
‘আয় বৃষ্টি ঝেপে ধান দেবো মেপে...’ ছড়াটি নিশ্চয় ছোটবেলায় পড়েছেন! কিন্তু বৃষ্টি নামার পর কেউ ধান মাপতে গেছেন এমন গল্প হয়তো শোনেনি। তবে যুক্তরাষ্ট্রের ড্যান ফিলিপসের কথা একটু আলাদা করেই বলতে হয়। তিনিও তাঁর ছোটবেলায় পড়েছিলেন একটি জনপ্রিয় শিশুতোষ ছড়া। যেখানে বলা হচ্ছে, ‘দেয়ার ওয়াজ অ্যান ওল্ড উইমেন হু লিভড ইন অ্যা সু’। জুতোয় বাস করা সেই বুড়ি খুব দাগ কেটেছিলেন ফিলিপসের শিশুমনে। তখনই এমন একটা জুতোঘরে বসবাসের স্বপ্ন দেখতে শুরু করেন ফিলিপস।

তবে স্বপ্ন দেখেই শুধু ক্ষান্ত হননি তিনি। চিত্রশিল্পী ড্যান ফিলিপস সেই স্বপ্নকে বাস্তবায়ন করেছেন। নিজের শহর টেক্সাসের হিউস্টেন গড়ে তুলেছেন কাঠ ও কর্কের অদ্ভুত এক ‘কাউবয় জুতা’ বাড়ি। তবে জুতো ভেবে বাড়ির আকার নিয়ে ভয় পাবেন না! কারণ, ফিলিপসের বানানো বাড়িটির আকার যে ৭১১ বর্গফুট, যেখানে রয়েছে আধুনিক সব সুযোগ-সুবিধা।
এ ছাড়া জুতাসদৃশ অংশের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে মূল ঘর। যেখানে রয়েছে দুটি থাকার কক্ষ, রান্নাঘর, প্রসাধন কক্ষ। সে বাড়ি তৈরিতে ব্যবহার করা হয়েছে কাঠ, কর্ক, পুরোনো সিডি এমনকি পুরোনো ছবির ফ্রেমও।
ফিলিপস নিজে যেমন থাকছেন, সেটা আবার উন্মুক্ত করেছেন সাধারণ মানুষের জন্যও। তবে এ বাড়িতে এক মাস থাকতে আপনাকে গুনতে হবে মাত্র এক হাজার পাউন্ড!
সূত্র: মিরর