
চিত্রশিল্পী সাইদুল হক জুইস। মুখোশ আর ভিজ্যুয়াল আর্ট দুনিয়ার মানুষ তিনি। হাস্যোজ্জ্বল এই শিল্পীর আছে বাগান করার শখ। চা বানাতে পছন্দ করেন।
রঙিন পৃথিবী আর প্রকৃতিকে নিজের ঘর-আবাস ভাবতে পছন্দ করেন। পৃথিবীর রং থেকে জীবনের সুর খোঁজেন, সন্ধান করেন আত্মাকে। তিনি চিত্রশিল্পী সাইদুল হক জুইস্। শৈশব থেকে রংতুলি নিয়ে তাঁর এগিয়ে চলা। পেশা আর নেশা—দুটি মিলেই জুইস্ একজন চিত্রশিল্পী। ‘বেকার’ আর ‘ছবি আঁকা শিখে যাচ্ছেন’—এমনটা বলে নিজের পরিচয় দিতে পছন্দ করেন জুইস্।
হাসতে খুব পছন্দ করেন। তাঁর হাসি দেখে বোঝা যায়, চোখ আর গোঁফ মানুষের হাসিকে কতটা শৈল্পিক করে তুলতে পারে। ঢাকার উত্তরার প্রায় সবুজে আচ্ছাদিত এক দালানে তাঁর বাস। দালানের সামনে থেকে শুরু করে ছাদ—পুরোটাই সবুজে মোড়া। বাসায় ঢুকলেই স্বাগত জানায় দেয়ালে ঝোলা একদল দেশজ রঙিন মুখোশ। বাসার বারান্দা হোক আর ছবি আঁকার জায়গা—সব দিকেই সবুজ আর সবুজ।

আমুদে আর বন্ধুবৎসল এই শিল্পী খুব সকালে ঘুম থেকে ওঠেন। প্রতিদিন অনেকটা সময় কাটান নিজেদের পোষা প্রাণী অর্ক, গুটলু আর স্যামসনের সঙ্গে। তিনজনেরই দারুণ সখ্য জুইসের সঙ্গে। ছাদের বাগানের সব গাছের সঙ্গেও সখ্য তাঁর। ছাদে কী নেই? লালশাক, ধুন্দুল থেকে বরইগাছ—দেশি জবা, লেবু হয়ে কেনিয়ার মরুভূমির ক্যাকটাসের সমারোহ তাঁর ছাদে। সাইদুল জানান, ‘আমার কাছে ২০ বছরের পুরোনো গাছও আছে। আগে যে বাসায় থাকতাম, সেখান থেকে একটা ভ্রমরও বর্তমান বাসায় আমার সঙ্গে চলে এসেছে। সবুজ আর প্রকৃতির মাঝেই আমাকে আমি খুঁজে নিই। তাদের নিয়েই সারাবেলা কোন দিক দিয়ে কেটে যায়, তা টেরই পাই না।’
সাধারণ হালকা রঙের পোশাকে স্বাচ্ছন্দ্যবোধ করেন। বিশেষ দিন আর উৎসবের রং মিলিয়ে পাঞ্জাবি-শার্ট গায়ে তুললেও সব সময় সাধারণ ফতুয়া ও ঢিলেঢালা পোশাকেই তাঁর আরাম। ছবি আঁকার বিরতিতে হাতের রং পোশাকে মুছতে বেশ ভালো লাগে তাঁর। শীতকালে বাড়ির ছাদের শামিয়ানার নিচে রাতভর আড্ডা দিতে খুব পছন্দ করেন তিনি।
নিজে চা বানাতে পছন্দ করেন। আর রাগ করলেই নাকি উদ্ভট এক কাজ করেন তিনি। স্ত্রী চিত্রশিল্পী ফারেহা জেবা বলেন, ‘যেদিন ও নিজে রান্না করে, সেদিন বোঝাই যায় ওর মেজাজ ভীষণ খারাপ।’ কোনো কিছুতে রাগ বা অভিমান করলেই নাকি রসুইঘরে পা রাখেন তিনি। রংতুলির বদলে হাতে তুলে নেন খুনতি-নুন। সালাদ বানাতে আনন্দ পান তিনি। বাড়ির ছাদে জন্মানো টমেটো আর পুদিনা দিয়ে রসালো সালাদ বানাতে তাঁর জুড়ি নেই।

স্ত্রীকে নিয়ে ঘুরতে ভালোবাসেন সাইদুল হক। ৩০ বছরের বেশি বন্ধুত্ব দুজনের। আড্ডা, ঘোরাঘুরি, খুনসুটি, মান-অভিমান—সব ভাগ করে নেন সমানভাবেই। জুইস্ পাহাড়-সমুদ্র দুটিই পছন্দ করেন। তবে সমুদ্রে পা ডোবানোর চেয়ে পাহাড়েই পা তুলতে আগ্রহ তাঁর। ভ্রমণে অনেক অর্থ ব্যয়ের চেয়ে অনেক অভিজ্ঞতা নেওয়াকে আনন্দ ভাবেন তিনি।
আশির দশকের ঢাকা, গল্পের আড্ডা আর বন্ধুদের খুব মিস করেন। সেই সময় দলবেঁধে নাটক দেখা, সিনেমা দেখা দারুণ মিস করেন তিনি। কৈশোরে পড়া সোভিয়েত যুগের বাংলা অনুবাদ পড়ার রোমাঞ্চ এখনো খুঁজে বেড়ান বইপত্রে। গানে আর মননে লালন সাঁইয়ের ভক্ত শিল্পী তিনি।
ছবি আঁকেন সব রকমের রং দিয়ে। তিনি বলেন, ‘আমি গতানুগতিক ধারায় ছবি আঁকতে পারি না। মুখোশ, কাঠ, কাগজ, কাপড়সহ নানান মাধ্যমে তুলি নিয়ে খেলি আমি।’ তিন মাত্রার ছবিতে যে দারুণ পারদর্শী, তা শিল্পীর ছবি আঁকার কক্ষ আর দালানের সিঁড়ি দেখলেই বোঝা যায়। হরেক রকম মুখোশ, তিন মাত্রার চিত্রের উপস্থাপনা দিয়ে চারপাশ রঙিন করে রেখেছেন তিনি। শিল্পী সাইদুল হক প্রত্যাশা করেন বোধশক্তিপূর্ণ মানুষের এক সমাজ। ক্ষুদ্র মানুষ যেন প্রকৃতির ওপর ভর করে হাজার বছর বেঁচে থাকার স্বপ্ন দেখা শিখতে পারে—জুইসের এটাই চাওয়া।