জুতায় খুলছে মিজানুরের ভবিষ্যৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এই জুতার কারখানায় ২০১২ সালে ৪৭২ জন শ্রমিক নিয়ে উৎপাদন শুরু। এখন শ্রমিকের সংখ্যা দেড় হাজার। প্রতিদিন এখানে আট হাজার জোড়া জুতা তৈরি হচ্ছে lছবি:প্রথম আলো
এই জুতার কারখানায় ২০১২ সালে ৪৭২ জন শ্রমিক নিয়ে উৎপাদন শুরু। এখন শ্রমিকের সংখ্যা দেড় হাজার। প্রতিদিন এখানে আট হাজার জোড়া জুতা তৈরি হচ্ছে lছবি:প্রথম আলো

মো. মিজানুর রহমান ছাত্রাবস্থায় চাকরির বাইরে কিছু করার তাগিদ উপলব্ধি করেন। তাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়ে তিনি যুক্ত হন ব্যবসার সঙ্গে। ১৯৯৭ সালে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি নেন। আর তখন থেকে খুঁজতে থাকেন সফল উদ্যোগের পথ। অভিজ্ঞতা অর্জনের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে থেকে কাজ করতে থাকেন।
কাজ করার মাধ্যমে জানতে পারেন, বাংলাদেশের জুতার কদর রয়েছে বিশ্বের উন্নত দেশগুলোতে। তখন থেকে জুতার কারখানা প্রতিষ্ঠার চেষ্টা ছিল তাঁর। ২০০৮ সালে বরিশাল বিসিক শিল্পনগরে প্লট বরাদ্দ নেন। ২০১১ সালে সেখানে প্রতিষ্ঠা করেন ফরচুন নামে জুতার কারখানা। ২০১২ সালে ৪৭২ জন শ্রমিক নিয়ে উৎপাদন শুরু। এখন শ্রমিকের সংখ্যা দেড় হাজার। তাঁদের পরিবহনের জন্য রয়েছে ছয়টি বাস।
মিজানুর রহমান বলেন, ‘কোনো কিছু প্রতিষ্ঠার আনন্দই আলাদা। তার চেয়েও বেশি আনন্দ, কারখানার মাধ্যমে এই অঞ্চলের অনেক বেকার মানুষের কর্মসংস্থান করে দিতে পেরেছি আমি, যাঁরা সর্বনিম্ন ৭ থেকে ২০ হাজার টাকা পর্যন্ত আয় করেন। ভবিষ্যতে এ প্রচেষ্টা আরও বাড়বে।’ সরেজমিনে দেখা যায়, কারখানায় নারী-পুরুষ একসঙ্গে কাজ করছেন। কর্মপরিবেশ শ্রমিকবান্ধব। কারখানার উৎপাদন বিভাগ জানায়, দুই হাজার জোড়া জুতা উৎপাদন দিয়ে যাত্রা শুরু হলেও বর্তমানে প্রতিদিন আট হাজার জোড়া জুতা তৈরি হচ্ছে। সব জুতাই রপ্তানি হচ্ছে জার্মানি, হল্যান্ড, যুক্তরাষ্ট্র, স্পেন, ইতালি ও তুরস্কে। আগামী জুনের মধ্যে দিনে ১০ হাজার জোড়া জুতা উৎপাদিত হবে বলে জানা গেছে। কারখানা প্রতিষ্ঠার সম্ভাবনা ও সমস্যা সম্পর্কে মিজানুর রহমান জানান, বাংলাদেশে পোশাকশিল্পের পরই বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম খাত জুতাশিল্প। বড় উদ্যোক্তারা শিল্প গড়ার ক্ষেত্রে ঢাকা ও চট্টগ্রামকে বেছে নেন। তাঁরা সহজে বন্দর থেকে রপ্তানির সুযোগ পান। তবে ঢাকা ও চট্টগ্রামে শ্রমিকসংকটের আশঙ্কা থাকায় বরিশালে কারখানা স্থাপন করেছেন তিনি। রপ্তানির জন্য বরিশাল থেকে পণ্য পরিবহনে কিছুটা সমস্যা হচ্ছে। যোগাযোগব্যবস্থার উন্নয়ন ঘটলে এবং ইপিজেড প্রতিষ্ঠা হলে দক্ষিণাঞ্চলে এ সমস্যা থাকবে না বলে তিনি মনে করেন।
মিজানুর রহমান বলেন, ‘শুরুতে কয়েক লাখ টাকার মূলধন ছিল। এর সঙ্গে ছিল ব্যাংকের সহযোগিতা। ভবিষ্যতে চামড়ার জুতা তৈরির পরিকল্পনা রয়েছে। এই শিল্পে সম্ভাবনা রয়েছে। উদ্যোক্তারা এই শিল্পের প্রতি আগ্রহী হতে পারেন।’