জুতায় আরাম ও ফ্যাশন
পৃথিবীর সবচেয়ে প্রাচীন জুতা জোড়া পাওয়া গেছে যুক্তরাষ্ট্রের অরিগনে ১৯৩৮ সালে। পশুর নরম চামড়া দিয়ে তৈরি এ ধরনের জুতা ১০ হাজার বছর আগে আদিম মানুষজন পরতেন পা জোড়াকে রুক্ষ ভূমির আঘাত থেকে বাঁচাতে। জুতার ব্যবহারের শুরুতে আরামের ব্যাপারটাই ছিল মুখ্য। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে ফ্যাশনের বিষয়টিও যোগ হয়েছে। এ যুগের তরুণেরা জুতায় আরাম, ফ্যাশন দুটোই চান। ঈদে নতুন পোশাকের সঙ্গে মানানসই জুতা না হলে সাজসজ্জায় পরিপূর্ণতা আসে না। তাই নতুন জামা কেনার পর চলে পছন্দের জুতার খোঁজ।নগরের বিভিন্ন বিপণিবিতানে, জুতার দোকানে নতুন ডিজাইনের জুতা এসেছে রোজার শুরুতেই। এবার কোন ডিজাইনের জুতা তরুণ-তরুণীরা বেশি কিনছেন? নগরের আফমি প্লাজার দেশী দশের কর্মকর্তা আবুল হাসনাত এই প্রশ্নের উত্তরে জানালেন, ‘এবার ছেলেরা পাঞ্জাবি ও জিনস প্যান্টের সঙ্গে পরার জন্য কোলাপুরি ও দুই ফিতার স্যান্ডেল, কনভার্স, স্নিকার এবং মেয়েরা সেমি ফ্ল্যাট হিল স্যান্ডেল পছন্দ করছেন।’নগরের নিউমার্কেট, তামাকুমন্ডি লেন, সেন্ট্রাল প্লাজা, সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেটসহ বিভিন্ন বিপণিবিতানে নতুন ডিজাইনের জুতা, স্যান্ডেল এসেছে ঈদ উপলক্ষে। প্রতি বছর ১৫ রোজার পর জুতার কেনাকাটা জমে উঠলেও এবার রোজার প্রথম সপ্তাহেই ক্রেতারা ভিড় করছেন বলে জানালেন সানমার ওশান সিটির বাটা শোরুমের বিক্রয়কর্মী রাজন বিশ্বাস। বাটার শোরুমে এবার ঈদ উপলক্ষে হাস, পাপিস, স্কল ও নাইকির মতো ব্র্যান্ডের জুতার সঙ্গে র্যাকে উঠেছে প্রায় ৭০০ নতুন ডিজাইনের জুতা। সেখানে কথা হলো বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র আতিক উদ্দীন আহমেদের সঙ্গে। তিনি জানালেন, ঈদের জন্য দুই ফিতার স্যান্ডেল ও কনভার্স কিনেছেন। জিনসের সঙ্গে পরার জন্য কনভার্স ও স্নিকারই পছন্দ করছেন এখনকার তরুণেরা।আড়ং ষোলশহর শাখায় ঈদ উপলক্ষে বেশ কিছু নতুন ডিজাইনের স্যান্ডেল ও জুতা এসেছে। র্যাকে শোভা পাচ্ছে ছেলেদের নাগরা, কোলাপুরি স্যান্ডেল, স্যান্ডেল সু, ক্যাজুয়াল ও পার্টি সু এবং মেয়েদের পেন্সিল, ফ্ল্যাট, সেমি-ফ্ল্যাট হিল ও স্লিপার। ঈদে ফ্ল্যাট হিলের স্যান্ডেলই পছন্দ এ বছর এইচএসসি পাস করা আনিকা তাবাসসুমের। বললেন, ‘ফ্ল্যাট হিল যেকোনো জামার সঙ্গে মানানসই। আজকাল সবাই পরছে, তা ছাড়া ফ্ল্যাট হিলের জুতার মধ্যে ডিজাইনের বৈচিত্র্য বেশি।’ নিউমার্কেটে অ্যাপেক্স শোরুমে খোঁজ নিয়ে জানা গেল, এবার ছেলেদের ভেনচুরিনি ও মেয়েদের মুচি ব্র্যান্ডের স্যান্ডেল বেশি চলছে। দুই বেল্টের স্যান্ডেলই এবার ছেলেরা বেশি কিনছে। সেন্ট্রাল প্লাজার ওফেলিয়ায় মেয়েদের ৩০০ নতুন ডিজাইনের জুতা এসেছে। পাওয়া যাচ্ছে পেন্সিল হিল, স্লিপার, ফ্ল্যাট ও সেমিফ্ল্যাট হিল। এবার কি দাম একটু বেশি? নিউমার্কেটের ডাটাবাজারের ব্যবস্থাপক মো. আজিজ জানান, ‘গতবারের তুলনায় এবার জুতার দাম ১৫ থেকে ২০ ভাগ বেড়েছে। আমদানি শুল্ক ও কাঁচামালের দাম বাড়ায় জুতার দাম বেশি।’ নিউমার্কেটের সু হাউসে ছেলেদের স্যান্ডেল বিক্রি হচ্ছে ৫৫০ থেকে দুই হাজার ২৫০ টাকায়। কেডস এক হাজার ২০০ থেকে এক হাজার ৮০০ টাকা। বাটা বাজার ও অ্যাপেক্সে ছেলেদের স্যান্ডেলের সর্বনিম্ন দাম ৫৯০ থেকে ৬০০ টাকা। আছে বেশি দামের স্যান্ডেল-জুতাও। মেয়েদের জুতার সর্বনিম্ন দাম ৪০০ থেকে ৫০০ টাকা। স্বল্প আয়ের ক্রেতারাও চান ঈদে নিজের ও প্রিয়জনের জন্য নতুন জুতা। রিয়াজউদ্দিন বাজারসংলগ্ন ফুটপাতেও পাওয়া যাচ্ছে নতুন ডিজাইনের জুতা-স্যান্ডেল। ২০০-৫০০ টাকার মধ্যে মিলছে আকর্ষণীয় দেশি-বিদেশি ব্র্যান্ডের জুতা।