জুডোকন্যা বিভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিভারানী ত্রিপুরা (বাঁয়ে) এখন জুডো দলের কোচ।  ছবি: মাসুদ রানা
বিভারানী ত্রিপুরা (বাঁয়ে) এখন জুডো দলের কোচ। ছবি: মাসুদ রানা

দুর্গাপুর। নেত্রকোনার একটি উপজেলা। যোগাযোগব্যবস্থাও খুব একটা উন্নত ছিল না বছর কয়েক আগে। কে জানত, এই দুর্গাপুরের প্রত্যন্ত গ্রামের এক মেয়ে খেলাধুলায় নৈপুণ্য দেখিয়ে ভাঙা রাস্তা ডিঙিয়েই পৌঁছে যাবেন সাফল্যের দ্বারপ্রান্তে! সব বাধা পেরিয়ে তিনি জাতীয় জুডো দলের হয়ে অর্জন করেছেন জাতীয় পর্যায়ের সব রকম পুরস্কার। সেই দলের কোচ হয়েও ছড়াচ্ছেন আলো। তিনি বিভারানী ত্রিপুরা।
ছোটবেলায় গানের স্কুলে থাকতে খেলার প্রতি ঝোঁকটা টের পান। যেকোনো খেলায় অংশ নিলেই প্রথম হতেন। দৌড়ঝাঁপে ছিল সীমাহীন আগ্রহ।
১৯৮৫ সালে যোগ দেন বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনীতে। ক্রীড়াবিদ হিসেবে শুরু হয় আনুষ্ঠানিক পথচলা। বিভা বলেন, ‘পড়ালেখা করতে ইচ্ছে করত না। ভাবলাম, যেকোনো একটা কাজে ভালো করতে হবে। তাই খেলাধুলার দিকে মন দিলাম। আনসারে যোগ দেওয়ার পর নিজের প্রথম খেলাতেই চ্যাম্পিয়ন হলাম।’
তারপর পেছনে তাকাতে হয়নি একবারও। একের পর এক ধরা দিয়েছে সাফল্য। জাতীয় পর্যায়ের সব কটি টুর্নামেন্টেই স্বর্ণপদক জিতেছেন তিনি, জুডোতে পেয়েছেন জাতীয় পুরস্কার। অ্যাথলেটিকস আর ফুটবলেও অংশ নিয়েছেন, তবে ক্যারিয়ারজুড়েই ছিলেন জুডো দলের অধিনায়ক। অনেক সাফল্যের ভিড়ে একটাই অপূর্ণতা, নিজের কম উচ্চতার জন্য কখনো আন্তর্জাতিক পর্যায়ে খেলা হয়নি তাঁর।
১৯৯৩ সালে জাতীয় জুডো দলের কোচ হিসেবে দায়িত্ব পান তিনি। ২০০৪ সালে ভারতের লক্ষ্ণৌতে নিয়ে গেছেন দলকে। বিভারানী বলেন, ‘এখন অনেক ভালো আছি।’
পরিবার থেকে সব সময়ই সমর্থন পেয়েছেন দুই সন্তানের এই জননী। বিভার স্বামীও আনসারের খেলোয়াড় ছিলেন, তাই স্ত্রীকে পুরো উৎসাহ দিয়ে গেছেন। বিভারানীর স্বামী বর্তমানে আনসার ছেড়ে সোনালী ব্যাংকে কাজ করছেন। বিভা এখন স্বপ্ন দেখেন দুই সন্তান ও নতুন দলকে নিয়ে। সামনের দিনগুলোয় কোচ হিসেবে দলকে নতুন নতুন সাফল্যের দিকে নিয়ে যেতে চান।