জুনিয়র কমিশন্ড অফিসার পদে নিয়োগ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীতে সেনা শিক্ষা কোরে (পুরুষ) জুনিয়র কমিশন্ড অফিসার (ওয়ারেন্ট অফিসার) হিসেবে সরাসরি নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে সম্প্রতি পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে ২৩ জানুয়ারির মধ্যে।
আবেদনের যোগ্যতা: প্রার্থীকে বিএ/বিএসসি/বিকম (শিক্ষা প্রশিক্ষণে ডিগ্রি/ডিপ্লোমা এবং শিক্ষকতার অভিজ্ঞতা অতিরিক্ত যোগ্যতা বলে বিবেচিত হবে) পাস হতে হবে। স্নাতক ডিগ্রিধারী অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ ২.০ এবং এসএসসি ও এইচএসসি অথবা সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০ থাকতে হবে। বয়স ১৫ মে ২০১৬ তারিখে ২০ থেকে ২৮ বছর এবং প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে। বয়সের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য হবে না। শারীরিক যোগ্যতার ক্ষেত্রে উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং ওজন ৪৯ দশমিক ৯০ কেজি হতে হবে। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি থাকতে হবে। সরকারি চাকরি থেকে বরখাস্ত, ফৌজদারি মামলায় দণ্ডপ্রাপ্ত ও শিক্ষাগত বিফলতা ছাড়া অন্য কোনো কারণে কোনো সামরিক প্রতিষ্ঠান থেকে প্রত্যাহারকৃতরা আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন না।
আবেদন-প্রক্রিয়া: আবেদন করতে হবে অনলাইনে। প্রার্থীদের www.joinbangladesharmy.mil.bd অথবা http://army.teletalk.com.bd এই ওয়েবসাইটে ঢুকে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণ করার পর প্রার্থীকে টেলিটকের প্রি-পেইড মোবাইল থেকে ওয়েবসাইটের INSTRUCTION-এ বর্ণিত পদ্ধতি অনুযায়ী ১৬২২২ নম্বরে এসএমএস করে ৫০০ টাকা আবেদন ফি জমা দিতে হবে। আবেদন ফি জমা দেওয়ার পর আবেদনপত্র কোনোভাবেই পরিবর্তন করা যাবে না। আবেদন ফি জমা দেওয়ার পর প্রাপ্ত ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওই ওয়েবসাইটে লগইন করতে হবে। সফলভাবে লগইন করার পর প্রার্থী প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য একটি প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। অনলাইনে পূরণ করা আবেদনপত্রের সঙ্গে ছয় কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ ও মার্কশিটের ফটোকপি, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও প্রাথমিক নির্বাচনী পরীক্ষার প্রবেশপত্র ইত্যাদি কাগজপত্র প্রাথমিক নির্বাচনী পর্ষদের কাছে জমা দিতে হবে। প্রার্থীদের প্রাথমিক নির্বাচনী পরীক্ষার জন্য অনলাইনে পূরণ করা আবেদনপত্রসহ পত্রিকায় প্রকাশিত বিজ্ঞপ্তিতে উল্লিখিত এলাকাভিত্তিক নিজ জেলার পাশে বর্ণিত নির্বাচনী পর্ষদ/এরিয়া সদর দপ্তরসমূহে নির্দিষ্ট তারিখে উপস্থিত থাকতে হবে।
নিয়োগ-প্রক্রিয়া: প্রাথমিক নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নির্বাচনী পর্ষদের কাছ থেকে পর্ষদ সভাপতির স্বাক্ষরসংবলিত লিখিত পরীক্ষার প্রবেশপত্র সংগ্রহ করতে হবে। প্রবেশপত্র ছাড়া কেউ লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। উত্তীর্ণ প্রার্থীদের আগামী ২৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল ৯টায় শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজ, ঢাকা সেনানিবাসে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রার্থীদের পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে উপস্থিত হতে হবে। লিখিত পরীক্ষার ফলাফল আগামী ২৫ মার্চ বাংলাদেশ সেনাবাহিনীর ওয়েবসাইটে (http//www.army.mil.bd) প্রকাশ করা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের চূড়ান্ত ডাক্তারি পরীক্ষা ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এসব পরীক্ষার তারিখ এসএমএসের মাধ্যমে প্রার্থীদের জানানো হবে।
সুবিধাদি: নিয়োগপ্রাপ্তরা নির্ধারিত স্কেলে বেতন, ভাতা, পেনশনসহ বিনা মূল্যে আহার, বাসস্থান, সরকারি পোশাক-পরিচ্ছদ, পরিবারবর্গের জন্য বিনা মূল্যে চিকিৎসা, ভর্তুকি মূল্যে রেশন, সেনাবাহিনীর অভ্যন্তরীণ শিক্ষাপ্রতিষ্ঠানে সন্তানদের লেখাপড়ার সুযোগ, নীতিমালা অনুযায়ী জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে যোগদান করে বিদেশ ভ্রমণের সুযোগ পাবেন।