জুতা চাই ব্যাগ চাই
২৪ মার্চ বিকেল থেকে ভিন্ন সাজে সেজেছিল গুলশান-২ নম্বরের পিংক সিটি শপিং কমপ্লেক্স। শপিং কমপ্লেক্সের মূল ফটকে দাঁড়িয়ে বোঝা গেল, বিশেষ কোনো আয়োজন চলছে এখানে। বিশেষত্বটা হলো, ফ্যাশন হাউস ‘এনা লা মোড’-এর (দ্বিতীয়) নতুন শাখার উদ্বোধন। ফ্যাশন জগতে সবার ঝোঁকটা একটু বেশিই থাকে পোশাকের দিকে। তবে অনেকেই ভুলে যান পছন্দের পোশাকের সঙ্গে কেমন জুতা আর ব্যাগ বেছে নেবেন। আবার অনেকেই হয়তো পছন্দমতো জুতা আর ব্যাগের জন্য বিদেশি পণ্যের ওপর নির্ভর করেন। আর সেসব ফ্যাশন সচেতন মানুষের কথা ভেবেই এনা লা মোড শুধু জুতা আর ব্যাগের বিশাল আয়োজন করেছে—এমনটাই জানা যায় স্বত্বাধিকারী ডিজাইনার আনিকা ওসমানের কথা থেকে। তিনি আরও বলেন, ‘এখানে যেসব পণ্য রয়েছে, সেগুলো তৈরির সব উপাদানও দেশি। ব্যাগের ক্ষেত্রে চামড়া, দেশীয় জামদানি, কাতান, বেনারসি, সুতি বাটিকের প্রাধান্য রেখেছি। এ ক্ষেত্রেও দেশীয় উপাদান ব্যবহার করা হয়েছে। ছেলেদের জন্যও এখানে রয়েছে জুতা।’ অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে নতুন শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি নারী উদ্যোক্তা এবং রূপ বিশেষজ্ঞ কানিজ আলমাস খান। তিনি বলেন, ‘ব্যাগ ও স্যান্ডেল নিয়ে এ ধরনের ফ্যাশন হাউসের ধারণা আমাদের দেশে কিছুটা নতুন এবং চমকপ্রদ।’ বিশেষ অতিথি ছিলেন উপস্থাপক শারমিন লাকী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল ফ্যাশন শো। র্যাম্প মডেলদের অংশগ্রহণে এনা লা মোডের তৈরি ব্যাগ আর জুতার সমন্বয়ে এই ফ্যাশন শো মুগ্ধ করে দর্শকদের। কেবল তৈরি করা জুতা বা ব্যাগ নয়, চাইলে ফরমায়েশ দিয়ে জুতা বা ব্যাগ বানিয়ে নিতে পারবেন এ দোকান থেকে।