নের শাহ মোহছেন আউলিয়া সড়কের পাশাপাশি তলিয়ে গেছে লামার বাজার এলাকার ১০টি দোকান। হুমকির মুখে রয়েছে রয়েছে আরও শতাধিক ঘরবাড়ি। বাসিন্দাদের দিন কাটছে আতঙ্কে।
স্থানীয় লোকজন জানান, শঙ্খের ভাঙনে ৩ ও ৪ জুলাই জুঁইদণ্ডীর লামার বাজার এলাকার শাহ মোহছেন আউলিয়া সড়কটি বিলীন হয়ে যায়। ফলে, ইউনিয়নের দক্ষিণ জুঁইদণ্ডীর সঙ্গে আনোয়ারা সদর, চট্টগ্রাম শহর ও রুস্তমহাটের যোগাযোগ বন্ধ হয়ে গেছে। দুর্ভোগে পড়েছে ইউনিয়নের ওই অংশের ৩০ হাজারের বেশি মানুষ। একই সময়ে মুদি, ওষুধ, পান, দরজি ও চায়ের ১০টি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে। এদিকে লামার বাজার এলাকা দিয়ে বাঁশখালীর প্রেমাশিয়ার যেসব মানুষ যাতায়াত করত, তারাও বিপাকে পড়েছে।
তলিয়ে যাওয়া একটি চায়ের দোকানের মালিক লেদু মিয়া (৪৭) বলেন, ‘আগে শান্তির হাটে ব্যবসা করতাম। সেটি শঙ্খে তলিয়ে গেলে লামার বাজারে দোকান দিলাম, এখন সেটিও তলিয়ে গেল। কী করব বুঝতে পারছি না।’
জঁুইদণ্ডীর ৫ নম্বর ওয়ার্ডের ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য বদিউর রহমান বলেন, গত চার থেকে পাঁচ বছরে শঙ্খের ভাঙনের কবলে পড়ে ইউনিয়নের পাঁচ শতাধিক ঘর ভেঙে গেছে। নদীগর্ভে বিলীন হয়ে গেছে শান্তির হাট, আনোয়ারুল উলুম মাদ্রাসা, ফসলি জমিসহ মসজিদ ও কবরস্থান। এর পরও পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি।
সরেজমিনে দেখা গেছে, লামার বাজারের লোকজন শঙ্খের পাড় ধরে চলাচল করছে। একটু এদিক-ওদিক হলেই নদীতে পড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এভাবেই তারা উপজেলা সদরে আসছে। রিকশা পর্যন্ত চলাচল করতে পারছে না।
আবদুস সবুর (৪৮) নামের এক বাসিন্দা বলেন, বৃষ্টি হলেই নির্ঘুম রাত কাটে। কারণ, তখন ভাঙন তীব্র হয়। ফলে, রাত জেগে পাহারা দিতে হয়।
পাউবো সূত্র জানায়, ২০১১-১২ অর্থবছরে খুরু স্কুল গোদার গোড়ায় এক কোটি টাকা ব্যয়ে সিসি ব্ল­ক বসালেও আরও বড় অংশ অরক্ষিত থেকে যায়। তা ছাড়া লামার বাজার এলাকায় ভাঙন বাড়লেও সেখানে কোনো ব্ল­কই বসানো হয়নি। ফলে, সড়কটির ওই অংশ চলে গেল নদীগর্ভে।
জুঁইদণ্ডী ইউপি চেয়ারম্যান মোরশেদুর রহমান চৌধুরী বলেন, ১৪ জুলাই লামার বাজার প্লাবিত হলে পানিতে ডুবে মুন্নি আকতার (৫) নামের এক শিশু মারা গেছে। ভাঙনের বিষয়টি বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। কিন্তু এখনো কোনো কাজ হয়নি।
জানতে চাইলে পাউবোর উপসহকারী প্রকৌশলী মুজিবুর রহমান বলেন, লামার বাজার এলাকার ভাঙনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষেক জানিয়ে বরাদ্দ চাওয়া হয়েছে। আবহাওয়ার ভালো হলে ওই এলাকায় সংস্কার করা হবে।
উল্লেখ্য, আনোয়ারা উপজেলার রায়পুর ছাড়াও আরেকটি উপকূলীয় ইউনিয়ন জঁুইদণ্ডী। এটি ২০০৩ সালে বরুমচড়া ইউনিয়ন থেকে আলাদা হয়।
ইউনিয়নের একমাত্র শাহ মোহছেন আউলিয়া সড়ক দিয়েই স্থানীয় লোকজন উপজেলা সদর, বটতলী-রুস্তমহাট ও চট্টগ্রাম শহরের সঙ্গে যোগাযোগ করে।